আন্তর্জাতিক, পারমাণবিক নিরাপত্তা, সহযোগিতা, জোরদার,  পাকিস্তান, আইএইএ,
পাকিস্তানের পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র। সংগৃহীত
ads

আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা সহযোগিতার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। দেশটির আণবিক শক্তি কমিশনের (পিএইসি) চেয়ারম্যান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাথে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র দফতর শুক্রবার এ কথা জানিয়েছে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন শনিবার (২৮ নভেম্বর) আরো জানায়, ইসলামাবাদে আইএইএর আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা প্রশিক্ষণ ও সহায়তা কেন্দ্র নেটওয়ার্কের (এনএসএসসি নেটওয়ার্ক) ১৫তম বার্ষিক সভার সমাপনী অধিবেশনে পিএইসি চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি বলেন, ভিয়েনার বাইরে প্রথমবার বার্ষিক সভা আয়োজনের এক দশক পর দ্বিতীয়বারের মতো এ সভার আয়োজক হওয়া আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা সহযোগিতা এগিয়ে নিতে পাকিস্তানের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন।

আইএইএ ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারের সাথে সহযোগিতা আরো গভীর করার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে টেকসই পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা এগিয়ে নেয়া সম্ভব হবে।

আইএইএর পারমাণবিক নিরাপত্তা বিভাগের একজন ইউনিটপ্রধান সভা আয়োজনের জন্য পাকিস্তানের প্রশংসা করেন। এতে ৪৯টি সদস্যদেশের প্রতিনিধিরা অংশ নেন। তিনি ১৫তম এ আয়োজনকে আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেন। চার দিনের এ সভায় সদস্যদেশগুলো নিজেদের অভিজ্ঞতা বিনিময়, জাতীয় সক্ষমতা জোরদার এবং পারমাণবিক নিরাপত্তার ভবিষ্যৎ অগ্রাধিকার নির্ধারণের সুযোগ পেয়েছে বলেও জানান তিনি। আইএইএর সাথে পাকিস্তানের দীর্ঘদিনের অংশীদারত্ব এবং এনএসএসসি নেটওয়ার্কের লক্ষ্য বাস্তবায়নে দেশটির অবদানেরও প্রশংসা করেন ওই কর্মকর্তা।

২৩ থেকে ২৬ নভেম্বর পাকিস্তান ও আইএইএর যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। এতে পারমাণবিক নিরাপত্তার নতুন চ্যালেঞ্জ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের ভবিষ্যৎ অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা।

২৩ নভেম্বর পাকিস্তান সেন্টার অব এক্সিলেন্স ফর নিউক্লিয়ার সিকিউরিটিতে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তান ও আইএইএর জ্যেষ্ঠ কর্মকর্তারা বক্তব্য দেন। ২০১৬ সালে প্রথমবার এ নেটওয়ার্কের বার্ষিক সভা আয়োজনের ১০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক ফলকও উন্মোচন করা হয়।

দ্বিতীয় দিনে পাকিস্তান নিউক্লিয়ার রেগুলেটরি অথরিটির সদর দফতরে পাকিস্তান-আইএইএ পারমাণবিক নিরাপত্তা সহযোগিতার ২০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পাকিস্তানের জাতীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর তৈরি নিজস্ব পারমাণবিক নিরাপত্তা প্রযুক্তির প্রদর্শনীও হয়। এতে স্থানীয় প্রযুক্তি উদ্ভাবকদের সাথে আইএইএ ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। সভায় পাকিস্তান সেন্টার অব এক্সিলেন্স ফর নিউক্লিয়ার সিকিউরিটি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব সেফটি অ্যান্ড সিকিউরিটির অবদানও তুলে ধরা হয়।