
যশোর অফিস
যশোরে বিজিবির অভিযানে প্রায় চার কোটি টাকা মূল্যের এক কেজি ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিন কারবারিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে যশোর-নড়াইল মহাসড়কে ঝুমঝুমপুরে এলাকায় ৪৯ বিজিবি প্রধান ফটকের সামনে থেকে উদ্ধার করা হয়। জব্দকৃত সোনার দাম তিন কোটি ৫৬ লাখ টাকা। দুপুরের পর ঘটনাটি জানিয়েছে বিজিবি।
আটকরা সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), একই উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) ও সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)। শুক্রবার দুপুরে ৪৯ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে ৪৯ বিজিবির ১ নম্বর গেইটের সামনে থেকে তিন আসামিসহ এক কেজি ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার ও একটি প্রাইভেট কার আটক করে। তারা ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









