
ক্রীড়া প্রতিবেদক
সাফ মানেই ভারতের শিরোপা। সঙ্গত কারণে ফাইনালেও তাদের সবচেয়ে বেশি উপস্থিতি। আগের ১৪ সাফের ১৩টিতেই ফাইনালে খেলেছিল প্রতিবেশী দেশটি। এবারো সেটার ব্যতিক্রম নয়। কার্যত ‘সি’ টিম নিয়ে আসা ৯বারের সাফ জয়ীরা ফের সাফের ফাইনালে। রেকর্ড ১৪ বারের ফাইনালে তারা। গতকাল জাতীয় স্টেডিয়ামে টেকনো সাফের প্রথম সেমিফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে ভুটানকে। এতে অবশ্য প্রথমবারের মতো সাফের ফাইনালে খেলাটা এবারো হলো না ভুটানীদের। ২০০৮ সালের কলম্বো-মালে সাফেও তারা এই ভারতের কাছে হেরেছিল। সেই ম্যাচের স্কোর ছিল ০-১।
এবার ভারত তাদের মূল দল নিয়ে আসতে পারেনি। মূল দল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে নিউজিল্যান্ডে। এরপরও যে দল নিয়ে তারা এবারের সাফে অংশ নিয়ে পাকিস্তানের বিপক্ষে জিতেছিল সেই দলের দুইজন চলে গেছেন নিউজিল্যান্ডে। অন্য পাঁচ জন ফিরে গেছেন ক্লাব ফুটবল খেলতে। এই অবস্থায় গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপকে হারানোর পর গতকাল ভুটানের বিপক্ষেও জয়। ফলে দশম সাফ শিরোপার সামনে ভারত। কাল এই জয়ের ফলে টানা দশমবারের মতো ফাইনালেও তারা। শুধু ২০০৩ সালের ফাইনালে খেলা হয়নি তাদের। সেবার তাদের সেমি থেকেই দেশে ফেরার বিমানের টিকিট ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ। যদিও এরপর আর বাংলাদেশ সাফে হারের লজ্জায় ফেলতে পারেনি তাদের।
বাংলাদেশের দয়ার ওপরেই এবারের সাফের সেমিতে খেলার যোগ্যতা অর্জন করেছে ভুটান। হামজা-জামাল-ফারহানরা ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারানোর ফলেই গোল পার্থক্যে সেমিতে উঠে পাহাড়ি দেশটি। এতে ২০০৮ সালের পর ফের সাফের সেমিতে খেলার যোগ্যতা অর্জন করে তারা।
২৭ মিনিটেই ম্যাচে ২-০ গোলে এগিয়ে যায় ভারত। ৯ মিনিটে ভারত এগিয়ে যায় বিষ্ণু পুথিয়া ভালাপিল বল পেয়ে বিপক্ষ ডিফেন্ডারকে পরাস্ত করে শটে বল জালে পাঠান। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এবার কর্নার থেকে গোল চিংলেনা সিংয়ের। কর্নারের বলের ফ্লাইট মিস করেন ভুটানের গোলরক্ষক ও ডিফেন্ডার। এতে বল গিয়ে পড়ে চিংলেনা সিংয়ের সামনে। মুহূর্তেই ডান পায়ের ভলিতে বল জালে পাঠান তিনি। এর আগে ১৬ ও ২১ মিনিটে গোলের চান্স মিস করেন সুহাইল ভাট। ২৩ মিনিটে বিজন দুবের ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
এবারের সাফে ভারতের দলের মূল সমস্যা বিরতির পর তারা আর স্বাভাবিক খেলা খেলতে পারে না। প্রতিপক্ষরা চেপে ধরে। গোলও পরিশোধ করে। এর ব্যতিক্রম হয়নি কাল দিনের প্রথম সেমিতে। বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে ভুটান। ৪৭ মিনিটেই তাদের গোল। অধিনায়ক চেন চোর ভলিতে হেডে বল জালে পাঠান কিন জ্যাং থাসি। সহকারী রেফারি গোলটি অফসাইডে বাতিল করলেও রেফারি আল কাথিরি মুনির ভিএআরের সহায়তায় গোলের সিদ্ধান্ত জানান। সাফে এটিই প্রথম ভিএআরের ঘটনা। এতে ম্যাচ জমে উঠে। এরপর ৬৪ মিনিটে ভারত পেনাল্টি পেলেও রেফারি ভিএআরের সাহায্যে পেনাল্টি বাতিল করেন। আগের দুই ম্যাচে ৩ গোল করা সুহাইল ভাট ৮৪ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে পোস্টে যে শট নেন তা ক্রসবারে প্রতিহত হয়।
ইনজুরি টাইমে সমতা আনার মরিয়া চেষ্টা চালায় ভুটান। বদলি স্ট্রাইকার কিন জাং তানজিনের প্রথম শট গোলরক্ষক সোজা যাওয়ায় এবং একেবারে শেষ সময়ে তিনি ফাঁকা পোস্টে হেড নিয়ে ব্যর্থ হলে প্রথমকবারের মতো ফাইনালে খেলা হয়নি তাদের। বিপরীতে স্বস্তির জয়ে ১৭ নভেম্বরের ফাইনালে ভারত।
ম্যাচ শেষে ভারতের কোচ জানান, ‘আমরা প্রথমার্ধে ভালো খেললেও বিরতির পর পারিনি সেভাবে খেলতে। জানি না কেন বারবার এই সমস্যা হচ্ছে।’ ভুটানের কোচ গ্যারি মাইকেল ফিলিপসের মতে, ‘আমি দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সে খুশি। অল্পের জন্য দ্বিতীয় গোল আসেনি। যদিও প্রথমার্ধে কিছু ভুলের খেসারতই দিয়েছি।’ এরপর যোগ করেন, ‘আমার ফুটবলাররা উঠতি বয়সের। এই খেলোয়াড়রা আগামীতে আরো ভালো করবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








