নিপাহ ভাইরাস ও শীতকালীন সতর্কবার্তা
চিঠি পত্র।


শীতকাল এলেই গ্রামবাংলায় খেজুরের রস পানের ধুম পড়ে। ভোরে গাছ থেকে নামানো হয় তাজা রস যা অনেকের কাছে শীতের অন্যতম আকর্ষণ; কিন্তু এই আনন্দের সাথে জড়িয়ে আছে নিপাহ ভাইরাসের ঝুঁকি। সামান্য অসচেতনতা ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ।
নিপাহ একটি প্রাণিবাহিত ভাইরাস, যার প্রধান প্রাকৃতিক বাহক ফলখেকো বাদুড়। বাদুড়ের লালা বা মূত্রের মাধ্যমে খেজুরের রস দূষিত হলে তা পান করে মানুষ আক্রান্ত হতে পারে। এ ছাড়া দূষিত ফল এবং আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শ থেকেও সংক্রমণ ছড়াতে পারে।
নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, মাথাব্যথা, বমি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর অবস্থায় মস্তিষ্কে প্রদাহ, খিঁচুনি এমনকি মৃত্যুও হতে পারে। এ ভাইরাসের নির্দিষ্ট কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা নেই। তাই প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায়।
এ ঝুঁকি এড়াতে কাঁচা খেজুরের রস পান করা থেকে বিরত থাকতে হবে। রস পান করতে হলে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফল পরিষ্কার পানিতে ধুয়ে খেতে হবে এবং বাদুড়ে খাওয়া ফল এড়িয়ে চলতে হবে। কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
শীতের ঐতিহ্য ও আনন্দ উপভোগ করতে গিয়ে জীবনকে ঝুঁকিতে ফেলা উচিত নয়। ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতাই পারে নিপাহ ভাইরাসের ঝুঁকি কমাতে। তাই আসুন, কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকি এবং নিরাপদ জীবন নিশ্চিত করি।
ছামিউল চৌধুরী
শিক্ষার্থী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Advertisement