
নিজস্ব প্রতিবেদক
ছাত্রজনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার পুনর্বিচারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইনে একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো বিধান নেই। তাই সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটর কেউই আইনের বাইরে গিয়ে পুনর্বিচারের সুযোগ দিতে পারবেন না।
গতকাল বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আপিল কিংবা পুনর্বিচারের সুযোগ দেয়ার পক্ষে অবস্থান নিয়েছে ভারত সরকার।
এ বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের বিদ্যমান আইনকাঠামোয় পুনর্বিচারের কোনো সুযোগ নেই। যেসব দেশে এমন বিধান নেই, সেসব দেশের অন্য দেশকে এ ধরনের পরামর্শ দেয়া উচিত নয়।
চিফ প্রসিকিউটর বলেন, একই অপরাধে একবার বিচার সম্পন্ন হওয়ার পর আবার বিচার করাকে ‘ডিনেবো ট্রায়াল’ (পুনর্বিচার) বলা হয়। একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এ ধরনের বিধান ছিল। তবে বর্তমানে তিন দেশের বিচারব্যবস্থায় এ বিধান কার্যকর নেই বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে ভারতের বিচারব্যবস্থা থেকে এটি বাতিল করা হয়েছে।
তিনি বলেন, ‘ডিনেবো ট্রায়ালের বিধান ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও ছিল। ভারতীয় বিচারব্যবস্থা থেকে সেই বিধান বাতিল করা হয়েছে। একইভাবে আমাদের দেশেও এটি রহিত করা হয়েছে। পাকিস্তানেও নেই। এখন যে দেশে তারা এই চর্চা করে না, তারা আরেক দেশকে ডিনেবো ট্রায়ালের জন্য কীভাবে পরামর্শ দেয়? আমাদের এখানে ডিনেবো ট্রায়ালের কোনো পদ্ধতি নেই। তবে আপিলের বিধান আছে।
ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে আমিনুল ইসলাম বলেন, শুরু থেকেই দেশটি শেখ হাসিনার বিরুদ্ধে চলা বিচারপ্রক্রিয়া সম্পর্কে অবগত ছিল। বিচার চলাকালে শেখ হাসিনা ভারতেই অবস্থান করছিলেন। তখন তাকে বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়ার পরামর্শ দেয়া হয়নি কেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘তখন তাদের এই অতিথিকে কেন পরামর্শ করলেন না যে আপনি বাংলাদেশে যান, গিয়ে বিচারটা মোকাবেলা করেন। অথবা কেন বললেন না যে আপনি সময়মতো গিয়ে আপিল করেন। তা না করে আপিলের সময় পার করলেন, বিচারের সময় পার করলেন। এখন এসে আবার আমাদের পরামর্শ করছেন যে আপনি ডিনেবো ট্রায়াল (পুনর্বিচার) করেন।’
ভারতের এ ধরনের বক্তব্যকে উদ্ভট আখ্যা দিয়ে তিনি বলেন, একই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার কোনো আইনগত সুযোগ নেই। তাই এ ধরনের পরামর্শ বাংলাদেশ প্রত্যাখ্যান করে।
শেখ হাসিনাকে তার বিরুদ্ধে দেয়া রায়ের পর আপিলের সুযোগ দেয়ার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, এটি সম্পূর্ণ আইনের বিষয়। সরকার কিংবা প্রসিকিউশনের কারো ইচ্ছায় আপিলের সুযোগ তৈরি করা সম্ভব নয়। আইনে যতটুকু সুযোগ রয়েছে, সেটিই অনুসরণ করতে হবে।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রণয়ন করেছিল। ২০১০ সালে একই সরকারের আমলে এ আইনের অধীনে বিচার কার্যক্রম পরিচালনার বিধিমালাও তৈরি করা হয়। ২০২৪ সালের আগ পর্যন্ত ট্রাইব্যুনালের কার্যক্রম এই আইন ও বিধিমালা অনুসারেই পরিচালিত হয়েছে।
আমিনুল ইসলাম বলেন, বর্তমান সরকার আপিল-সংক্রান্ত কোনো বিধান পরিবর্তন করেনি। বিদ্যমান আইন অনুসারেই বিচার কার্যক্রম চলছে। আইনে আপিলের যে সুযোগ রয়েছে, সেটিই কার্যকর হবে। এর বাইরে কাউকে আপিলের সুযোগ দেয়ার এখতিয়ার সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের নেই।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ায় তার অনুপস্থিতিতেই এ মামলার বিচার সম্পন্ন হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








