আমি তাদের কোচ বন্ধু নই : সারোয়ার

 ক্রীড়া প্রতিবেদক
অনুশীলনে শৃঙ্খলা ফেরানো, ফিটনেসের উন্নতি এবং কোচদের নীরবতা ভাঙতে চেয়েছিলেন। কিন্তু তার সেই কঠোর অবস্থানই শেষ পর্যন্ত কাল হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ সারোয়ার ইমরান। দায়িত্ব হারানোর পর এবার মুখ খুলে নারী দলের অন্দরমহলের নানা অসংগতি সামনে এনেছেন। তার অভিযোগ, খেলোয়াড়দের মন জুগিয়ে চলার প্রবণতা এবং চাকরি হারানোর ভয়ে কোচদের নীরবতা নারী ক্রিকেটের উন্নতির পথে বড় বাধা।
এশিয়ান গেমস ও এশিয়া কাপের পর সারোয়ার ইমরানের সাথে চুক্তির মেয়াদ আর বাড়ায়নি বিসিবি। তার জায়গায় নারী দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ডেভিড হেম্পকে। দায়িত্ব থেকে সরে যাওয়ার পর কোচের আচরণ ও মেজাজ নিয়ে নানা আলোচনা সামনে এসেছে। একাধিক সিনিয়র ক্রিকেটার তার আচরণ নিয়ে বোর্ডের কাছে অভিযোগ করেছিলেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ অভিজ্ঞ এই কোচ। তার দাবি, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, দলের উন্নতির স্বার্থেই কঠোর হতে হয়েছিল তাকে।
কোচের পদ থেকে সরানোর আগে বোর্ডের সাথে কোনো আলোচনাই হয়নি বলে দাবি করেছেন সারোয়ার। ‘এশিয়ান গেমস ও এশিয়া কাপের পর বিসিবি আমার সাথে কোনো যোগাযোগই করেনি। আমাকে শুধু একটি চিঠি দেয়া হয়, যেখানে বলা হয়েছিল আমি অস্ট্রেলিয়া সফরে যাচ্ছি না, অন্য এক কোচ যাবেন। বিসিবির সাথে আমার যোগাযোগ কেবল এতটুকুই ছিল।’
দায়িত্ব হারানোর চেয়েও নারী দলের কাজের পরিবেশ নিয়ে তার ক্ষোভ বেশি। সারোয়ারের পর্যবেক্ষণ, নারী দলের কোচিং স্টাফের সদস্যরা অনেকটাই খেলোয়াড়দের ইচ্ছার ওপর নির্ভর করে কাজ করতেন। খেলোয়াড়েরা যা চাইতেন, কোচরাও তা-ই মেনে নিতেন। এমন পরিবেশে দলের উন্নতি সম্ভব নয় বলেই মনে করেন তিনি। ‘উগ্র মেজাজের কথা যদি বলেন, আমি যখন নারী দলে যোগ দেই, তখন দেখেছিলাম স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচ, ট্রেনার, ফিজিও- সবাই অত্যন্ত চুপচাপ। নারী ক্রিকেটাররা যা বলে তারা সেটাই শোনেন। এই কমফোর্ট জোনে থেকে দলের উন্নতি হতে পারে না। এই কারণেই দল পাঁচ বছর আগে যেখানে ছিল, সেখানেই পড়ে রয়েছে।
তার মতে, খেলোয়াড়দের ভুলত্রুটি দেখেও অনেক কোচ প্রয়োজনীয় পদক্ষেপ নেন না। কারণ কঠোর হলে খেলোয়াড়দের অসন্তোষ তৈরি হতে পারে, যা শেষ পর্যন্ত তাদের চাকরির জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। একজন স্পিনার ৩০টা বল করার পর কোচকে বলে সে আর বল করবে না। আর কোচও তাতে রাজি হয়ে যান। তাদের ফিটনেস নিয়েও কথা বলেছি। যখন বকা দেয়ার প্রয়োজন ছিল, বকেছি। এটাকে যদি উগ্র মেজাজ বলা হয়, তবে আমি বলব এভাবে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি সম্ভব নয়। আমি যদি খেলোয়াড়ের বন্ধু হয়ে যাই, তবে তাকে দল থেকে বাদ দিতে পারব না। আমি তাদের কোচ, বন্ধু নই।’

Advertisement