
ভাষার দক্ষতাই বড় যোগ্যতা। ভিনদেশী ভাষা শিখে ঘরে বসেই অনলাইনে কাজ করে ডলার আয় সম্ভব। শুধু তাই নয়, উচ্চ বেতনে বাইরের দেশে কাজের সুযোগও বেড়ে যায় কয়েকগুণ।
বিষয়টি মাথায় রেখে টাঙ্গাইলে চালু করা হয়েছে আরবি, ইংরেজিসহ বেশ কয়েকটি ভাষার ওপর প্রশিক্ষণ কার্যক্রম। এতে বেকারত্বের হতাশা কাটিয়ে নতুন স্বপ্ন দেখছেন তরুণরা।
দেশে এবারই প্রথম টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান গ্রহণ করেছেন এমন উদ্যোগ। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তরুণ সমাজসহ প্রত্যন্ত অঞ্চলের মানুষ।
জানা যায়, ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা গঠিত। উপজেলার বেকার সমস্যা দূর করতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান। ২০২৬-২৭ অর্থ বছরের আওতায় উপজেলার গোবিন্দাসী ও ফলদা ইউনিয়নের বেকার তরুণদের জন্য আয়োজন করা হয়েছে ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের।
বিনা খরচে আরবি, ইংরেজিসহ বিভিন্ন ভাষার প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন তরুণরা। প্রতি ব্যাচে ১৫ জন করে তরুণকে ভাষা প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বিদেশী ভাষা শিখে অংশগ্রহণকারীরা সৌদি আরব, দুবাই, কাতার, মালয়েশিয়া, চীন, জাপান ও ইউরোপসহ বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পাবেন।
এক মাস মেয়াদী এই কোর্সে ভাষা শিক্ষার পাশাপাশি ফ্রিল্যান্সিং, কাস্টমার সাপোর্ট ও বিদেশগামী তরুণদের জন্য প্রয়োজনীয় দক্ষতা শেখানো হচ্ছে।
ভাষা শিখন প্রশিক্ষণে অংশ নেয়া রাউৎবাড়ী গ্রামের মাহবুব হোসেন ও কষ্টাপাড়ার হাফিজুর রহমান বলেন, এই প্রথম বিদেশী ভাষা শিখন প্রশিক্ষণে অংশ নিচ্ছি। ভাষা না শিখে প্রবাসে গেলে বিদেশীদের সাথে কর্মক্ষেত্রে নানা বিড়ম্বনায় পড়তে হয়। বিনা খরচে বিদেশী ভাষা শিখন প্রশিক্ষণের এমন উদ্যোগ নিজেদের দক্ষ করে তোলার বড় সুযোগ। বিদেশী মানুষদের সাথে তাদের কর্মক্ষেত্রে তাল মিলিয়ে কাজ করতে অনেক সহজ হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাহবুব হাসান বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিদেশগামী তরুণদের কর্মদক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষে চর ও গ্রাম পর্যায়ে তরুণদের বিনা খরচে ভাষা শেখাতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









