প্রবৃদ্ধির রহস্য ফাঁস
প্রবৃদ্ধির রহস্য ফাঁস। নয়া দিগন্ত গ্রাফিক্স

পতিত আওয়ামী লীগ আমলে বছরের পর বছর অর্থনীতিবিদরা প্রশ্ন তুলেছেন, বিনিয়োগ আটকে, রাজস্ব স্থির, তবু জিডিপি এত দ্রুত বাড়ে কিভাবে? সে সময় এই প্রশ্নের উত্তর মেলেনি। উপরন্তু যারা এই প্রশ্ন তুলেছেন, তাদেরকে রীতিমতো ‘গালমন্দ’ ও ‘শাসানো’ও হয়েছে। কিন্তু এখন থলের বেড়াল বের হওয়া শুরু করেছে। স্রেফ কারচুপি মাধ্যমে এই অপকর্মটি যে করা হয়েছে, তার এখন প্রমাণ মিলেছে। 

Advertisement

গতকাল শনিবার সরকারের ফরেনসিক অডিটের খসড়া প্রতিবেদনে প্রথমবার তার একটি হিসাব সামনে আসে। প্রতিবেদন বলছে, ২০১৪-১৫ অর্থবছর থেকে প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এই প্রবৃদ্ধি দেখানো হয়েছে ১.৩০ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত। বলা হয়েছে, সিমেন্টে ৬১%, জাহাজে ২৪২%, কাগজে ফুলেছিল প্রবৃদ্ধি।  

বাড়তি দেখানোর পরিমাণ কত : ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত বাংলাদেশের গড় প্রবৃদ্ধি দেখানো হয়েছে ৭.৩৯ শতাংশ, যা আগের পর্বের চেয়ে বেশি। কিন্তু এই উল্লম্ফনের পেছনের সংখ্যাগুলো ধরে খুঁজতে গিয়ে বিশেষজ্ঞ কমিটি অস্বস্তিকর কিছু অসঙ্গতি পেয়েছে— যে খাতকে সবাই প্রবৃদ্ধির নায়ক ভাবে, তার গতিই কমেছে। 

উল্লেখ্য, গত ২৯ মার্চ ২০২৬ অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ তিতুমীরের নির্দেশে গঠিত হয় ‘জিডিপি প্রাক্কলনের অসঙ্গতি পরীক্ষা কমিটি’। সেপ্টেম্বরে জমা দেয়া প্রতিবেদনটি তৈরি করেছেন বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক ও ড. অতনু রব্বানী। কমিটির দু’টি লক্ষ্য ছিল— প্রবৃদ্ধির ধরনে অস্বাভাবিকতা আছে কি না, তা চিহ্নিত করা এবং ভবিষ্যতে পরিসংখ্যান ব্যবস্থাপনায় নিয়মতান্ত্রিক হেরফের ঠেকানোর কৌশল দেয়া। 

দুই পর্ব, এক লাফ : কমিটি ২০১০-১১ থেকে ২০১৩-১৪ পর্যন্ত সময়কে ‘পর্ব-১’ এবং ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ পর্যন্ত সময়কে ‘পর্ব-২’ ধরেছে। ২০০৫-০৬ ভিত্তিবছরের স্থির মূল্যে গড় প্রবৃদ্ধি ৬.২৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৩৯ শতাংশ, অর্থাৎ প্রায় ১.১৩ শতাংশ পয়েন্ট ত্বরণ। করোনার ধাক্কার বছর ২০১৯-২০ (প্রবৃদ্ধি ৩.৫১%) হিসাব থেকে বাদ রাখা হয়েছে, কারণ তা তুলনাকে বিকৃত করত। 

ত্বরণের ৪১ শতাংশ এসেছে শিল্প থেকে : গবেষণা প্রতিবেদনে ১৫টি খাতে ভাগ করে দেখা গেছে, এই ত্বরণে সবচেয়ে বড় ভূমিকা উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) খাতের। এর গড় প্রবৃদ্ধি ৯.৭৬% থেকে বেড়ে ১২.১১% হয়েছে, আর জিডিপিতে এর গড় অংশ ১৯.৬৮%। ভারযুক্ত অবদান +০.৪৬২৭ শতাংশ পয়েন্ট, যা মোট ত্বরণের প্রায় ৪১%। এর ৭৯ শতাংশ (০.৩৬৬৬ পয়েন্ট) এসেছে বৃহৎ ও মাঝারি শিল্প থেকে। উল্টো দিকে পরিবহন ও যোগাযোগ (০.১০৪৪), আর্থিক মধ্যস্থতা (০.০৭৩৫) ও কৃষি (০.০৪১৩) ত্বরণ কমিয়েছে। 

