পোস্টে বল লাগায় গোল পায়নি বাংলাদেশ ও পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

Advertisement

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০তে জয় পাওয়া বাংলাদেশ দলের সেই একাদশকে গতকাল সেমিতে পাকিস্তানের বিপক্ষে নামাননি কোচ টমাস ডুলি। গত ম্যাচেই মারাত্মক ইনজুরিতে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন সাদউদ্দিন। সুস্থ হতে তার ৭/৮ মাস লাগবে। ফলে তার খেলার কোনো চান্সই ছিল না। তাই তার বদলে রহমত মিয়াকে রাইটব্যাক পজিশনে নামান কোচ। ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করা ইব্রাহিম লঙ্কানদের বিপক্ষে ছিলেন একাদশে। কাল তাকেও প্রথমে মাঠে নামাননি কোচ। তার জায়গায় সুযোগ পান জাপানি মা ও বাংলাদেশী বাবার ছেলে শুকি ইতোফুসা।
অন্য দিকে পাকিস্তান নতুন আসা পাচ ফুটবলার আবদুল্লাহ ইকবাল, এহসান সুলাইমান, আবদুল সামাদ শেহজাদ, মোহাম্মদ আলী আকবর খান, আদিল নবীকে নিয়ে মাঠে নামে। গোলরক্ষক ইউসুফ ভাটের কাছ থেকে নেতৃত্ব নিয়ে দেয়া হয় নতুন আসা আবদুল্লাহ ইকবালকে।
এদের নিয়ে ২ মিনিটেই বাংলাদেশের পোস্টে শট নেয় পাকিস্তান। কানাডা প্রবাসী শমিত শোমের ভুল পাস থেকে বল পেয়ে আলী উজাইর মাহমুদ প্রচণ্ড শট নেন। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের প্রতিরোধে রক্ষা। ম্যাচের ৭ মিনিট বয়সে পাকিস্তানের পোস্টে শট নেয় বাংলাদেশ। কানাডা প্রবাসী সাবেক ক্রিকেটার হালিম শাহ’র ছেলে সৈয়দ শাহ কাজেম কিরমানীর শট বিপক্ষ কিপার সোজা যাওয়ায় জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত হাজার বিশেক দর্শকরা আনন্দে ভাসতে পারেননি। তবে ২৩ মিনিটে কপাল দোষে গোল পায়নি এবারের সাফের স্বাগতিকরা। ফারহান আলী ওয়াহিদের কর্নারে হেড করে বক্সে বল ফেলেন শমিত শোম। সেই বলে রাকিবের বাম পায়ের শট পাকিস্তানি গোলরক্ষককে পরাস্ত করলেও বল গিয়ে প্রতিহত হয় পোস্টে।
২৫ মিনিটে পাকিস্তান গোলের খুব কাছে চলে গিয়েছিল। রহমত মিয়ার হেডে ভুল ক্লিয়ারেন্সে বল পড়ে বক্সের বাইরে আলী উজাইর মাহমুদের পায়ে। তবে তিনি এই ফাঁকা স্থান থেকে মাটি ঘেষা দুর্বল শট নেয়ায় তা ধরতে কোনো সমস্যা হয়নি শ্রাবণের। আর ৩২ মিনিটে রক্ষা ভাগ্যের জোরে। তারিক কাজীর বাধা টপকে পোস্টে শট নেন পাকিস্তানের আবদুল সামাদ শাহজাদ। সেই বল পোস্টে প্রতিহত হওয়ার পর কর্নারে বিপদমুক্ত করেন জিদান ইউসুফ।