
সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। গত আগস্টে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ৯ উইকেটের জয়ের পর বাংলাদেশের আর কোনো জয়ই নেই। তবে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের সাম্প্রতিক পারফরম্যান্স যেমনই হোক, সফরকারীদের হালকাভাবে নিচ্ছেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা।
জোহানেসবার্গ টেস্টের আগে গতকাল সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক বাভুমা বলেন, ‘বাংলাদেশ অন্য যেকোনো দলের মতোই। তারা তাদের শক্তির জায়গা নিয়েই মাঠে নামবে। এখানে অনেক জায়গা আছে যেগুলো আমরাও কাজে লাগাতে চাইব। আমরা তাদের সম্মান করছি। তারা বেশ ভালো ক্রিকেট খেলছে। গত দুই বছরে ভালো খেলেছে অনেক। তাদেরকে একেবারেই হালকাভাবে নিচ্ছি না আমরা।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ২০২৫-২৭ চক্রে অবস্থান করছে শীর্ষে। শুধু তা-ই নয়, বর্তমানে প্রোটিয়ারা অবস্থান করছে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে। এখানে বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে। বাভুমা বলেন, ‘আমাদের ন্যূনতম লক্ষ্য হচ্ছে, আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গাটা ধরে রাখা। আমাদের মানটা ধরে রাখতে হবে। সাথে কিভাবে আরো ভালো হতে পারি, সে দিকে মনোযোগ দিতে হবে। শুরু থেকেই নির্দয়ভাবে খেলতে হবে।’
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার নিঃশ্বাস ফেলার কোনো সুযোগ নেই। এক সিরিজ শেষ হতে না হতেই ফের মাঠে নামছে দল দু’টি। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শেষ হয়েছে গত ৯ নভেম্বর। আর ৩১ অক্টোবর শেষ হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজ। এখন বাংলাদেশ সিরিজ নিয়ে খুবই রোমাঞ্চিত বাভুমা। ‘প্রস্তুতির দিক থেকে আমি বিশ্বাস করি আমাদের যা করা দরকার ছিল সেগুলো আমরা করেছি। বাংলাদেশ যে বোলিং আক্রমণ নিয়ে আসছে, তা দারুণ রোমাঞ্চকর।’
বাংলাদেশের পেস আক্রমণকে সমীহ করছেন বাভুমা। ‘তাদের অনেক সম্মান করছি। তারা অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছিল। বাংলাদেশেও তাদের বিপক্ষে খেলেছি। যদিও সেসব কন্ডিশন পেস সহায়ক না। এখানে এমন কিছু বোলার আছে, যারা এই কন্ডিশনে কার্যকর হতে পারে এবং আমাদের ব্যাটারদের চাপে ফেলতে পারে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








