হাসিনা ইস্যুতে ফের অস্বস্তি বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন জটিলতার আভাস

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

শেখ হাসিনার প্রত্যাবর্তন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদন এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক সংলাপ পিছিয়ে যাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে সাম্প্রতিক সময়ে কিছু অগ্রগতি দেখা গেলেও শেখ হাসিনাকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই প্রক্রিয়াকে আবারো জটিল করে তুলছে। বিশেষ করে পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রস্তুতি ধীর হয়ে আসার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বিবিসি বাংলার এক বিশ্লেষণে এ কথা বলা হয়েছে।
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার আইনজীবীদের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত তথ্য চেয়ে আবেদন করার ঘটনা দুই দেশের সম্পর্কের নতুন অস্বস্তির কারণ হয়েছে। শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন। তবে তার প্রত্যাবর্তনের নির্দিষ্ট তারিখ কিংবা সে বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো সমঝোতা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এরই মধ্যে বাংলাদেশ ও ভারতের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ পিছিয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়েছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, শেখ হাসিনার আবেদন সামনে আসার আগেই বৈঠক স্থগিতের সিদ্ধান্ত হয়েছিল। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে, অক্টোবরের শেষ দিকে ঢাকায় বৈঠকটি হওয়ার কথা থাকলেও দুই পক্ষের আলোচনার ভিত্তিতে তা পিছিয়ে দেয়া হয়। বাংলাদেশের সুবিধাজনক সময়ে চলতি মাসের শেষ দিকে বৈঠক আয়োজনের প্রস্তাব দেয়া হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও জানিয়েছেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে পরবর্তী কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হবে। সংশোধিত ভ্রমণব্যবস্থাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় সেখানে আলোচনায় আসবে। অর্থাৎ বৈঠকটি বাতিল হয়নি; তবে এর সময়সূচি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সম্পর্ক স্বাভাবিকীকরণে ধীরগতি : ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। অন্তর্বর্তী সরকারের সময়ে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে দুই দেশের মধ্যে আস্থার সঙ্কট আরো গভীর হয়। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ দৃশ্যমান হয়।
তারেক রহমান সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর- সব মিলিয়ে দুই দেশের মধ্যে নতুন করে যোগাযোগ ও আস্থা তৈরির চেষ্টা শুরু হয়েছিল।
ঢাকায় নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ এবং দীর্ঘদিন বন্ধ থাকা পর্যটন ভিসা আবেদন পুনরায় চালুর উদ্যোগও সম্পর্কের ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছিল।
কিন্তু গত ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন পরিস্থিতিতে নতুন করে অস্বস্তি তৈরি করে। এর পরপরই প্রধানমন্ত্রীর ভারত সফর আপাতত বাতিলের সিদ্ধান্ত জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত অবশ্য ওই সংবাদ সম্মেলনের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে।
প্রত্যর্পণ প্রশ্নে ২ দেশের অবস্থান : শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রশ্নটি এখনো ঢাকা-দিল্লি সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল বিষয়। বাংলাদেশ দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে। অন্যদিকে ভারত বলছে, বিষয়টি যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিবেচনা করা হবে।
বিবিসি বাংলার প্রতিবেদনে ভারতীয় পক্ষের সম্ভাব্য দু’টি শর্তের কথাও উঠে এসেছে। প্রথমত, শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং বিচারপ্রক্রিয়া নিয়ে বাংলাদেশকে প্রয়োজনীয় নিশ্চয়তা দিতে হবে। তবে এসব শর্তকে ভারতের আনুষ্ঠানিকভাবে ঘোষিত অবস্থান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
এদিকে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হওয়ার কথা। চুক্তি নবায়ন, সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা, বাণিজ্য ও নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের আলোচনার প্রয়োজন রয়েছে। এসব বিষয়ে অগ্রগতি অর্জনে উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগও গুরুত্বপূর্ণ।
রাজনৈতিক যোগাযোগই বড় ঘাটতি : সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানের মতে, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যাবর্তন-সংক্রান্ত ঘটনাপ্রবাহ নতুন করে স্থবিরতা তৈরি করেছে। তার পর্যবেক্ষণ, ভিসা চালু হওয়ায় সাধারণ মানুষ, পর্যটক ও ব্যবসায়ীদের যাতায়াত বাড়ছে। কর্মকর্তা পর্যায়েও যোগাযোগ রয়েছে। কিন্তু রাজনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় অগ্রগতি এখনো অনুপস্থিত।
এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকের খবরও আলোচনায় এসেছে। তবে বৈঠকের আলোচ্যসূচি বা শেখ হাসিনা ইস্যুর সাথে এর কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
সব মিলিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন এক ধরনের সন্ধিক্ষণে রয়েছে। একদিকে বাণিজ্য, পানি বণ্টন, যোগাযোগ ও আঞ্চলিক নিরাপত্তার মতো বাস্তব স্বার্থ দুই দেশকে সহযোগিতার দিকে ঠেলে দিচ্ছে; অন্যদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ প্রশ্ন রাজনৈতিক আস্থার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কনস্যুলার সংলাপের নতুন তারিখ নির্ধারণ এবং প্রত্যর্পণ ইস্যুতে দুই পক্ষের অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত সম্পর্ক স্বাভাবিকীকরণের গতি কতটা ফিরবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।