
নয়া দিগন্ত ডেস্ক
পাকিস্তান কিংবা ভারতের কারো দাসত্ব নয়, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজস্ব পররাষ্ট্রনীতি অনুসরণ করবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেছেন, ‘আমরা পিন্ডি কিংবা দিল্লির দাসত্ব চাই না। আমরা স্বাধীন দেশ হিসেবে স্বাধীনভাবে থাকতে চাই। কোনো দেশের নির্দেশনা বা কর্তৃত্বে বাংলাদেশ চলবে না।’
শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল (বিএনসিপি) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা এবং ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরা ও বিচার প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ‘আমরা তো বলিনি যে তাকে দেশে ফিরিয়ে আনতে চাই না; বরং আমরা তাকে দেশে ফিরিয়ে আনতে চাই। তিনি দেশে আসুন, বিচারের মুখোমুখি হন।’
তিনি বলেন, তবে তিনি পাসপোর্ট কেন চাইছেন, কেন অন্য দেশে যেতে চাইছেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, সেটিও ভাবনার বিষয়।
ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে চান তারা। তবে কোনো ধরনের বড় ভাইসুলভ আচরণ চান না। দুই দেশের মধ্যে সমান আচরণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। তিনি বলেন, ‘এখানে কোনো দেশ ছোট বা বড় নয়। আমরাও স্বাধীন দেশ, ভারতও স্বাধীন দেশ।’
৭ নভেম্বরের চেতনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রেখে চলতে চায়। পিন্ডি কিংবা দিল্লি- কারো অধীনস্থ হয়ে নয়, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মো: ওমর ফারুক পীর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সিনিয়র অ্যাডভোকেট এ কে এম আজিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবেদ ইকবাল।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








