
ক্রীড়া প্রতিবেদক
কয়েক দিন আগে ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ কারাতে অর্গানাইজেশনের (বিকা) উদ্যোগে হয়ে গেল- বিকেও কাপ ৭ম আন্তর্জাতিক ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কার মোট ৪৫০ জন কারাতেকা অংশ নেন। বয়সভিত্তিক এ প্রতিযোগিতায় আলাদা করে নজর কেড়েছে দুই ভাইবোন। একক কাতা ইভেন্টে ওয়াসিফ (বয়স-৭) স্বর্ণপদক ও ওয়াসফিয়া (বয়স-১০) রৌপ্যপদক অর্জন করে। ওয়াসিফ- দারুল আরকাম তাহফিজুল কুরআন মাদরাসার হিফজ বিভাগে ও ওয়াসফিয়া- স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসসিডি) বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে অধ্যয়নরত।
ওয়াসফিয়া এর আগেও জাতীয় কারাতে প্রতিযোগিতায় কুমিতে ব্রোঞ্চ পদক অর্জন করে। ভাইবোনের ছোট্ট মনে অনেক আশার জন্ম নিয়েছে। তারা তাকিয়ে আছে পরবর্তী টুর্নামেন্টগুলোর ইভেন্টের দিকে। শুধু কাতা নয়, কুমিতেও তারা অর্জন করতে চায় স্বর্ণ পদক। শুধু মাতৃভূমিতে নয়, দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতেও বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চায় তারা।
ওয়াসিফ ও ওয়াসফিয়ার লেখক মা ফাতেমা মাহফুজ জানালেন খুদে কারাতেকাদের সাফল্যের আদ্যোপান্ত। তার কথায়, “২০২৪ সালের ডিসেম্বর মাস, স্কুল ছুটি। হঠাৎ চোখ পড়ল আজিমপুর সোতোকান কারাতে অ্যাকাডেমির (বাংলাদেশ ইন্টারন্যাশনাল কারাতে অ্যাসোসিয়েশন ‘বিকা’র অন্তর্ভুক্ত) কারাতে ফ্রি ক্যাম্প। সেই ক্যাম্পে অংশগ্রহণ শেষে অ্যাকাডেমির সদস্য হওয়ার মাধ্যমে কারাতে জগতে দুই ভাইবোনের প্রশিক্ষণ শুরু। পড়াশোনার বাইরে সাপ্তাহিক ছুটির দিনে কারাতে ক্লাসে যাওয়াটা তাদের কাছে ছিল আলাদা বিনোদন।”
ফাতেমা মাহফুজ আরো বলেন, ‘হ্যাঁ, কখনো কখনো তারা বিরক্ত হতো। হার্ড ট্রেনিংয়ের সময়, কুমি প্র্যাকটিসে, ব্লক-পাঞ্চ-কিকগুলোর সঠিক স্টেপিংয়ে তারা মন খারাপ করে হাল ছেড়ে দিত। কিন্তু আল্লাহর অশেষ রহমত, অভিভাবকদের দেয়া সাহস, হার না মানা ও লেগে থাকার শিক্ষায় তারা রপ্ত করেছে ৯টি কাতা তথা আত্মরক্ষার ধারাবাহিক কৌশল। যেখানে এক একটা কাতা কতকগুলো দাচি, ব্লক, পাঞ্চ ও কিকের সমন্বয়ে গঠিত। পড়ালেখার পাশাপাশি তারা মার্শাল আর্টের এই ডিসিপ্লিনটিকে রুটিন হিসেবে নিয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








