এমপি নুসরাত তাবাসসুম ও তার বাবা মো: আব্দুল হালিম
এমপি নুসরাত তাবাসসুম ও তার বাবা মো: আব্দুল হালিম। ছবি : কোলাজ

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে আগুনের ঘটনার তিন দিনের মাথায় এবার তার বাবা মো: আব্দুল হালিম ওরফে টমের নামে মামলা করেছেন ইদ্রিস আলী (৬৭) নামে স্থানীয় এক ব্যক্তি। 

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) দৌলতপুর থানায় মামলাটি করেন ইদ্রিস আলী। তবে মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন আব্দুল হালিম। 

এর আগে, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে আগুনের ঘটনায় এলাকায় উত্তেজনা ও নানা আলোচনা তৈরি হয়। ঘটনার পর সরকারি তদন্ত কমিটি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল ঘুরে দেখেন। আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলার মধ্যেই সংসদ সদস্যের বাবার নামে এ মামলা এলাকায় আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিমের ভাই মাহফুজুর রহমান মঞ্জু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন ইদ্রিস আলী। অভিযোগ, ওই জমি দখলের উদ্দেশ্যে আব্দুল হালিম বিভিন্ন সময়ে লোকজন নিয়ে তাকে উচ্ছেদ ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছিলেন। 

এজাহারে বলা হয়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর আব্দুল হালিমসহ আট থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিসের বাড়িতে প্রবেশ করে বসতঘর ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস ও তার স্ত্রী মিনা খাতুনকে মারধর করা হয়। এ সময় তিনটি খাট ও ১০ বান টিন নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। পাশাপাশি প্রাণনাশ ও গুমের হুমকি দেয়ার কথা উল্লেখ করা হয়েছে এজাহারে। 

ইদ্রিসের দাবি, ঘটনার পর তিনি বিচার চাইতে গেলে উল্টো তার বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়। বর্তমানে অভিযুক্তদের ভয়ে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি মশাউড়া গ্রামে আশ্রয় নিয়েছেন তিনি। 

অভিযোগ অস্বীকার করে আব্দুল হালিম বলেন, মামলার বিষয়টি তিনি নিশ্চিত নন। ইদ্রিস এলাকায় থাকেন না এবং স্থানীয়দের সাথে তার বিরোধ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি নিজেও পলাতক রয়েছেন বলে দাবি করেন। তার ধারণা, অন্য একটি জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে কিংবা কারো প্ররোচনায় এ মামলা করা হয়েছে। মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি। 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, আব্দুল হালিমকে আসামি করে দৌলতপুর থানায় মামলা হয়েছে। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহসিন চৌধুরী জানান, তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে, তবে তদন্ত কার্যক্রম এখনো শুরু হয়নি। 

সংসদ সদস্যের বাড়িতে আগুনের ঘটনা এবং এর পরপরই তার বাবার নামে দায়ের হওয়া এ মামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।