
মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে যে, দেশের প্রেসিডেন্ট ইসরাইলি পাসপোর্টধারীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্ব্যক্ত করেছেন এবং বলেছেন কোনো অবস্থাতেই তাদের দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ মুইজু বলেন, প্রস্তাবিত অভিবাসন আইন কোনো শর্ত বা পরিবর্তনশীল পরিস্থিতি বিবেচনা ছাড়াই ইসরাইলি পাসপোর্টধারীদের প্রবেশের ওপর একটি পূর্ণাঙ্গ ও আপসহীন নিষেধাজ্ঞা প্রতিষ্ঠা করবে।
তিনি ব্যাখ্যা করেন, আগের প্রস্তাবগুলোতে ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ফিলিস্তিনিদের ওপর গণহত্যা ইসরাইল বন্ধ না করা পর্যন্ত প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু নতুন বিলে এই বিধিনিষেধগুলোকে শর্তহীন করা হবে।
মুইজু ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের পদক্ষেপকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে মালদ্বীপে ইসরাইলি পাসপোর্টধারীদের প্রবেশের অনুমতি দেওয়া একেবারেই গ্রহণযোগ্য নয়।
এছাড়াও তিনি ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটির পক্ষ থেকে ফিলিস্তিন ইস্যুতে তাদের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, তার সরকার আন্তর্জাতিক মঞ্চে এবং আইনি মাধ্যমে ধারাবাহিকভাবে নিজেদের অবস্থান বজায় রেখেছে।
প্রেসিডেন্ট বলেন, এই বিষয়ে সরকারের অবস্থান প্রতিফলিত করেই প্রস্তাবিত অভিবাসন বিলটির খসড়া তৈরি করা হয়েছে।
সংসদে পাস হওয়া অভিবাসন আইনের পরিবর্তনগুলো মুইজু অনুমোদন করার পর, ২০২৫ সালের এপ্রিলে দ্বীপরাষ্ট্রটি প্রথম ইসরাইলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।
ওই সময় মুইজু বলেছিলেন যে এই সিদ্ধান্তটি ফিলিস্তিনিদের প্রতি দেশের সংহতি এবং গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে মালদ্বীপের বিরোধিতারই প্রতিফলন।
মূল বিধিনিষেধগুলো গাজায় ইসরাইলের পদক্ষেপের সাথে শর্তযুক্ত ছিল, কিন্তু নতুন প্রস্তাবিত আইনের লক্ষ্য হলো—ভবিষ্যতের ঘটনাপ্রবাহ যা-ই হোক না কেন, এই নিষেধাজ্ঞাকে পুরোপুরি শর্তহীন করে তোলা।
জাতিসঙ্ঘ প্রস্তাবের সাথে সঙ্গতি রেখে, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিকে মালদ্বীপ ধারাবাহিকভাবে সমর্থন জানিয়ে আসছে।
সূত্র : আনাদুলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








