উজবেকিস্তানের প্রেসিডেন্টের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়া দিগন্ত

জলবায়ু সঙ্কট মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতা জোরদার এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর স্বার্থ সুরক্ষার অঙ্গীকার নিয়ে তুরস্কের আন্তালিয়ায় চলছে জাতিসঙ্ঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১। সম্মেলনের তৃতীয় দিন বুধবার বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সাথে ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি এ দিন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

Advertisement

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। পরে দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হওয়া ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এর উদ্বোধনী অধিবেশনে যোগ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ

উদ্বোধনী অধিবেশনের আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সাথে সাক্ষাৎ করেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ। এছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সাথেও কুশল বিনিময় করেন তিনি।

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সাথে দ্বিপক্ষীয় বৈঠক

কপ৩১-এর সাইডলাইনে বুধবার স্থানীয় সময় বিকেল পৌনে ৩টায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনস্থলে অনুষ্ঠিত এ বৈঠক চলে প্রায় আধা ঘণ্টা।

বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সম্মেলনের ফাঁকে আরো কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সাথে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এর আগে মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের

কপ৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জলবায়ু সঙ্কট মোকাবেলায় ‘ক্লাইমেট জাস্টিস কমপ্যাক্ট’ নামে নতুন বৈশ্বিক কাঠামো গঠনের আহ্বান জানিয়েছেন। অভিন্ন দায়িত্ব, অভিন্ন নিরাপত্তা ও সুফল বণ্টনের ভিত্তিতে এ কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেন তিনি। জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সংগত উত্তরণ, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতাকে এর প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরেন জাতিসঙ্ঘ মহাসচিব।

গুতেরেস বলেন, জীবাশ্ম জ্বালানি খাতের প্রভাবশালী লবি বৈজ্ঞানিক তথ্য বিকৃত করে জলবায়ু মোকাবেলার উদ্যোগ ও জবাবদিহি বিলম্বিত করছে। ২০৩৫ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন সক্ষমতা তিন গুণ বাড়ানো এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমানোর আহ্বান জানান তিনি। একইসাথে উন্নত দেশগুলোর প্রতি ২০৩৫ সালের মধ্যে প্রতিবছর অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার দাবি জানান।

বড় তেল কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপ করে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থ সংগ্রহের প্রস্তাবও দেন গুতেরেস। তার দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বের নয়টি বৃহৎ তেল কোম্পানি গত প্রান্তিকে সম্মিলিতভাবে ৯৫ বিলিয়ন ডলার মুনাফা করেছে।

জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে

কপ৩১ উপলক্ষে বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) প্রকাশিত জলবায়ু পরিস্থিতি হালনাগাদ প্রতিবেদনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত সময়টি রেকর্ডের উষ্ণতম সময়গুলোর মধ্যে রয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় প্রায় এক দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সমুদ্রের তাপ ধারণের ক্ষেত্রেও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে জলবায়ু অভিযোজন পরিকল্পনা জোরদার এবং বন্যা, খরা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি থেকে জনগোষ্ঠীকে সুরক্ষিত করতে আগাম সতর্কবার্তা ব্যবস্থা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।