
রফিকুল হায়দার ফরহাদ
আধুনিক ফুটবলে উন্নত দেশে ম্যাচের সময় রেফারিদের ভুল ধরিয়ে দেয়ার জন্য ভিডিও অ্যাসিস্টেন্স রেফারি বা ভিএরআর অত্যাবশ্যকীয় বিষয় হয়ে গেছে। এতে পেনাল্টি, অফসাইড, গোল, লালকার্ড এ সব বিষয়ে রেফারি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন মাঠের বাইরে টিভি ক্যামেরার সামনে থাকা রেফারিদের কল্যাণে। এবারের টেকনো সাফ ফুটবলে সেমিফাইনাল থেকে এই ভিএআর প্রয়োগের সিদ্ধন্ত ছিল সাফ কর্তৃপক্ষের। গতকাল ভারত ও ভুটানের সেমিফাইনালে প্রথমবারের মতো ভিএআর প্রয়োগ করা হয়। এতে পূর্ণ সুবিধাই পেয়েছে ভুটান। ০-২ গোলে পিছিয়ে পড়ার পর ৪৭ মিনিটে ভুটানের কিনজেন থাসি টোবডেন হেডে গোল করেন। তবে সহকারী রেফারি এই গোল বাতিল করেন অফসাইডে। রেফারি আল খাতিরি মুনির অবশ্য গোলের সাথে সাথেই সঠিক সিদ্ধান্তের জন্য ভিডিও রেফারির সহায়তার সঙ্কেত দেন। এরপর ভিডিও রেফারি গোলেরই সঙ্কেত দেন। এরপর ৬৪ মিনিটে ভারতের পেনাল্টি বাতিল এই ভিএআরে। ২০০৩ সালে সাফের প্রথম গোল্ডেন গোলের ঘটনাও এই জাতীয় স্টেডিয়ামে। কাকতালীয়ভাবে সেই ম্যাচও ছিল সেমিফাইনাল। সেবারও ভুগতে হয়েছিল ভারতকে। ওই গোল্ডেন গোলেই ভারতকে হারিয়ে ফাইনালে যায় বাংলাদেশ।
৪৭ মিনিটে ভুটানের গোলের স্বীকৃতির পর ৬৪ মিনিটে পেনাল্টি পায় ভারত। ভারতের ইরফানের ক্রস বক্সে ভুটানের নিমা ওয়াংদির বুকে লাগলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। আসরে তিন গোল করা সুহাইল আহমেদ ভাট পেনাল্টি নেয়ার জন্য পেনাল্টি স্পটে বলও বসান। একটু পরেই ভিডিও রেফারি মাঠের মূল রেফারিকে পেনাল্টির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বার্তা পাঠান। ফল রেফারি ছুটে এসে মাঠের পাশে থাকা টিভি মনিটরের কাছে। সেখানে রিপ্লে দেখে পেনাল্টি বাতিলের সিদ্ধান্ত দেন রেফারি। এতে ১-৩ এ পিছিয়ে পড়া থেকে রক্ষা পায় ভুটান।
২০০৩ সাফে প্রথমবারের মতো গোল্ডেন গোলের নিয়ম প্রবর্তিত হয়। বাংলাদেশ ও ভারতের সেই আসরের সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছিল ভারতীয়দের। ১-১ গোলে ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে বক্সের বাইরে থেকে নেয়া মিডফিল্ডার মতিউর রহমান মুন্নার শট ভারতের কিপারের সব প্রতিরোধ ভেঙে জালে জড়ায়। সাথে সাথেই খেলা শেষ। প্রথমবারের মতো সাফে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের। তবে তখন যদি ভিএআর থাকতো তাহলে ভারতের বিপক্ষে স্ট্রাইকার রোকনুজ্জামান কাঞ্চনের হেডের গোলটি বাতিল হতো না। কর্নার থেকে নেয়া তার হেডে ভারতের ডিফেন্ডার গোললাইনের একহাত ভেতর থেকে ঠেকালেও সহকারী রেফারি গোলের সঙ্কেত দেননি। ফটো সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছিল কাঞ্চনের হেড গোললাইন অতিক্রম করার দৃশ্য। কাঞ্চন মাঠে প্রতিবাদ করেও ব্যর্থ হয়েছেন।
কাল অবশ্য এই ভিএআরের সিদ্ধান্তে খুশি হতে পারেননি ভারতের কোচ নওশাদ মুসা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুসা জানান, আমি কিভাবে খুশি হবো ভিএআর প্রয়োগে। আমাদের পেনাল্টি এই ভিএআরের কারণে বাতিল হলো। ভুটানের গোল সহকারী রেফারি অফসাউডে বাতিল করলেও ভিএআর সেটিকে গোল বলে সঙ্কেত দেয়। এরপর অবশ্য উল্লেখ করেন, দুই দফা সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেলেও সর্বোপরি খুশি এই ভিএআর প্রয়োগে। আশা করি ফাইনালে এর সুবিধা আমরাও পাব।
তবে ভুটানের অস্ট্রেলিয়ান কোচ গ্যারি মাইকেল ফিলিপস খুশি এই ভিএআরের সিদ্ধান্তে। তবে তার মতে গ্রুপ পর্বে এই ভিএআর থাকলে আরো ভালো হতো।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








