হামের উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮ আক্রান্ত ১৫৭২ জন

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

দেশে হামের উপসর্গে শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জনই মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া একজন করে মারা গেছে চট্টগ্রাম ও খুলনা বিভাগে। আর নতুন করে হাম ও উপসর্গে মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৭২ জন। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে মোট আক্রান্তদের মধ্যে এক হাজার ৪১৪ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ১৫৮ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৯২ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৯৯ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ৩১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ২০৯ জন। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ ৪৮ হাজার ৬০ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২৫ হাজার ২৬৯ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৭৩ হাজার ৩২৯ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২১ হাজার ৫৩৯ জন, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন দুই লাখ ১২ হাজার ৪০২ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৬৫৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১৭, চট্টগ্রামে ১৩১, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৯৫, বরিশালে ৮৯, খুলনায় ৫৮ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
সিলেট বিভাগে নতুন ভর্তি ১৭৭
সিলেট ব্যুরো জানান, এই বিভাগে হামে টানা কয়েক দিন মৃত্যুর অবশেষে মৃত্যুহীন একদিন পার হয়েছে গতকাল। তবে এতেও জনমনে মিলছে না স্বস্তি। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে হাম শনাক্ত হয়েছে ৩২ জনের এবং উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৭৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮৩ জন। গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।