পোশাক খাতের ধাঁধা : সবচেয়ে বড় প্রশ্নটি এখানেই এসেছে বলে মনে করেন গবেষকরা। উৎপাদন খাতের বাস্তব উৎপাদন পরিমাপ করে বিবিএসের নিজস্ব কোয়ান্টাম ইনডেক্স অব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন (কিউআইআইপি)। সেখানেও সামগ্রিক ত্বরণ মিলেছে : ১০.৫৪% থেকে ১৩.০১%। কিন্তু ২২টি উপখাতে ভেঙে দেখলে চিত্র আলাদা। সূচকের ৩৪.৮৪ শতাংশ ওজন বহনকারী পোশাক খাতের প্রবৃদ্ধি ১৩.৫৫% থেকে কমে হয়েছে ৮.৬৯%। এতে সূচকে ১.৬৯ শতাংশ পয়েন্টের টান পড়েছে; অর্থাৎ ‘পোশাকনির্ভর বুম’-এর জনপ্রিয় গল্প এ তথ্যে টেকে না। কমিটি বলছে, পোশাক খাত পর্ব-১-এর গতি ধরে রাখলেও উৎপাদন খাতের ত্বরণ প্রায় দ্বিগুণ হতো। ২২টির মধ্যে ১৬টি উপখাত গতি বাড়িয়েছে, নেতৃত্বে অধাতব খনিজ (সিমেন্ট, ইট), যার প্রবৃদ্ধি ২.৩২% থেকে ২৫.৬৭%। বস্ত্র (সুতা ও কাপড়) প্রায় শূন্য (০.০৫%) থেকে ৮.১৪%-এ উঠেছে। ওষুধ ও চামড়াও উল্লেখযোগ্য। যান, যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্সে শতাংশ হার বিশাল হলেও ওজন কম বলে সূচকে প্রভাব সামান্য। 

যেসব সংখ্যা চোখ কপালে তোলে! 

কিউআইআইপিতে নমুনা-ত্রুটির সুযোগ নেই, কারণ বড় প্রতিষ্ঠানের রিটার্ন সরাসরি ঢোকে। তাই কয়েকটি বড় প্রতিষ্ঠানের তথ্য পুরো তিন-অঙ্কের গ্রুপকে নাড়িয়ে দিতে পারে। কমিটি চারটি উপখাতে চোখে পড়ার মতো অসঙ্গতি পেয়েছে— 
পেট্রোলিয়াম শোধন : ২০১৫-১৬-তে প্রবৃদ্ধি ৮৭.৪%, পরের বছরেই ৫০.৩%। তথ্য আসে একমাত্র ইস্টার্ন রিফাইনারি থেকে, যা ‘যেমন পাওয়া, তেমন’ ধরা হয়। মজুদ বা আমদানি করা পণ্যের পুনঃশ্রেণিবিন্যাস দেশীয় উৎপাদন হিসেবে ঢুকলে সূচক লাফিয়ে ওঠে। 
সিমেন্ট : টানা তিন বছরে ৬১.৬%, ৫১.৭% ও ৪৫.৯%। বিসিআইসি ও বড় বেসরকারি মিলের ক্লিংকার গ্রাইন্ডিংকে উৎপাদন ধরা বা ক্লিংকার আমদানি গণনা, এখানে সূচক ফুলিয়ে দিতে পারে। 
জাহাজ নির্মাণ : ২০১৪-১৫-তে +২৪২.৪% ও ২০১৫-১৬-তে +৯৭.৬%। খুলনা শিপইয়ার্ড ও চট্টগ্রাম ড্রাই ডকের প্রশাসনিক রিপোর্ট নির্ভর। একটি বড় নৌ বা ইস্পাত কাটা রফতানি আদেশের মূল্য ‘উৎপাদন’ হিসেবে গেলে সূচক বিকৃত হয়। সোজা লিখলে বলা যায়— ২০১৪-১৫ অর্থবছরে প্রবৃদ্ধি দেখানো হয় ২৪২.৪ শতাংশ, পরের বছর ৯৭.৬ শতাংশ। কমিটির বিশ্লেষণে সম্ভাব্য কারণ হিসেবে এসেছে একটি বড় জাহাজের নির্মাণ আদেশ, ইস্পাত কাটার মতো প্রাথমিক কাজ কিংবা নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের উৎপাদনকে পুরো উপখাতের উৎপাদন ধরে নেয়া। 
বিদ্যুৎ ও গ্যাস : ৬.২% থেকে ২০১৫-১৬-তে ১৩.৪%। পিডিবি, ডেসকো ও ডিপিডিসির উৎপাদন-রিপোর্টে নিজস্ব ব্যবহার বা হারানো বিদ্যুৎ কম দেখানো হলে মূল্য সংযোজন বেড়ে যায়। 
প্রতিবেদনের ভাষায়, বিবিএসের নিজস্ব তথ্যে সবচেয়ে স্পষ্ট ফরেনসিক ছাপ হলো কোনো বাস্তব সক্ষমতা-পরিবর্তন ছাড়া নির্দিষ্ট খাতের আকস্মিক উল্লম্ফন। 

