সেন্টমার্টিনে পর্যটক খরায় হতাশ ব্যবসায়ীরা

গোলাম আজম খান কক্সবাজার

Advertisement

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুমে ভ্রমণপিপাসুদের উপস্থিতি নিয়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। প্রতিদিন সর্বোচ্চ তিন হাজার ৫০০ পর্যটক ভ্রমণের অনুমতি থাকলেও শুক্রবার পাঁচটি জাহাজে দ্বীপটিতে গেছেন মাত্র এক হাজার ৬৬১ জন। সাপ্তাহিক ছুটির দিনেও পর্যটকের এমন কম উপস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন জাহাজ কর্তৃপক্ষ।
পর্যটনসংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী, প্রতিদিনের অনুমোদিত পর্যটক সংখ্যার বিপরীতে শুক্রবার উপস্থিতি ছিল অর্ধেকেরও কম। অর্থাৎ অনুমোদিত তিন হাজার ৫০০ জনের বিপরীতে এক হাজার ৮৩৯টি আসন অব্যবহৃত থেকেছে। অনুমোদিত ধারণক্ষমতার প্রায় ৪৭ দশমিক ৫ শতাংশ যাত্রী নিয়ে জাহাজগুলো যাত্রা করেছে।
এ দিকে গত বছরের তুলনায় এবার সেন্টমার্টিনে পর্যটক কমেছে প্রায় ৪৫ শতাংশ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে পর্যটন মৌসুম শুরু হলেও দ্বীপকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে প্রত্যাশিত গতি ফিরছে না।
জাহাজ কর্তৃপক্ষের হতাশার কারণও স্পষ্ট। পাঁচটি জাহাজ চলাচলের প্রস্তুতি, জ্বালানি, কর্মী ও পরিচালন ব্যয় বহন করতে হলেও পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না। বিশেষ করে শুক্রবারের মতো ছুটির দিনেও যাত্রীসংখ্যা কম থাকায় সামনে পর্যটন মৌসুমের ব্যবসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর প্রভাব পড়ছে দ্বীপের হোটেল-রিসোর্ট, রেস্তোরাঁ, ক্ষুদ্র ব্যবসায়ী, পর্যটন গাইড, পরিবহনকর্মীসহ পর্যটননির্ভর বিভিন্ন পেশার মানুষের ওপর। পর্যটকদের উপস্থিতি কমে গেলে তাদের আয়-রোজগারেও নেতিবাচক প্রভাব পড়ে।
পর্যটক কমার পেছনে পরীক্ষা ও যাতায়াতের ভোগান্তি ব্যাখ্যা দিতে গিয়ে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ডিসেম্বর মাসের শুরুতে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা শুরু হচ্ছে। শিক্ষার্থীদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পর্যটকদের চাপ বাড়ার সম্ভাবনা কম। বিশেষ করে পরিবার নিয়ে ভ্রমণের ক্ষেত্রে শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। তিনি আরো বলেন, বর্তমানে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে জোয়ার-ভাটার ওপর নির্ভর করে জাহাজ ছাড়তে হচ্ছে। ফলে পর্যটকদের দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এতে ভ্রমণকারীদের ভোগান্তি বাড়ছে এবং অনেকের কাছে সেন্টমার্টিন ভ্রমণ আগের তুলনায় কষ্টসাধ্য হয়ে উঠছে।
হোসাইন ইসলাম বাহাদুরের মতে, খুরুশকুলে নির্মাণাধীন নতুন জেটি অথবা ইনানী জেটি ঘাট থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলের ব্যবস্থা করা গেলে পর্যটকদের ভোগান্তি অনেকাংশে কমানো সম্ভব হতো। বিকল্প জেটি ব্যবহারের সুযোগ তৈরি হলে জোয়ার-ভাটার কারণে দীর্ঘ অপেক্ষার সমস্যাও অনেকটা লাঘব হতে পারে।
তিনি মনে করেন, পর্যটনশিল্পকে সচল রাখতে শুধু পর্যটক যাওয়ার অনুমতি দিলেই হবে না; যাতায়াতব্যবস্থাকে আরো সহজ, সময়োপযোগী ও পর্যটকবান্ধব করতে হবে।
