
গাজীপুর মহানগর প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (ওওটগ) মধ্যে অ্যাকাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। যৌথ গবেষণা, শিক্ষক বিনিময় এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বাউবির ভিসির কনফারেন্স হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাউবির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
তিনি বলেন, শিক্ষার্থী ভর্তির সংখ্যার বিবেচনায় বাউবি দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়। উন্মুক্ত, দূরশিক্ষণ ও নমনীয় পদ্ধতিতে শিক্ষা প্রদানে এটি দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। দেশের ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৬৩টি উপআঞ্চলিক কেন্দ্র এবং প্রায় এক হাজার ৫০০টি স্টাডি সেন্টারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করছে।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওওটগ-এর ডেপুটি রেক্টর (গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন) অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ, অফিস অব দ্য স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন ট্রান্সফরমেশনের প্রিন্সিপাল ডিরেক্টর অধ্যাপক ড. শুকরান বিন আবদ রহমান এবং অফিস অব দ্য ডেপুটি রেক্টরের স্পেশাল অফিসার ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।
এ সময় বাউবির প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিন, উপাচার্যের একান্ত সচিব এবং প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্র নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