এই সন্দেহ নতুন নয়। বিশ্বব্যাংক (২০২২) নাইটটাইম লাইটস মডেলে সরকারি প্রবৃদ্ধির সাথে ফারাক দেখেছিল, যা ২০১৫-১৯-এ কেন্দ্রীভূত। ২০২৪-এর শ্বেতপত্র কমিটি বলেছে বাস্তব প্রবৃদ্ধি পদ্ধতিগতভাবে বেশি দেখানো হয়েছে। একই বছর আইএমএফ জাতীয় হিসাবকে ‘সি’ গ্রেড দিয়েছে। ২০২৫-এর বিশেষজ্ঞ টাস্কফোর্স জানিয়েছে, জাতীয় হিসাব সঙ্কলন বিবিএসের বদলে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীনে থাকায় মন্ত্রণালয়ীয় চাপের সুযোগ আছে। 
নিরীক্ষায় উৎপাদন ও করসংক্রান্ত তথ্যের কারণে জিডিপির হিসাবে প্রায় ০.৭ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বাড়তি দেখানোর কথা বলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় প্রবৃদ্ধি ৮ শতাংশে উঠেছিল। বিশেষজ্ঞরা তখন থেকেই বলে আসছিলেন, এই হিসাবে গরমিল আছে। সেই সন্দেহ খতিয়ে দেখতেই বর্তমান সরকার ফরেনসিক অডিটের উদ্যোগ নেয়। 

এই রিপোর্টের ওপর গতকাল পরিসংখ্যান ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, রাজনৈতিক স্বার্থে ও উন্নয়নের ইতিবাচক চিত্র তুলে ধরতে হিসাব বাড়িয়ে দেখানো হয়েছে। বিগত সরকার পরিসংখ্যানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে উন্নয়নের অতিরঞ্জিত বয়ান তৈরি করেছিল। এটি ছিল পরিকল্পিতভাবে জাতীয় প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রচেষ্টার অংশ। এর ফলে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ও মান নিয়ে প্রশ্ন উঠেছে। 

তিনি বলেন, সরকার দায়িত্ব নেয়ার পরপরই পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় ফরেনসিক অডিটের উদ্যোগ নেয়। রাজনৈতিক হস্তক্ষেপ এড়াতে তিনি বা সরকারের সংশ্লিষ্ট কেউই গবেষণার কাজে যুক্ত ছিলেন না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণাপদ্ধতি অনুসরণ করে দু’জন গবেষক প্রতিবেদনটির খসড়া তৈরি করেন। পরে বিভিন্ন মত ও পথের অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ ও গবেষকদের অংশগ্রহণে তা পর্যালোচনা করা হয়। 

অডিট প্রতিবেদনের ভাষ্য মূলত তথ্যের উৎস ও পদ্ধতির দুর্বলতা নিয়ে। উপদেষ্টা সিমেন্টের উদাহরণ টেনে বলেন, উৎপাদন যত দেখানো হয়েছে, জিডিপিতে ওই খাতের মূল্য সংযোজনের হিসাবের সাথে তার মিল নেই। পেট্রোলিয়ামসহ কয়েকটি খাতেও একই অসঙ্গতি মিলেছে। 

প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক। টিবিএসের তথ্যানুযায়ী, কমিটির নেতৃত্বে ছিলেন তিনি ও ড. অতনু রব্বানী। সেমিনারটি ছিল খসড়া প্রতিবেদনের ওপর মতামত নেয়ার জন্য। 
সিমেন্ট আর জাহাজের অবিশ্বাস্য সংখ্যা : কমিটির হিসাবে ২০১০-১১ থেকে ২০১৩-১৪ অর্থবছরে গড় প্রকৃত প্রবৃদ্ধি ছিল ৬.২৭ শতাংশ। পরের পাঁচ বছরে (২০১৪-১৫ থেকে ২০১৮-১৯) তা লাফিয়ে হয় ৭.৩৯ শতাংশ, অর্থাৎ ১.১৩ শতাংশীয় পয়েন্ট বেশি। এই বাড়তির প্রায় ৪১ শতাংশ এসেছে উৎপাদনশিল্প থেকে। উৎপাদনশিল্পের বাড়তি প্রবৃদ্ধির প্রায় ৭৯ শতাংশ আবার মাঝারি ও বৃহৎ শিল্পের। এ সময়ে জিডিপিতে উৎপাদনশিল্পের অংশ ১৫.১৬ থেকে বেড়ে ১৮.২৫ শতাংশ হয়। 

