বাংলাদেশ
শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ। নয়া দিগন্ত

ঢাকার জাতীয় স্টেডিয়ামে দাপুটে ফুটবল উপহার দিয়ে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। এই দুর্দান্ত জয়ে 'এ' গ্রুপের সেরা দল হিসেবে সেমিফাইনালে নিজেদের স্থান সুসংহত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগে থেকেই সেমিফাইনাল নিশ্চিত থাকলেও, পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে চার গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেন হামজারা।

Advertisement

শমিত ও হামজার গোলে প্রথমার্ধে চালকের আসনে বাংলাদেশ

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। অষ্টম মিনিটে শমিত সোমের চমৎকার গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। এরপর ৪৩ মিনিটে অধিনায়কত্বের অভিষেকেই দৃষ্টিনন্দন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হামজা চৌধুরী। এই দুই গোলের ওপর ভর করেই ২-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

ফারহানের একক নৈপুণ্য ও রাকিবের অসাধারণ ফিনিশিং

বিরতির পর আক্রমণ আরও জোরদার করে বাংলাদেশ। ৫৩ মিনিটে একক নৈপুণ্যে শ্রীলঙ্কার তিন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন ফারহান আলী।

পুরো ম্যাচজুড়েই মাঠ কাঁপিয়েছেন রাকিব। একের পর এক আক্রমণে যেমন অংশ নিয়েছেন, তেমনি সতীর্থদের জন্য তৈরি করেছেন বহু গোলের সুযোগ। তার বাড়ানো কয়েকটি দারুণ ক্রস সতীর্থরা কাজে লাগাতে না পারলেও, ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে নিজেই হয়ে ওঠেন নায়ক। বক্সের বেশ খানিকটা বাইরে বল পেয়ে দ্রুত গতিতে এক ডিফেন্ডারকে পেছনে ফেলেন তিনি। সামনে কেবল শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। অত্যন্ত সূক্ষ্ম ও দারুণ এক চিপে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে ৪-০ গোলের বড় জয় নিশ্চিত করেন রাকিব।

গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে লাল-সবুজের দল

পুরো ম্যাচে বাংলাদেশের একচ্ছত্র আধিপত্যের সামনে শ্রীলঙ্কা প্রতিরোধ গড়তে পারেনি। নিজেদের কিছু ভুলত্রুটি সত্ত্বেও বাংলাদেশকে তার জন্য কোনো খেসারত দিতে হয়নি। চার গোলের বিশাল এই জয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়ে গ্রুপসেরার মুকুট পরেই শেষ চারে পা রাখল বাংলাদেশ।