খাবার নিয়ে অভিযোগ ভারতের

ক্রীড়া প্রতিবেদক
‘খেলা ছাড়াত আমরা হোটেল থেকে বেরই হতে পারি না। মাঠ আর হোটেল এই হলো আমাদের ঢাকার অভিজ্ঞতা। এই শহরের সৌন্দর্য কিভাবে উপভোগ করব।’ ম্যাচ শেষে এভাবেই হতাশার কথা জানান ভারতের কোচ নওশাদ মুসা। এর পরই উল্লেখ করেন, ‘নিরাপত্তার কারণেই আমাদের এই অবস্থা।’ যোগ করেন, ‘ঢাকায় আমাদের আর কোনো সমস্যা নেই। তবে খাবার নিয়ে আমাদের আপত্তি আছে। প্রতিদিন একই খাবার। কোনো ভিন্নতা নেই। সকালের নাশতার সমাধান করেছি। তবে অন্য দুই বেলা খাবার আমাদের চাহিদা মতো হচ্ছে না।’ তার মতে, আমাদের ম্যানেজার বিষয়টি নিয়ে সাফ কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন।’ এই খাবার নিয়ে সরাসরি অভিযোগ করেননি মালদ্বীপের হাঙ্গেরিয়ান কোচ ইসটভান বেলা উর্বানী। এর পরও ছিল অভিযোগের সুর। তার মতে, জুনে মালদ্বীপে চার জাতি ফুটবলের সময় দলগুলোতে যে মানের খাবার ছিল এখন খাবার সেই মানের নয়।’
এরপর ম্যাচের ফল নিয়ে ভারতের কোচ জানান, ‘পাঁচ ফুটবলার চলে গেছে। নতুন এসেছে ১০ জন। এই ফুটবলারদের দলের সাথে পেয়েছি দুই দিন। এই অবস্থায় জেতাটা কঠিন। তবুও জয় পাওয়ায় ফুটবলারদের ধন্যবাদ।’ সাথে মালদ্বীপের খেলারও প্রশংসা করেন তিনি। মূল দল নেই। যে ‘বি’ টিম নিয়ে এসেছে ভারত, সেটা এখন ‘সি’ টিম হয়ে গেছে। এর পরও সাফ শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী নওশাদ মুসা।
মালদ্বীপের কোচের মতে, আমরা যদি প্রথমার্ধে স্কোর গোলশূন্য রাখতে পারতাম তাহলে বিরতির পর চিত্র হতো ভিন্ন রকম। একটি পেনাল্টিতেই আমরা পিছিয়ে  গেছি।

Advertisement