জীবননগরে সার সঙ্কট ও ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে জামায়াতের কৃষক সমাবেশ
জীবননগরে সার সঙ্কট ও ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে জামায়াত কৃষক সমাবেশ করে। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারসংকট, ডিলার নিয়োগে দুর্নীতি-দলীয়করণ এবং দফায় দফায় কৃষি উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগরে কৃষক সমাবেশ করেছে।

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় জীবননগর মুক্তমঞ্চে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, কৃষকরা সময়মতো সার পাচ্ছেন না এবং বর্তমান প্রশাসন চলমান সারসংকট নিরসনে ব্যর্থ হয়েছে। এছাড়া নতুন করে এমন ব্যক্তিদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, যারা অতীতে কখনো কৃষি উপকরণের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না। এসব ডিলার নিয়োগে দলীয় বিবেচনাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ সংকট সাধারণ মানুষের জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি।

সীমান্ত পরিস্থিতি ও রাজনৈতিক বিষয়ে তিনি বলেন, সীমান্তের ওপারে থাকা ফ্যাসিস্ট শক্তিকে বাংলাদেশের এক ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না। যারা আলেমদের হত্যা করেছে, জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং শাপলা চত্বরে গুলি চালিয়েছে, এই বাংলায় তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেওয়া, থানায় তদবির বা দালালি করা কিংবা হাটবাজার ও রাস্তাঘাট থেকে চাঁদা তোলার জন্য আমার কোনো লোক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেন। এ ছাড়াও জেলা কর্মপরিষদের সদস্য মো. মহিউদ্দিনসহ জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।