মালদ্বীপের বিদায় গ্রুপ সেরা ভারত

ক্রীড়া প্রতিবেদক
অধিনায়ক মোহাম্মদ সোহাইল এবং এক ডিফেন্ডার চলে গেছেন নিউজিল্যান্ডে। তারা ভারতের মূল দলের সাথে ফিফা প্রীতিম্যাচ খেলতে গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। অন্য তিন ফুটবলারকে তাদের ক্লাব নিয়ে গেছে। ফলে তাদের বিকল্প হিসেবে আরো ১০ ফুটবলারের আগমন। নতুন এই খেলোয়াড়দের দুই দিনের জন্য পেয়েছেন ভারতের কোচ নওশাদ মুসা। তাদের নিয়েই সেমিতে যাওয়ার জন্য গতকাল মালদ্বীপের বিপক্ষে ড্র দরকার ছিল ভারতের। অন্য দিকে সেমিতে যেতে এই ম্যাচে মালদ্বীপের ৩-০ গোলে জয়ের বিকল্প ছিল না। তবে সাফ ফুটবলের ‘বি’ গ্রুপে দুইবারের চ্যাম্পিয়নরা ড্রও করতে পারেনি। উল্টো তাদের ১-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েই সাফের সেমিতে গেছে আসরের ৯ বারের চ্যাম্পিয়নরা। এই গ্রুপ থেকে আগেই সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছিল পাকিস্তান। যারা এখন পর্যন্ত সাফে শিরোপা জিততে পারেনি। উল্লেখ্য, ১৪ তারিখে দুই সেমিফাইনাল।
মালদ্বীপের ফুটবল তাদের সোনালি সময় আগেই পার করেছে। এখন তাদের চলছে পুনর্গঠন প্রক্রিয়া। এই দল প্রথম ম্যাচে যেভাবে পাকিস্তানের কাছে ০-৩ গোলে হেরেছিল, তখনই স্পষ্ট হয়েছিল ভারতের সাথে পারবে না। তবে পাকিস্তানের বিপক্ষে ৩-২ গোলে জয়ী দলের পাঁচ ফুটবলার হারানো পর গতকাল ভারত; কিন্তু সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। বিশেষ করে বিরতির পর মালদ্বীপ যেভাবে চেপে ধরেছিল, ভারতীয়দের তাতে মনে হচ্ছিল যেকোনো সময়েই সমতা আসবে ১১৯২ দ্বীপের দেশটি। তা আর হয়নি ভারতের গোলরক্ষক প্রিয়ান্স দুবের দুর্দান্ত পারফরম্যান্সে। ভারতের কলকাতার বিখ্যাত মোহানবাগানের রিজার্ভ এই গোলরক্ষক তিনটি অসাধারণ সেভ করে পোস্টকে অক্ষত রাখেন। এতে ভারতেরও জয়ে গ্রুপ পর্ব শেষ করার মিশন সফল হলো।
পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন ভারতীয় কাশ্মিরের স্ট্রাইকার সুহাইল আহমেদ ভাট। গতকাল জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৩ মিনিট বয়সেই গোলের কাছে চলে যান তিনি। অবশ্য তার শট বাম দিকে শরীর ফেলে কর্নার করেন মালদ্বীপের শেষ প্রহরী হুসাইন শরীফ। শেষ পর্যন্ত ৩৭ মিনিটে লিড পায় ভারত। এই গোলটি পেনাল্টি থেকে। বক্সে ভারতের আবদুল রাবিহ আঞ্জুকানদানকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার হুসাইন সাইফু ইউসুফ। রেফারির দেয়া স্পট কিক থেকে গোলরক্ষককে বাম দিকে ফেলে বল ডান পাশ দিয়ে জালে পাঠান সুহাইল আহমেদ ভাট। এতে আসরে তৃতীয় গোল আদায় হলো কাশ্মিরের শ্রীনগরে জন্ম নেয়া এই খেলোয়াড়ের। পাকিস্তানের নাজিবউল্লারও গোল তিনটি।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা চালাতে থাকে ২০০৮ ও ২০১৮ সালের সাফ জয়ীরা। ৪৭ মিনিটে আহমেদ আইহামের শট ঠেকিয়ে দেন বিপক্ষ কিপার। এরপর ৮০, ৮৪ ও ৯০ মিনিটেও মালদ্বীপের খেলোয়াড়দের হতাশ করেন প্রিয়ান্স দুবে। ৮০ মিনিটে ইব্রাহিম আইসামের দূরপাল্লার শট শূন্যে লাফিয়ে কর্নার করেন ভারতের গোলরক্ষক। ৮৩ মিনিটে বক্সে এক খেলোয়াড়কে কাটিয়ে পোস্টে বাম পায়ে শট নেন মুজদান হাসান। মনে হচ্ছিল এই বল জালে যাবে। কিন্তু আবারো সেই প্রিয়ান্স দুবের বাধা। বাম দিকে পুরো শরীর ফেলে তা কর্নার করেন। এরপর ৯১ মিনিটে বদলি স্ট্রাইকার ইথান ইব্রাহিম জাকির শট প্রতিহত করে দলের জয় নিশ্চিত করেন উঠতি এই কিপার। খুব কাছ থেকে নেয়া জাকিরের শট তার মুখে লেগে গতি পরিবর্তন করে। গ্রুপ চ্যাম্পিয়ন ভারত এখন দশম শিরোপা জয় থেকে দুই ম্যাচ দূরে ভারত। আর মালদ্বীপ ২০২৩ সালের পর এবার সাফের সেমির আগেই বিদায় নিলো।

Advertisement