
আগামী ২ ডিসেম্বর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় প্রথম ধাপের ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
এজন্য উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই অফিসে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন।
প্রকৃত উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই, কার্ড প্রস্তুত, ফাইল সম্পন্নকরণ ও কম্পিউটারে ডাটা এন্ট্রিসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। যাতে আগামী ২ ডিসেম্বরের অনুষ্ঠানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তি ছাড়াই সুষ্ঠুভাবে কার্ড ও ভাতা বিতরণ করা যায়। সেই লক্ষ্যে চলছে এই জোর প্রস্তুতি।
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করবেন। তাই উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস যৌথভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা এহছানুল হক বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসহায়, দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলো সরাসরি সরকারি সহায়তা পাবে। এতে স্বচ্ছতা বাড়বে এবং প্রকৃত উপকারভোগীরা সহজেই তাদের অধিকার পাবে। কোনো উপকারভোগী যাতে বাদ না পড়ে এবং কোনো অনিয়ম না হয়, সেজন্য আমরা বন্ধের দিনেও কাজ করছি।
তিনি আরো বলেন, প্রথম ধাপে যারা নির্বাচিত হয়েছেন, তাদের সকল তথ্য যাচাই করে চূড়ান্ত করা হচ্ছে। বিতরণের দিন উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণের মাধ্যমে হোসেনপুরের অসহায় পরিবারগুলো অর্থনৈতিকভাবে কিছুটা হলেও স্বাবলম্বী হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









