
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৬-২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর (বুধবার) ঢাকায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচনের এ তফসিল প্রকাশ করে। রাষ্ট্রপতির আদেশ নং ২৬/১৯৭৩ এবং সোসাইটির গঠনতন্ত্র ও নির্ধারিত নির্বাচনী প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থাপনা পর্ষদের নির্ধারিত পদগুলোতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিট থেকে পাঠানো ডেলিগেটদের তথ্য যাচাই-বাছাই করে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। ১৫ নভেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। পরদিন ১৬ নভেম্বর ভোটার তালিকা নিয়ে আপত্তি ও আবেদন গ্রহণ এবং নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী, ১৭ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ করা হবে। ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল এবং ১৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
এ ছাড়া ২০ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হবে। ২১ নভেম্বর আপিল শুনানি ও নিষ্পত্তির পর ২২ নভেম্বর বৈধভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এরপর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা প্রণয়ন থেকে শুরু করে মনোনয়নপত্র গ্রহণ, যাচাই-বাছাই, আপিল গ্রহণ ও নিষ্পত্তি এবং ভোটগ্রহণ পর্যন্ত নির্বাচনের প্রতিটি ধাপ ঘোষিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে।
নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা, দায়িত্বশীল অংশগ্রহণ এবং কমিশনের নির্দেশনা অনুসরণের মাধ্যমে ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