গরমিলের সাত দরজা : বিআইডিএসের মূল্যায়নে অতিরিক্ত হিসাবের সাতটি খাত চিহ্নিত হয়েছে :
১. শিল্প উৎপাদন সূচকের নমুনা ছোট। কোথাও বড় শিল্পের উৎপাদন নিরূপণে মাত্র দু’টি প্রতিষ্ঠানের তথ্য ধরা হয়েছে। 
২. এনবিআরের করতথ্য যাচাইয়ের পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা নেই। 
৩. ইপিবির তথ্যে ওভার-ইনভয়েসিংয়ের প্রভাব আছে। 
৪. সরকারি ও একচেটিয়া প্রতিষ্ঠানের প্রশাসনিক তথ্য যাচাই ছাড়াই ব্যবহার হয়েছে। 
৫. নির্মাণ খাতে এক জায়গার পরিবর্তন সামগ্রিক হিসাবে প্রভাব ফেলেছে। 
৬. ক্ষুদ্র ও কুটির শিল্পে সরাসরি তথ্যের বদলে যান্ত্রিক প্রাক্কলন ব্যবহার হয়েছে। 
৭. আগের প্রবণতা ধরে পরের হিসাব করায় বাড়িয়ে দেখানোর ধারা চলতে থেকেছে। 
উপদেষ্টার ব্যাখ্যা, যেসব খাতে নির্ভরযোগ্য প্রাথমিক তথ্য ছিল না এবং বিবিএসের সরাসরি জরিপের বদলে প্রশাসনিক বা দ্বিতীয় পর্যায়ের তথ্য ব্যবহার হয়েছে, সেখানেই গরমিল বেশি। 

দামবৃদ্ধি আর উৎপাদন বৃদ্ধি গুলিয়ে ফেলা : নিরীক্ষা মূল্যায়নে আরেকটি সূক্ষ্ম ভুল ধরা পড়েছে। সিমেন্ট ও ওষুধের মতো খাতে পণ্যের দাম বাড়ায় উৎপাদনের আর্থিক মূল্য বেড়েছে। সেই মূল্যবৃদ্ধিকে উৎপাদন বৃদ্ধির সাথে গুলিয়ে ফেলায় জিডিপির হিসাবে স্ফীতি তৈরি হয়েছে। এনবিআরের রাজস্ব প্রবৃদ্ধি ২০১৪-১৫ অর্থবছরে ২০ শতাংশ ও ২০১৬-১৭ অর্থবছরে ২৩ শতাংশ দেখানো হয়েছিল, যা পরে ধীরে কমে আসে। রফতানির তথ্যেও ইপিবি, কাস্টমস ও বাংলাদেশ ব্যাংকের হিসাবে অমিল ছিল।

যেখানে কারসাজি ধরা পড়েনি  : তৈরী পোশাক খাতে এমন অসঙ্গতি মেলেনি। উপদেষ্টা বলেন, সেখানে তথ্যের স্বচ্ছতা তুলনামূলক বেশি থাকায় কারসাজি সম্ভব হয়নি। ফলে পোশাকবহির্ভূত কয়েকটি উপখাতে অস্বাভাবিক প্রবৃদ্ধি দেখিয়ে সামগ্রিক উৎপাদনশিল্পের প্রবৃদ্ধি বাড়ানো হয়েছে; অর্থাৎ যেখানে তথ্য যাচাইযোগ্য ছিল, সেখানে ফাঁক ছিল না। ফাঁক ছিল যেখানে যাচাইয়ের উপায় কম। 

সামনে কী সংস্কার : বিআইডিএস ১০টি সুপারিশ করেছে। এর মধ্যে আছে:
মানসম্মত ছকে তথ্য সংগ্রহ, যাতে উৎস ও পরিবর্তন নথিভুক্ত রাখা। 
দ্বিতীয় পর্যায়ের তথ্যে কারিগরি যাচাই বাধ্যতামূলক করা। 
উৎপাদন শিল্পের জরিপ নিয়মিত হালনাগাদ এবং ২০০৫ সালের পুরনো ভিত্তিবছর বদলানো। 
জিডিপি যাচাইয়ে আয় পদ্ধতি ব্যবহারের সুযোগ খতিয়ে দেখা। 
বিবিএসের স্বায়ত্তশাসন ও পেশাদার নেতৃত্ব নিশ্চিত করা। 

সরকারও কিছু উদ্যোগের কথা জানিয়েছে। মাঠপর্যায়ে সিএপিআই ও জিও-কোডিং প্রযুক্তি ব্যবহার হবে। রফতানির হিসাবে বাংলাদেশ ব্যাংকের তথ্য-প্রামাণ্য ধরা হবে। শিল্পের প্রকৃত উৎপাদন যাচাইয়ে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের মতো স্বাধীন সূচক কাজে লাগানোর পরিকল্পনাও আছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা।