ব্রুকলিন, ভবন ধস, নিহত,  আহত , মামদানি
একজনকে উদ্ধার করছেন দমকল কর্মীরা। রয়টার্স

নিউইয়র্কের ব্রুকলিনে বুধবার তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জনের বেশি। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ধ্বংসস্তূপের নিচে আরো কেউ আটকে আছেন কি না, তা জানতে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।

Advertisement

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার (১২ নভেম্বর) জানায়, নিউইয়র্কের ফ্ল্যাটবুশ এলাকায় বুধবার বিকেল ৪টার দিকে ভবনটি ধসে পড়ে। ১৯৩০ সালে নির্মিত চারটি আবাসিক ইউনিটের ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনার ওপর গিয়ে পড়ে। সেখানে তখন মাটি খোঁড়ার কাজ চলছিল। কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান, নিহতের সংখ্যা অন্তত দুজন। আহত ১০ জনের বেশি মানুষকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তবে অন্যদের আঘাত প্রাণঘাতী নয়।

নগরীর ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার লিলিয়ান বনসিগনোর জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের সন্ধান পাওয়া গেছে। তাঁদের মধ্যে সাতজন শিশু। নিহত দুজন শিশু নাকি প্রাপ্তবয়স্ক, তা তিনি জানাননি। উদ্ধারকাজে অংশ নেয়া এক দমকলকর্মীও সামান্য আহত হয়েছেন।

ভবনটি ধসে পড়ার সময় সেখানে কতজন বাসিন্দা ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাশের নির্মাণস্থলে কতজন শ্রমিক কাজ করছিলেন, সে তথ্যও পাওয়া যায়নি।

কাকতালীয়ভাবে কাছাকাছি এলাকায় থাকা দমকলকর্মীদের একটি দল ভবন ধসের এক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়। তারাই ধ্বংসস্তূপ থেকে প্রথম কয়েকজনকে উদ্ধার করে। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর প্রচারিত দৃশ্যে দেখা যায়, উদ্ধারকর্মীরা তল্লাশি কুকুর নিয়ে ধ্বংসস্তূপের মধ্যে খোঁজ চালাচ্ছেন। বালতিতে করে সরাচ্ছেন ভাঙা ইট-পাথর ও অন্যান্য ধ্বংসাবশেষ। ধ্বংসস্তূপের নিচে ফাঁকা জায়গায় কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখছেন তাঁরা।

নিউইয়র্কের টেলিভিশন চ্যানেল ডব্লিউএবিসি-টিভি জানিয়েছে, ভবন ধসের প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা পর অন্তত চারজনকে জীবিত উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।

নগরীর ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জন এসপোসিতো বলেছেন, সম্ভাব্য সব নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুরো এলাকা তল্লাশি করতে উদ্ধারকর্মীদের কয়েক দিন লেগে যেতে পারে। তিনি বলেন, ‘সব মিলিয়ে কতজন নিখোঁজ রয়েছেন, তা আমরা জানি না।’