সমন্বয়হীন উন্নয়ন ও আমলাতান্ত্রিকতায় চরম নাগরিক দুর্ভোগ
নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত নগর সংলাপে অতিথিরা : নয়া দিগন্ত।

নিজস্ব প্রতিবেদক

Advertisement

রাজধানী ঢাকাসহ দেশের প্রধান প্রধান নগরীগুলোতে অবকাঠামোগত উন্নয়ন ও অট্টালিকা নির্মাণের ধুম পড়লেও চরম উপেক্ষার শিকার হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো। আমলাতান্ত্রিক জটিলতা, একক সিদ্ধান্তের বিস্তার এবং রাজনৈতিক দলীয়করণের কবলে পড়ে ক্ষমতা হারাচ্ছে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে যথাযথ সমন্বয়ের অভাব এবং স্থানীয় সরকারের মতামত ছাড়াই বড় বড় আবাসন ও ভবন নির্মাণের অনুমোদন দেয়ায় নাগরিক জীবনের ওপর সৃষ্টি হচ্ছে অসহনীয় চাপ। 
গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি) আয়োজিত ‘পরিকল্পিত ও টেকসই নগরায়নে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক নগর সংলাপে দেশের শীর্ষ নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা এই উদ্বেগ প্রকাশ করেন। 
সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইমনের সঞ্চালনায় আয়োজিত এ সংলাপে বক্তারা নগর ব্যবস্থাপনার বিভিন্ন সংকট চিহ্নিত করেন। সংবাদ পরিবেশন ও সচেতনতা বৃদ্ধিতে অবদানের জন্য এ সংলাপে পাঁচজন সাংবাদিককে ‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয় এবং ফোরামের স্মারক ‘ঢাকাই’ ম্যাগাজিনের ষষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। 
ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক ও বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান সংলাপে জানান, স্বাধীনতার ৫৫ বছরের বেশি সময় পার হলেও নগর ব্যবস্থাপনায় কাক্সিক্ষত অগ্রগতি হয়নি। ২০২৬ সালের অক্সফোর্ড ইকোনমিকস গ্লোবাল সিটিজ র‌্যাংকিংয়ে বিশ্বের এক হাজার শহরের মধ্যে ঢাকার অবস্থান ৫৭৫তম। আবাসিক এলাকায় আগে চার-পাঁচতলা ভবনের অনুমোদন থাকলেও উন্নয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ১৪ তলা ভবন নির্মাণের অনুমতি দেয়া হচ্ছে। এতে কয়েক হাজার মানুষের জায়গায় কয়েক গুণ বেশি মানুষের বসবাসের চাপ তৈরি হচ্ছে। কিন্তু পানি, বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশন ও সড়ক অবকাঠামোর সক্ষমতা বাড়াতে সিটি করপোরেশনের সাথে সমন্বয় করা হচ্ছে না।
আদিল মুহাম্মদ খান বলেন, রাজনৈতিক দলীয়করণ ও আমলাতান্ত্রিকতার কারণে স্থানীয় সরকারের প্রতি নাগরিকদের আস্থা কমেছে। নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর না থাকায় পার্ক ও খেলার মাঠ দখল কিংবা সড়ক কাটাকাটির মতো সমস্যায় নাগরিকরা কার্যকর প্রতিকার পাচ্ছেন না। প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন শ্রেণী-পেশার নির্দলীয় নাগরিকদের নিয়ে ১০ থেকে ১২ সদস্যের ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। সিটি করপোরেশনকে শুধু ময়লা পরিষ্কার ও মশা নিধনে সীমাবদ্ধ না রেখে অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়ের ক্ষমতা দেয়ারও দাবি জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ মো: নূরুল্লাহর উপস্থাপিত তথ্যানুযায়ী, ১৯৬০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ৫ শতাংশ মানুষ নগর এলাকায় বসবাস করতেন। অথচ বর্তমানে মোট জনসংখ্যার ৪২ দশমিক ৬ শতাংশ মানুষ শহরাঞ্চলে বাস করছেন। এত বিপুল নগর জনসংখ্যার বিপরীতে নীতি-নির্ধারণ ও তদারকির দায়িত্বে থাকা সরকারি ব্যবস্থার পরিধি অত্যন্ত সঙ্কুচিত।
সাবেক প্রধান প্রকৌশলী মো: নূরুল্লাহ জানান, সারা দেশে পাঁচ হাজার ৪৭৯টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তদারকিতে স্থানীয় সরকার বিভাগের মাত্র ৯০ জন কর্মকর্তা দায়িত্বে রয়েছেন। একই সাথে দেশের বিভিন্ন পৌরসভাগুলোতে অনুমোদিত পদগুলোর অর্ধেকেরও বেশি শূন্য পড়ে রয়েছে। প্রয়োজনীয় বিশেষজ্ঞ, জিআইএস টেকনিশিয়ান ও প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাবে মেগা পরিকল্পনা বা পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম মনে করেন, সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনা প্রণয়ন করা হলেও তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি হচ্ছে না। শহরের প্রতিটি সড়ক, ফুটপাথ, ড্রেনেজ ব্যবস্থা এবং অন্যান্য নাগরিক সুবিধার সঠিক মানচিত্র ও ডেটাবেজ সংরক্ষণ করা আবশ্যক। একাধিক বিচ্ছিন্ন পরিকল্পনার পরিবর্তে বাস্তবভিত্তিক একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রবর্তন করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে তা বাস্তবায়ন করা না গেলে নগরের ভারসাম্য রক্ষা করা সম্ভব নয়।