৬৮৮ শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার বৃত্তি দিলো সিলেট জেলা পরিষদ
সিলেটে জেলা পরিষদ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির : নয়া দিগন্ত।

সিলেট ব্যুরো

Advertisement

সিলেট জেলার ৬৮৮ জন কৃতী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ। ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি, এইচএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৬৮৮ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে সর্বমোট ৩৯ লাখ ৬৯ হাজার টাকার এই শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। 
শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেন শিল্প ও বাণিজ্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
 প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কারিগর। কেবল ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং নৈতিকতা, দেশপ্রেম ও আধুনিক প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সরকার দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও মেধাবীদের বিকাশে সবসময় পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
 সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে এবং জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এইচ এম কামারুজ্জামান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী,  সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। 
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেন, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের ভবিষ্যৎ পথচলা সুগম করতে জেলা পরিষদের পক্ষ থেকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।