
নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।
ভারতীয় অধিনায়ক শুভমান গিল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর প্রথম ইনিংসে ৩৫৬ রান করে নিউজিল্যান্ড। জবাবে একের পর এক দায়িত্বজ্ঞানহীন শটে উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকানোর চেষ্টা করেছিলেন ঋষভ পান্ত। সপ্তাহের মাঝামাঝি সামাজিক ক্রিকেট ম্যাচ ‘লাস্ট ম্যান স্ট্যান্ডস’-এ যেমন ব্যাটিং করেছিলেন, সেই একই মেজাজে খেলতে গিয়ে জ্যাকব ডাফির বলে ২৩ রানে আউট হন তিনি। একই ধরনের বেপরোয়া শট খেলতে গিয়ে কাইল জেমিসনের দারুণ ক্যাচে পরিণত হন পান্ত।
গত সপ্তাহে ওয়েলিংটনে ধৈর্যশীল ব্যাটিংয়ের দৃষ্টান্ত স্থাপন করা লোকেশ রাহুল এবার ২৫ রানে আউট হন। বাজে বলে আলগা ড্রাইভ খেলতে গিয়ে পয়েন্টে ডেভন কনওয়ের হাতে ক্যাচ দেন তিনি।
দিনের শেষ বলে আউট হন ওয়াশিংটন সুন্দর। নাথান স্মিথের বলে ব্যাটের কানায় লেগে আসা বলটি দ্বিতীয় স্লিপে দারুণভাবে তালুবন্দি করেন টম ল্যাথাম।
দিন শেষে ৭ রানে অপরাজিত আছেন ধ্রুব জুরেল।
ওয়েলিংটনে ৩৩ ওভারে ২০১ রান দিয়ে নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান খরচের রেকর্ড গড়া ডাফি ক্রাইস্টচার্চে ছন্দে ফেরেন। আট ওভারে ২১ রান দিয়ে নেন দুটি উইকেট। জেমিসন ১৩ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট।
ডাফি বলেন, ‘গত সপ্তাহে পরিকল্পনা অনুযায়ী কিছুই হয়নি। সবচেয়ে খারাপ বিষয় হলো, তখন মনে হয় আপনি দলকে হতাশ করছেন। এটা কখনোই ভালো অনুভূতি নয়। আশপাশের সবার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। এমন একটি দল পাশে পাওয়া সত্যিই বিশেষ ব্যাপার।’
এর আগে ইনিংসের প্রথম ওভারেই যশস্বী জয়সওয়ালকে শূন্য রানে বোল্ড করেন ম্যাট হেনরি। বাঁহাতি এই ব্যাটসম্যানকে লক্ষ্য করে ভেতরের দিকে সুইং করা বলটি পরে বাইরের দিকে সিম করে অফ স্টাম্পে আঘাত হানে।
দ্রুত ২১ রান করা দেবদত্ত পাডিক্কালকে ফিরিয়ে দেন জেমিসন। সিম থেকে ভেতরের দিকে ঢোকা বলে ব্যাটের কানায় লেগে টম ব্লান্ডেলের হাতে ধরা পড়েন তিনি।
সেশনের শেষ বলে নিজের দ্বিতীয় উইকেটটি নেন জেমিসন। দ্বিতীয় স্লিপে নিচু ক্যাচ নিয়ে ল্যাথাম শুভমান গিলকে সাজঘরে ফেরত পাঠান।
প্রথম দিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। কিন্তু ঘাসে ঢাকা প্রাণবন্ত উইকেটে অতিরিক্ত শর্ট বল করে স্বাগতিকদের সুবিধা করে দেয় তারা।
ব্লান্ডেল ৮৯ এবং টম ল্যাথাম ৫৯ রান করেন। ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল আকাশ দীপ। ৩১.৩ ওভারে ৯৯ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি।
তবে তার বলে তিনটি ক্যাচ হাতছাড়া না হলে আরো বেশি উইকেট পেতে পারতেন আকাশ দীপ।
ব্লান্ডেলের দুর্দান্ত ৮৯ রানের ইনিংস শেষ হয় আকাশ দীপের নেয়া একটি কঠিন ক্যাচে। ব্রারের বলে ফাইন লেগের সীমানার কাছে উঁচুতে ওঠা বলটি তালুবন্দি করেন তিনি।
পরের ওভারেই ইনিংসের শেষ উইকেটটি নেন আকাশ দীপ। তার বলে ব্যাটের কানায় লেগে দ্রুত ১৯ রান করা ম্যাট হেনরি আউট হন।
আজকের দিনের শুরুতে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৪৬ রান। গ্লেন ফিলিপস ৩৬ এবং ব্লান্ডেল ৫৩ রানে অপরাজিত থেকে দিনের খেলা শুরু করেন।
দ্বিতীয় ওভারেই আংশুল কাম্বোজের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হন ফিলিপস। আগের দিনের রানের সাথে আর কোনো রান যোগ করতে পারেননি তিনি।
এরপর ব্লান্ডেলের সাথে জুটি বাঁধেন নাথান স্মিথ। উইকেটরক্ষকের সাথে ৪৪ রানের জুটি গড়েন তিনি। বেশ কয়েকটি দৃষ্টিনন্দন শট খেলার পর আকাশ দীপের বলে ক্যাচ ও বোল্ড হয়ে ফেরেন ২৬ রান করা স্মিথ।
প্রথম দিন ভারতের বোলাররা অতিরিক্ত শর্ট বল করেছিলেন। বল ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, সেদিন করা ৫১৭ বলের মধ্যে মাত্র ৩২টি স্টাম্পে আঘাত হানার মতো লাইন ও লেংথে ছিল।
ভারতের স্পিন বোলিং কোচ সাইরাজ বহুতুলে জানান, তার দল বিশেষ করে প্রথম দিনে যথাযথ লেংথে যথেষ্ট বল করতে পারেনি।
তিনি বলেন, ‘কিছু কিছু সেশনে আমরা সেই লেংথে বল করতে পারি না। পরের সেশনে সেই ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টা করি। নিউজিল্যান্ড অবশ্যই ভালো লেংথে বল করেছে এবং তাদের লাইনও ছিল আরো আঁটসাঁট। এটাই পার্থক্য গড়ে দিয়েছে।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে নিউজিল্যান্ড তৃতীয় স্থানে রয়েছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









