ব্রাজিলকে হারাল জাপান

ক্রীড়া ডেস্ক
জাপানের কাছে আবার হারল ব্রাজিল। নাটকীয় এক ম্যাচে ৩-২ গোলে হেরেছে কার্লো অ্যানচেলোত্তির দল। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতিম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় সামুরাইদের। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল এশিয়ার দলটি। এবারো একই ব্যবধানে জয় পেল তারা। 
ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের ওপর চাপ তৈরি করে জাপান। সেই চাপের মুখে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক দল। রিতসু দোয়ানের পাস থেকে বল পেয়ে ব্রাজিলের রক্ষণভাগকে বোকা বানিয়ে জালে পাঠান তাকেফুসা কুবো। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে জাপান। শুতো নাকানোর পাস থেকে গোল করেন কেইতো নাকামুরা। মাত্র ১৯ মিনিটের মধ্যেই দুই গোলে পিছিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রাজিল। ৩৩ মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে ব্যবধান কমান ভিনিসিয়াস জুনিয়র। ব্রুনো গিমারেসের পাস থেকে পাওয়া বল জাপানের জালে পাঠান রিয়াল মাদ্রিদ তারকা। প্রথমার্ধে আরো কয়েকটি সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি ব্রাজিল। 
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে অ্যানচেলোত্তির শীর্ষরা। একের পর এক আক্রমণ চালিয়ে শেষ পর্যন্ত ৭৫ মিনিটে সমতায় ফেরে তারা। আবার ব্রাজিলের ত্রাতা হয়ে আসেন সেই ভিনিসিয়াস। এবারো দূরপাল্লার শটে জাপানের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ফলে ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও ম্যাচে ফিরে আসে ব্রাজিল। এরপর জয়ের জন্য দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এন্দ্রিকের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। মনে হচ্ছিল, ম্যাচটি হয়তো ড্র হতে যাচ্ছে। কিন্তু যোগ করা সময়েই সব হিসাব পাল্টে দেয় জাপান।
ব্রাজিলের মাঝমাঠে বল হারানোর সুযোগ কাজে লাগিয়ে আক্রমণে যায় জাপান। মিনামিনোর প্রচেষ্টার পর বল পেয়ে কাছ থেকে জালে পাঠান তাতসুহিরো সাকামোতো। ৯০ মিনিটের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে করা এই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় জাপানের। তবে এই গোলকে ঘিরে তৈরি হয় বিতর্কও। ব্রাজিলের ফুটবলারদের দাবি, গোলের আগে তাদের খেলোয়াড় ফাউল শিকার হয়েছিল। এ নিয়ে রেফারির সাথে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন রাফিনহা। প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কোচ কার্লো আনচেলত্তিকেও।

Advertisement