
আন্তর্জাতিক ক্রেডিট রেটিং নির্ধারণকারী সংস্থা এস অ্যান্ড পি ফ্রান্সের ঋণমান বা ক্রেডিট রেটিং ‘এ প্লাস’ অপরিবর্তিত রেখেছে। তবে দেশটির অর্থনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করেছে সংস্থাটি।
বাজেট ঘাটতি কমাতে ফ্রান্সের সরকার হিমশিম খাওয়ায় ভবিষ্যতে দেশটির ঋণমান কমিয়ে দেয়ার আশঙ্কাও প্রকাশ করেছে তারা।
শুক্রবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে এস অ্যান্ড পি জানায়, ফ্রান্সের বাজেট ঘাটতির ওপর চাপ অব্যাহত থাকতে পারে।
একইসাথে দেশটির সরকারি ঋণের পরিমাণও বাড়তে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা এবং বিপুল বাজেট ঘাটতি মোকাবেলার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্যের অভাবের প্রেক্ষাপটে ফ্রান্সের সরকারি ঋণ বাড়ছে। এ পরিস্থিতিই দেশটির ঋণমানের পূর্বাভাস নেতিবাচক করার কারণ।
এসঅ্যান্ডপি সতর্ক করে বলেছে, আগামী দুই বছরে ফ্রান্সের বড় অঙ্কের বাজেট ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমাতে ব্যর্থ হলে অথবা দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি সংস্থাটির পূর্বাভাসের চেয়ে কম থাকলে দেশটির ঋণমান কমানো হতে পারে।
ফ্রান্সের অর্থমন্ত্রী মন্ত্রী রোলান্ড লেস্কুর এ মূল্যায়নের বিষয়টি বিবেচনায় নেয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, বাজেট ঘাটতি কমিয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সর্বোচ্চ ৫ শতাংশে নামিয়ে আনতে দ্রুত একটি দায়িত্বশীল বাজেট গ্রহণ করা এখন অত্যন্ত জরুরি।
চলতি বছর ফ্রান্সের বাজেট ঘাটতি জিডিপির ৫ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্ধারিত ৩ শতাংশ সীমার তুলনায় যা অনেক বেশি। আগামী বছর বাজেট ঘাটতি কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে একটি বাজেট পাস করতে হিমশিম খাচ্ছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার।
এদিকে, ফ্রান্সের সরকারি ঋণের পরিমাণ জিডিপির প্রায় ১২০ শতাংশে দাঁড়িয়েছে। ইউরোজোনের দেশগুলোর মধ্যে এটি অন্যতম সর্বোচ্চ। ইইউর নির্ধারিত ৬০ শতাংশ সীমার চেয়েও তা অনেক বেশি। ফলে ফ্রান্সের সরকারি ঋণ নিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে।
একই সময়ে জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় দেশটিতে তীব্র বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা শিক্ষা ও অন্যান্য জনসেবামূলক খাতে সরকারি ব্যয় বাড়ানোরও দাবি জানাচ্ছেন।
ঋণমান কমে গেলে ফ্রান্সের জন্য ঋণ নেয়ার খরচ আরো বেড়ে যেতে পারে। এরই মধ্যে দেশটির সরকারি বন্ডের সুদের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিনিয়োগকারীরা ফ্রান্সকে ঋণ দেয়ার বিপরীতে বেশি মুনাফা দাবি করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এস অ্যান্ড পি বিভিন্ন দেশের ঋণ পরিশোধের সক্ষমতা মূল্যায়ন করে ঋণমান নির্ধারণ করে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ‘এএএ’ থেকে সর্বনিম্ন ‘ডি’ পর্যন্ত বিভিন্ন মান ব্যবহার করা হয়।
২০২৫ সালে ফ্রান্সের ঋণমান ‘এএ’ থেকে কমিয়ে ‘এ প্লাস’ করা হয়েছিল। এটি বিনিয়োগযোগ্য ঋণমানের মধ্যবর্তী একটি স্তর।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









