
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিন দিনের এই সংলাপের প্রথম দিনে আজ রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংলাপ। পরের দিন ক্ষমতাসীন বিএনপির সাথে। তবে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সতীর্থসহ পাঁচটি দল রয়েছে আমন্ত্রণের বাইরে। ইসির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজ বেলা সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপ শুরু হবে। ইসির সূচি অনুযায়ী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর- এই তিন দিন নির্বাচন ভবনে দলগুলোর সাথে মতবিনিময় চলবে। সংলাপের প্রথম দিন রোববার বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। দ্বিতীয় দিন সোমবার সংলাপে অংশ নেবে বিএনপি। অন্য দিকে স্থানীয় নির্বাচন ঘিরে সংলাপে যাওয়ার প্রস্তুতি নিলেও জোটগত নাকি এককভাবে আলোচনায় বসা হবে- তা নিয়ে দলীয় ও জোটগত পর্যায়ে আলোচনা চলছে।
আমন্ত্রণের বাইরে যারা : নিবন্ধিত হলেও এবারের সংলাপে আমন্ত্রণ পায়নি নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগ। দলটিসহ মোট পাঁচটি দলকে ডাকা হয়নি। অন্য চারটি দল হলো- বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ তরিকত ফেডারেশন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটিকে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আগে নিবন্ধন বাতিল হওয়া তিনটি দল- প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও ফ্রিডম পার্টি- সংলাপের আওতার বাইরে রয়েছে বলে ইসি থেকে জানানো হয়।
ইসির তালিকা অনুযায়ী, জামায়াতের নেতৃত্বাধীন জোটভুক্ত দলগুলোর মধ্যে রয়েছে- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
কী নিয়ে আলোচনা : সংলাপে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিভিন্ন দিক নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেয়া হবে। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এর আগে জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বার্থে দলগুলোর কাছে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হবে। পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলাদা বৈঠক করবে ইসি।
নির্বাচনের প্রোপট : এবার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে এবং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে পাঁচ ধাপে। ইতোমধ্যে প্রকাশিত ধাপভিত্তিক সূচি অনুযায়ী- প্রথম ধাপ : ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ : ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ : ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ: ১৩ মে এবং পঞ্চম ধাপ : ২৭ মে। তফসিল এখনো ঘোষণা করা না হলেও কোন ধাপে কোন ইউপিতে ভোট হবে, তার তালিকা প্রকাশ করেছে কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আগে বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও জাতীয় সংসদ নির্বাচনের মান ধরে রাখার ল্য রয়েছে। সুযোগ থাকলে আরো উন্নত ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে। সহিংসতা ও অনিয়ম রোধে ইউপি নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগও নিচ্ছে ইসি। সংলাপে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব ও পরামর্শ যাচাই-বাছাই করে নির্বাচনী প্রস্তুতি আরো গুছিয়ে নেবে নির্বাচন কমিশন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









