
ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের জন্য নতুন ইতিহাস গড়ে দেশে ফিরেছেন তরুণ স্প্রিন্টার শিপন মিয়া। সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ৪র্থ ইয়ুথ অলিম্পিক গেমস শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শিপন মিয়া ও কোচ আব্দুল্লাহ হেল-কাফি। এ সময় বিমানবন্দরে অ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষ থেকে তাদেরকে অভ্যর্থনা জানান কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন আহমেদ মোস্তাক, মিলজার হোসেন এবং জাতীয় অ্যাথলেট রেহেনা পারভীন।
ডাকার যুব অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের সেরা ১১.০৯ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে ১৫জনের মধ্যে সপ্তম হয়ে ফাইনালে জায়গা করে নেন শিপন মিয়া। ফাইনালে ১১.১৮ সেকেন্ড সময় নিয়ে ৯ জন প্রতিযোগীর মধ্যে সপ্তম হন। শিপন মিয়ার এই অর্জন বাংলাদেশের অ্যাথলেটিক্স ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যুব অলিম্পিক গেমসের ইতিহাসে ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে অংশ নিয়ে প্রথম বাংলাদেশী হিসেবে নাম লিখিয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








