
অর্থনৈতিক প্রতিবেদক
সপ্তাহের প্রথম কর্মদিবসটি সূচকের উন্নতিতেই পার করেছে দেশের দুই পুঁজিবাজার। তবে ঢাকা শেয়ারবাজারে সবগুলো সূচকের উন্নতি হলেও লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের বেশির ভাগই দরপতনের শিকার ছিল। এ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয় যার মধ্যে ১৩৩টির মূল্যবৃদ্ধির বিপরীতে দর হারায় ২১০টি। দর অপরিবর্তিত ছিল ৩৭টির।
বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, এ দিন বাজারের সবচেয়ে তিনটি বড় খাত বীমা, টেক্সটাইল ও ওষুধ ও রসায়ন খাতের বেশির ভাগ কোম্পানি দরপতনের শিকার হয়। এতে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানি উঠে আসে পতনের তালিকায়।
গতকাল ঢাকা শেয়ারবাজারে প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৬৫ পয়েন্ট উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। পাঁচ হাজার ৪৪৪ দশমিক ৯০ পয়েন্ট থেকে রোববার সকালে লেনদেন শুরু করা সূচকটি লেনদেন শেষে পৌঁছে যায় পাঁচ হাজার ৪৬০ দশমিক ৫৬ পয়েন্টে। একই সময় বাজারটির দুই বিশেষায়িত সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ’র উন্নতি ঘটে যথাক্রমে ১৮ দশমিক ৭১ ও ৭ দশমিক ৫৫ পয়েন্ট। অপর দিকে দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই গতকাল ৫০ দশমিক ৫৫ পয়েন্ট উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। ১৪ হাজার ৫৬১ দশমিক ৯৬ পয়েন্ট থেকে যাত্রা করা সূচকটি লেনদেন শেষে স্থির হয় ১৪ হাজার ৬১২ দশমিক ৫৩ পয়েন্টে। এ সময় বাজারটির দুই বিশেষায়িত সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্সন সূচকের উন্নতি রেকর্ড করা হয় যথাক্রমে ১০৮ দশমিক ৬১ ও ২৫ দশমিক ৮৮ পয়েন্ট।
সূচকের পাশাপাশি ঢাকা স্টকে গতকাল লেনদেনেরও উন্নতি ঘটে। বাজারটি গতকাল ৭৩৯ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে যা আগের দিন অপেক্ষা ৪০ কোটি টাকা বেশি। গত বৃহস্পতিবার ডিএসইর লেনদেন ছিল ৬৯৯ কোটি টাকা। তবে লেনদেন হ্রাস পেয়েছে চট্টগ্রাম শেয়ারবাজারে। এখানে ১১ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি হয় যা আগের দিন অপেক্ষা আট কোটি টাকা কম। বৃহস্পতিবার সিএসইর লেনদেন ছিল ১৯ কোটি টাকা।
গতকাল সকাল থেকেই দুই বাজার সূচক ছিল ঊর্ধ্বমুখী। লেনদেন শুরুর ১৫ মিনিটের মাথায় প্রথম বিক্রয়চাপ সৃষ্টি হলেও দ্রুতই তা কাটিয়ে ওঠে বাজারগুলো। দিনের বাকি সময় বাজারগুলো বরাবরই সূচকের কমবেশি উন্নতি ধরে রাখে। এ সময় ইতোপূর্বে লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলোর রেকর্ড পূর্ববর্তী স্পট লেনদেন চলছিল। এতে রেকর্ড পূর্ব স্পটে বেশ কয়েকটি কোম্পানির মূল্যবৃদ্ধি ঘটতে দেখা যায়। একই সময় কয়েকটি কোম্পানির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ভালো ছিল। পাশাপাশি গ্রামীণ ফোনসহ মূলধনসমৃদ্ধ কিছু কোম্পানির মূল্যবৃদ্ধি সূচককে এগিয়ে রাখতে সহায়ক ভূমিকা পালন করে। আর সপ্তাহের শুরুর এ বাজার আচরণ বিনিয়োগকারীদেরও কিছুটা আশার আলো দেখায়।
এ দিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বোর্ড কোম্পানির সম্পূর্ণ মালিকানাধীন একটি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। গত ১২ নভেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত বোর্ড সভায় ‘বেক্সিমকো ফার্মা নিউট্রাসিউটিক্যালস লিমিটেড’ নামে নতুন কোম্পানি গঠনের এই সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানিটি ভেষজ ওষুধ উৎপাদন ও বিপণনের কাজ করবে। বেক্সিমকো ফার্মার পণ্যের পরিধি বৈচিত্র্যময় করা এবং স্বাস্থ্যসেবা বাজারে উপস্থিতি বাড়ানোর কৌশলের অংশ হিসেবে এটি করা হচ্ছে।
প্রস্তাবিত কোম্পানিটির অনুমোদিত মূলধন হবে ১০০ কোটি টাকা, যা প্রতিটি ১০ টাকা মূল্যের ১০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে। প্রাথমিক পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা, যা সম্পূর্ণ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি নেবে। কোম্পানি গঠন ও কার্যক্রম শুরু প্রয়োজনীয় বিধিবদ্ধ ও নিয়ন্ত্রক অনুমোদন পাওয়া সাপেক্ষে হবে। এই উদ্যোগের ফলে কোম্পানির আর্থিক কর্মক্ষমতায় তাৎক্ষণিক বা মধ্যমেয়াদে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না বলে কোম্পানি মনে করছে।
অপর দিকে, শেয়ারবাজারে তালিকাভুক্ত আরেক কোম্পানি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির (এসিআই) পরিচালনা পর্ষদ নতুন একটি সাবসিডিয়ারি বা সহযোগী কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে। ‘এসিআই আপন সার্ভিসেস লিমিটেড’ নামে নতুন কোম্পানিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এসিআইয়ের ২৩৪তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, নতুন সাবসিডিয়ারি কোম্পানির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন হবে তিন কোটি টাকা। নতুন কোম্পানিতে এসিআইয়ের মালিকানা থাকবে ৮৫ শতাংশ। অর্থাৎ প্রস্তাবিত কোম্পানির বেশির ভাগ শেয়ারের মালিক হবে এসিআই। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই কোম্পানিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করা হবে।
কোম্পানি কর্তৃক ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সূত্রে জানা গেছে, নতুন সাবসিডিয়ারি কোম্পানিটি গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা একীভূত করবে। এর মাধ্যমে গ্রুপভুক্ত কোম্পানিগুলোর সেবা সংক্রান্ত কার্যক্রম আরো সমন্বিতভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া তালিকাভুক্ত আরেক কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় নির্মাণকাজ পরিচালনার জন্য জমি কেনার এ সিদ্ধান্ত নেয়া হয়।
গতকাল ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিটির পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়। পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কলতাপাড়া মৌজায় মোট ২১০ শতাংশ জমি কেনা হবে। এ জমির জন্য মোট ১৭ কোটি টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে জমির নির্ধারিত মূল্যের বাইরে রেজিস্ট্রেশনসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ, ভ্যাট, ট্যাক্স ও সংশ্লিষ্ট চার্জও বহন করবে কোম্পানিটি। জমি কেনার মাধ্যমে ভবিষ্যতে নির্মাণকাজ ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








