
সিলেট ব্যুরো
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। মানবতার কল্যাণ সাধন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য। এ দেশে ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দেয়া হয়েছে, কারাগারে নির্যাতন চালিয়ে শহীদ করা হয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই জামায়াতের অগ্রযাত্রাকে থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে। এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেয়া হবে না। এ ব্যাপারে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের আশা-আকাক্সক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কিন্তু গণ-অভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী বর্তমান সরকারি দল শহীদ ও আহতদের রক্তের সাথে বেঈমানি করছে। তারা পতিত ফ্যাসিবাদী সরকারের দেখানো পথেই হাঁটছে। এর পরিণতি কখনো ভালো হবে না। জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে জামায়াত ও ১১ দলীয় ঐক্য সংসদে এবং রাজপথে সোচ্চার রয়েছে। কাক্সিক্ষত সাফল্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি গতকাল শনিবার সিলেট মহানগর জামায়াতের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নগরীর নয়াসড়কস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে মহানগরীর সকল রুকন উপস্থিত ছিলেন। এ ছাড়া সমাবেশে মহানগরীর নবগঠিত সকল সাংগঠনিক থানার আমিরের শপথবাক্য পাঠ করান মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল ও ডাক্তার মো: ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো: আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন।
সিলেট অভিমুখে ১১ দলের লংমার্চ স্থগিত
গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে ডাকা সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত করেছে ১১ দলীয় জোট। গতকাল শনিবার নয়া দিগন্তকে লংমার্চ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়কারী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্যজোট। এরপর ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ও ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্য।
সবশেষ দাবি আদায়ে ২১ নভেম্বর সিলেট অভিমুখী লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দেয় ১১ দলীয় জোট। তবে চতুর্থ লংমার্চ শুরুর সপ্তাহখানেক আগেই সেই কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেয়া হলো আজ।
কর্মসূচি স্থগিতের বিষয়ে ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়কারী হামিদুর রহমান আযাদ বলেন, ২১ তারিখকে সামনে রেখে আমরা আপাতত প্রস্তুতি নিচ্ছি না, এটুকু বলা যায়। বাকি সিদ্ধান্ত শীর্ষ বৈঠকে যা হবে, সে অনুযায়ী আপনাদের জানাতে পারব।
কর্মসূচি স্থগিতের কারণ ব্যাখ্যা করে ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়কারী বলেন, দেশের বিদ্যমান সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী কর্মসূচি এবং সামগ্রিকভাবে আন্দোলনের কর্মকৌশল নির্ধারণের বিষয়ে একটি সিদ্ধান্ত নেয়া হবে। তবে সে বৈঠকটি এখনো অনুষ্ঠিত হয়নি। শিগগিরই আমরা বৈঠকে মিলিত হবো।
স্থগিত লংমার্চ কর্মসূচির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আলোচনা করে ঠিক করা হবে বলেও জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘আমরা নতুন কর্মসূচি আবার ঢেলে সাজাব। সবকিছু মিলিয়ে শীর্ষ বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নির্ধারণ করা হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








