
ক্রীড়া প্রতিবেদক
এই টেস্টের সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশের ব্যাটিং। ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে যে আত্মবিশ্বাসের জন্ম হয়েছিল, সেটি পরবর্তী ম্যাচগুলোতে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা এখন দুর্দান্ত ছন্দে। এমন সমীকরণে আজ জোহানেসবার্গে শুরু হতে যাচ্ছে স্বাগতিকদের বিপক্ষে অতিথি বাংলাদেশের প্রথম টেস্ট।
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই জয় ক্রিকেটপ্রেমীদের মনে নতুন আশার সঞ্চার করেছিল। মনে হয়েছিল, বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ বুঝি নতুন করে নিজেদের চিনতে শুরু করেছে। কিন্তু সেই স্বপ্নের ধারাবাহিকতা কোথায়? ডারউইনের পর আর সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি টাইগাররা। অস্ট্রেলিয়ার কাছে পরাজয়, আফগানিস্তানের বিপক্ষে ড্র, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার- সব মিলিয়ে আত্মবিশ্বাসে বেশ চিড় ধরেছে। এমন পরিস্থিতিতে এবার সামনে দক্ষিণ আফ্রিকা। তাও আবার তাদেরই মাটিতে, পেসারদের স্বর্গরাজ্য জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে।
আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশ সময় বেলা ২টায় মাঠে গড়াবে প্রথম টেস্ট। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা মানেই গতির ঝড়, বাউন্স আর সুইংয়ের কঠিন পরীক্ষা। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার ও ডেন প্যাটারসনকে নিয়ে প্রোটিয়াদের পেস আক্রমণ যে কতটা ভয়ঙ্কর, তা বলার অপেক্ষা রাখে না। একাদশে চার পেসার রেখেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিকরা। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার সাইমন হার্মার।
প্রশ্ন হচ্ছে, এই গতির সামনে কতটা প্রতিরোধ গড়তে পারবে বাংলাদেশের ব্যাটাররা? নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে মুশফিকুর রহীম, মুমিনুল হক, লিটন দাস ও তৌহিদ হৃদয়দের দায়িত্বটা তাই অনেক বেশি। বিশেষ করে হৃদয়ের দিকে থাকবে বাড়তি নজর। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অপরাজিত ৩৫০ রানের ইনিংস খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও করেছেন অপরাজিত ২৪২ ও ৮২ রান। বিদেশের মাটিতে এমন আত্মবিশ্বাসই হতে পারে বাংলাদেশের বড় সম্পদ।
অবশ্য বাংলাদেশেরও পেস অস্ত্র কম নয়। তাসকিন, হাসান মাহমুদ, শরিফুল, এবাদত ও খালেদ আহমেদের সমন্বয়ে গড়া পেস ইউনিট এবার বাড়তি গুরুত্ব পাচ্ছে। চলতি বছর তাসকিন, হাসান ও শরিফুল মিলে নিয়েছেন ৪৫ উইকেট। অস্ট্রেলিয়া সফরেও নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন তারা। কিন্তু দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে সেই ধারাবাহিকতা ধরে রাখাই হবে আসল পরীক্ষা।
পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষে কথা বলছে না। দুই দলের ১৬ টেস্টের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার জয় ১৪টি, ড্র দু’টি। বাংলাদেশের নেই কোনো জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে আট টেস্টের আটটিতেই হার টাইগারদের। পাঁচটিতে হার ইনিংস ব্যবধানে। এবার প্রথমবারের মতো ওয়ান্ডারার্সে খেলতে নামছে বাংলাদেশ। তবে ক্রিকেটে অতীতের পরিসংখ্যানই শেষ কথা নয়। ডারউইনের জয় তার প্রমাণ।
ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর তিন সংস্করণ মিলে সাত ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে জয় নেই একটাতেও। হেরেছে পাঁচ ম্যাচ, দু’টি ড্র করেছে; যার মধ্যে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে জেতা ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। আর সিলেট টেস্ট ড্র করলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শান্তর দল হেরেছে ১-০ ব্যবধানে। মাঝে জাপানে গিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এমনকি মরুর বুকে জিম্বাবুয়ে-আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফাইনালও খেলতে পারেনি বাংলাদেশ। হারের কারণ সেই ব্যাটিং ব্যর্থতা।
ওয়ানডে, টি-২০তে খুব একটা ধারাবাহিক না হলেও বাংলাদেশ টেস্টে তুলনামূলক ভালো খেলছে। ৪৫.৮৩ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখন তাদের অবস্থান পাঁচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ঐতিহাসিক জয়ের পাশাপাশি বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানকে করেছে ধবলধোলাই। ৮ ম্যাচের মধ্যে তিনটি করে ম্যাচ জিতেছে ও হেরেছেন শান্ত-মুশফিকুররা। দুই ম্যাচ ড্র হয়েছে। শুধু এ বছরই নয়, পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জিতেছে বাংলাদেশ। যার মধ্যে গত ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তানকে তাদের ডেরায় ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছে বাংলাদেশ।
বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে। বিপরীতে বাংলাদেশকে খুঁজতে হবে নিজেদের হারানো ছন্দ। ডারউইনের সেই রূপকথা কি জোহানেসবার্গে ফিরবে? নাকি প্রোটিয়া পেসের সামনে আবারও উন্মোচিত হবে বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা? উত্তর মিলবে মাঠেই। তবে এবার শুধু ভালো খেলার প্রতিশ্রুতি নয়, সামর্থ্যের বাস্তব প্রমাণ দিতে হবে শান্তদের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








