
অবৈধ স্বর্ণ উত্তোলনের সাথে জড়িত অপরাধীচক্রের বিরুদ্ধে অভিযান শেষে ফেরার পথে বুধবার খাইবার পাখতুনখোয়ার (কেপি) কোহাটে পুলিশের একটি দল হামলার শিকার হয়। এতে ১০ পুলিশ সদস্য এবং ১৮ জন সন্ত্রাসী নিহত হন।
খাইবার পাখতুনখোয়া পুলিশের জনসংযোগ দফতরের এক বিবৃতিতে বলা হয়, কোহাট শহরের নিকটবর্তী দারাবুকাক্স এলাকায় স্থানীয় সিভিল প্রশাসনের সাথে যৌথভাবে অভিযান পরিচালনা করছিল পুলিশ।
বিবৃতিতে বলা হয়, 'অভিযান শেষ করে ফেরার পথে অপরাধীচক্রের ইন্ধনে 'ফিতনা আল খারিয' পুলিশের দলটির ওপর অতর্কিত হামলা চালায়।'
এতে আরো উল্লেখ করা হয়, 'পুলিশ সদস্যরা অত্যন্ত সাহসিকতা ও বীরত্বের সাথে আক্রমণকারীদের মোকাবিলা করে, যার ফলে ১৮ জন খারিযকে নরকে পাঠানো হয়েছে।' একই সাথে কেপি পুলিশের ১০ জন সদস্য 'বীরত্বের সাথে লড়াই করতে করতে শাহাদাতবরণ করেন' বলে জানানো হয়।
উল্লেখ্য, নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের বোঝাতেই রাষ্ট্রীয়ভাবে 'ফিতনা আল খারিয' শব্দটি ব্যবহার করা হয়।
কেপি পুলিশের অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ছবি অনুযায়ী, শহীদ পুলিশ সদস্যদের মধ্যে ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) হায়দার জামানও অন্তর্ভুক্ত রয়েছেন।
কেপি পুলিশ তাদের বিবৃতিতে জানায়, 'বহিঃশক্তির প্ররোচনায় অপরাধীচক্র এবং ফিতনা আল খারিযের পারস্পরিক যোগসাজশ এবং পুলিশের ওপর এই যৌথ হামলা স্পষ্ট প্রমাণ করে যে, অপরাধী মাফিয়া ও ফিতনা আল খারিযের মধ্যে সুসংগঠিত যোগাযোগ রয়েছে।'
পুলিশ ঘোষণা দেয়, 'এই ঘটনা আবারও প্রমাণ করে যে ইসলামের সাথে বা পাকিস্তানের সাথে ফিতনা আল খারিযের কোনো সম্পর্ক নেই। এই চক্রগুলো তাদের অসৎ উদ্দেশ্যে অপরাধী মাফিয়ার সাথে হাত মিলিয়ে কাজ করছে।'
বিদেশি মদদপুষ্ট অপরাধীচক্র ও ফিতনা আল খারিযের বিরুদ্ধে "সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে" বলে হুঁশিয়ারি দিয়ে পুলিশ জানায়, সন্ত্রাসী ও অপরাধী মাফিয়ার মদদদাতাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
এর আগে, রেসকিউ ১১২২-এর মুখপাত্র জাওয়াদ আফ্রিদি এক ভিডিও বার্তায় জানান যে, পুলিশের একটি দলের ওপর গুলিবর্ষণের ঘটনার পর তাদের উদ্ধারকর্মীরা ১২ জন আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে গেছেন।
এর আগের দিনই কোহাটের ডেপুটি কমিশনার প্লাসার গোল্ড বা নদীর বালুচর থেকে সোনা উত্তোলনের সি-ব্লক, ডি-ব্লক ও সংলগ্ন খনি এলাকার সীমানার মধ্যে এক্সকাভেটর বা ভেকু পার্ক করার ওপর ৬০ দিনের নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
ডিসি অফিস থেকে জারি করা আদেশে বলা হয়, নির্দিষ্ট কিছু ব্যক্তি, গোষ্ঠী ও স্থানীয়রা খনি এলাকার কাছাকাছি নিজেদের বাসভবনে এক্সকাভেটর পার্ক করে রাখছিল, যা অননুমোদিত উপায়ে সোনা উত্তোলনের কাজে সহজেই ব্যবহার করা যেতে পারে।
এতে বলা হয়, অবৈধ মাইনিংয়ের এলাকাগুলো ফাঁকা করতে জেলা প্রশাসন বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা সত্ত্বেও আবাসিক এলাকায় এক্সকাভেটরগুলোর উপস্থিতি এই ধরনের বেআইনি কর্মকাণ্ডকে উৎসাহিত করে চলেছিল, যা জনশৃঙ্খলা ও রাষ্ট্রীয় স্বার্থের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছিল।
অবৈধ সোনার উত্তোলন সহজলভ্যকারী এক্সকাভেটরগুলোর অপব্যবহার রোধে জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে বলেও ওই আদেশে উল্লেখ করা হয়।
আরেকটি আদেশের মাধ্যমে প্রশাসন জেলার অননুমোদিত সোনা উত্তোলনের কাজে ব্যবহারের জন্য খোলা পাত্র বা বোতলে পেট্রোলিয়াম পণ্য কেনাবেচা ও সরবরাহ নিষিদ্ধ করেছিল।
গত ৭ অক্টোবর কোহাটে একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসীদের হামলায় সাত পুলিশ কর্মকর্তা আহত হন।
সূত্র : ডন
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








