রাজনীতিতে আসার আগে যোগ্য নাগরিক হতে হবে
রাজনীতিতে আসার আগে যোগ্য নাগরিক হতে হবে।

 নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তিনি। রোববার জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সংসদ অধিবেশনের বিরতিতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। 
সাক্ষাৎকালে শিক্ষার্থীদের তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমত, নিজেদের বাড়ি, শহর ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। দ্বিতীয়ত, বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। তৃতীয়ত, পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করতে হবে।
জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের মধ্যে ছিলেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণীর ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দু’জন শিক্ষক এই পরিদর্শনে অংশ নেন।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে তারা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সরাসরি সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনেও অংশ নেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।