
নিজস্ব প্রতিবেদক
শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তৈরী পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। আগামীকাল রোববার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ থাকবে।
গতকাল শনিবার বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। এর আগে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভায় এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, গত ৭ থেকে ১২ দিন ধরে আশুলিয়া, সাভার ও গাজীপুরের কয়েকটি কারখানায় স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। নিম্নতম মজুরিকে কেন্দ্র করে একটি মহল শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এতে পোশাকশিল্পের উৎপাদন ও রফানি কার্যক্রম হুমকির মুখে পড়েছে।
তিনি বলেন, অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিতে আগ্রহী এবং শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চান। তবে কিছু শ্রমিক বহিরাগতদের উসকানিতে কারখানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। নিজেরা কাজ না করার পাশাপাশি অন্য শ্রমিকদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। এমনকি দলবদ্ধভাবে অন্য কারখানার ফটকে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ এবং শ্রমিকদের জোর করে বের করে আনার ঘটনাও ঘটছে।
মাহমুদ হাসান খান জানান, চলমান পরিস্থিতিতে বিজিএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানা পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালাতে পারছে না। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিও বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। সার্বিক নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় কারখানাগুলো চালু রাখা সম্ভব হচ্ছে না। এ কারণে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চলমান বিশৃঙ্খলার কারণে নিম্নতম মজুরি বোর্ডও স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ করেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি গণমাধ্যমে জানিয়েছেন, ভাঙচুর ও বিশৃঙ্খলার সাথে তিনি বা কোনো শ্রমিক সংগঠন জড়িত নন। তবে সঙ্কট সমাধানে শ্রমিক সংগঠনগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। মাঠপর্যায়ের অনেক নেতা ও শ্রমিক প্রতিনিধি সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন।
তিনি আরো বলেন, শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি যৌথ মতবিনিময় সভায় অংশ নেয়া উদ্যোক্তারা কারখানার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডের আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ দিকে আগামী সোমবার মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে বলে জানিয়েছেন মাহমুদ হাসান খান। তবে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা অব্যাহত থাকলে ওই বৈঠকে অংশ নেয়া হবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে গত শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়। শ্রমিকনেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে, এমন কোনো কাজে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। উসকানি ও অপতৎপরতা থেকেও তাদের বিরত থাকতে হবে। মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দিতে শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানান তারা। একই সাথে মালিকদেরও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখার পরামর্শ দেন।
উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে পোশাক শ্রমিকরা আন্দোলন করছেন। গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। আগামী সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। মজুরি বোর্ডের আলোচনা শুরুর পর শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা পুরোপুরি স্বাভাবিক হয়নি।
সঙ্কট নিরসনে সরকারকে দ্রুত শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। একই সাথে মালিকপক্ষ, শ্রমিক সংগঠন, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