পর্যটন খাতে নতুন করে ভাবার সময়
পর্যটনসংশ্লিষ্টদের মতে, সেন্টমার্টিনে পর্যটক কমে যাওয়ার পেছনে একক কোনো কারণ নেই। শিক্ষার্থীদের পরীক্ষা, টিকিটের মূল্য, দীর্ঘ সমুদ্রযাত্রা, ঘাটে অপেক্ষা এবং যাতায়াতের সীমাবদ্ধতা- সব মিলিয়ে পর্যটকদের আগ্রহে প্রভাব পড়তে পারে।
তাই পরিবেশ সংরক্ষণের নীতিমালা অক্ষুণœ রেখে বিকল্প জেটি, উন্নত ঘাট ব্যবস্থাপনা এবং যাত্রীবান্ধব জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন।
টিকিটের বাড়তি দাম, হোটেলের জ্বালানি ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম. রহিম জিহাদী বলেন, জাহাজের টিকিটের মূল্য তুলনামূলক বেশি হওয়ায় অনেক পর্যটকের পক্ষে সেন্টমার্টিন ভ্রমণ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে পরিবার নিয়ে ভ্রমণ করতে গেলে যাতায়াত ও আবাসনসহ সামগ্রিক খরচ অনেক বেড়ে যায়। ফলে আগ্রহ থাকলেও অনেকেই ভ্রমণের সিদ্ধান্ত থেকে সরে আসছেন। তিনি আরো বলেন, পর্যটক কম থাকলেও সেন্টমার্টিনের হোটেল-রিসোর্ট পরিচালনায় জ্বালানি খরচসহ নিয়মিত ব্যয় বহন করতে হচ্ছে। পর্যটকদের উপস্থিতি কম থাকায় ব্যবসায়ীরা প্রত্যাশিত আয় পাচ্ছেন না। এতে আবাসন খাতের উদ্যোক্তারা আর্থিক চাপের মধ্যে রয়েছেন।
তবে ডিসেম্বরের দিকে পর্যটকের চাপ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা শেষ হলে এবং শীতের ছুটিকে কেন্দ্র করে পরিবার ও বন্ধুদের নিয়ে ভ্রমণে পর্যটকদের আগ্রহ বাড়তে পারে। তখন সেন্টমার্টিনে পর্যটকের উপস্থিতিও বাড়ার সম্ভাবনা রয়েছে।
পর্যটন খাতের সামনে এখন বড় চ্যালেঞ্জ
জাহাজ মালিক ও হোটেল-রিসোর্ট ব্যবসায়ীদের বক্তব্যে উঠে এসেছে, সেন্টমার্টিনে পর্যটক কমে যাওয়ার পেছনে একাধিক কারণ কাজ করছে। এক দিকে টিকিটের বাড়তি মূল্য ও দীর্ঘ সমুদ্রযাত্রা, অন্য দিকে ঘাটে জোয়ার-ভাটার কারণে অপেক্ষা এবং আবাসন ব্যয়- সব মিলিয়ে পর্যটকদের ভ্রমণ পরিকল্পনায় প্রভাব পড়ছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, পর্যটকদের যাতায়াত সহজ করা, ব্যয়ের বিষয়টি বিবেচনা করা এবং ডিসেম্বরের ছুটির মৌসুমকে সামনে রেখে সমন্বিত উদ্যোগ নেয়া হলে সেন্টমার্টিনের পর্যটনে নতুন গতি ফিরতে পারে।
তবে পর্যটক কমে যাওয়ার পেছনে পরিবেশ সংরক্ষণসংক্রান্ত বিধিনিষেধ, যাতায়াতের সীমাবদ্ধতা, ভ্রমণ ব্যয় ও পর্যটকদের অনাগ্রহ- কোন বিষয়টি কতটা দায়ী, তা নির্দিষ্ট তথ্য-উপাত্ত দিয়ে বিশ্লেষণ করা প্রয়োজন।
সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষা নিঃসন্দেহে জরুরি। কিন্তু পরিবেশ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের জীবিকা এবং পর্যটনশিল্পের অর্থনৈতিক বাস্তবতাও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।
এখন বড় প্রশ- সাড়ে তিন হাজার পর্যটকের অনুমতি থাকার পরও কেন দ্বীপে যাচ্ছেন মাত্র এক হাজার ৬৬১ জন? সেন্টমার্টিনের পর্যটনে এ ভাটা কি সাময়িক, নাকি পর্যটন ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত? প্রবাল দ্বীপের প্রকৃতি রক্ষা করে কিভাবে পর্যটনকে আবারো প্রাণবন্ত করা যায়, এখন সেটিই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পর্যটন ব্যবসায়ী ও স্থানীয় মানুষের সামনে বড় চ্যালেঞ্জ।