সংক্ষিপ্ত সংবাদ
ads


ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার ওই গ্রামের মৃত জামতুল্লাহ মণ্ডলের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, ছোট ভাই নবিরুল ইসলামের (৫৫) সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দেলোয়ারের বিরোধ চলছিল। সকালে দেলোয়ার জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নবিরুল কোদাল দিয়ে বড় ভাইকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত নবিরুলকে আটক করে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম বলেন, ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা।

নিষিদ্ধ দলের নেতা গ্রেফতার
নওগাঁর রানীনগরে বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার সদর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পশ্চিম বালুভরা গ্রামের আশরাফ শেখ (৫২) এবং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি একই গ্রামের রাব্বী হোসেন (২৮)। রাণীনগর থানার ওসি জাকারিয়া মণ্ডল জানান, গত বুধবার রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির খাঁনপুকুর বাজার দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার ২৩ জনকে এজাহারনামীয় এবং ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা হয়। ওই মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। রানীনগর (নওগাঁ) সংবাদদাতা।

আমন ধান সংগ্রহ শুরু
নওগাঁর মহাদেবপুরে চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সদর খাদ্যগুদামে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। ইউএনও মানজুরা মুশাররফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা হুসাইন মুহাম্মদ এরশাদ, ওসি ওমর ফারুক, চালকল মালিক সমিতির সভাপতি শামসুল আলম বাচ্চু, সাধারণ সম্পাদক আবু হাছান, এমপি প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ, কৃষকদল নেতা ইমরুল কায়েস সাজু ও হারুন অর রশিদ রাজু, খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিন এবং খাদ্যগুদাম কর্মকর্তা মোজাফফর হোসেন লিখন। এ ছাড়া ব্যবসায়ী আয়নুল হক, জিল্লুর রহমান ও বিদ্রোহ রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে এক কৃষকের কাছ থেকে তিন মেট্রিক টন ধান কেনা হয় এবং উপজেলার চারটি খাদ্যগুদামে এক হাজার ৬৮৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা।

পার্কিং করা জিপে আগুন
পটুয়াখালীর কুয়াকাটায় মহাসড়কের পাশে চৌরাস্তার পূর্ব পাশে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা একটি পরিত্যক্ত জিপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে কুয়াকাটার হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, জিপটি পর্যটকদের দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো, তবে দীর্ঘদিন ধরে সেটি ওই স্থানে পার্কিং করে রাখা ছিল। গাড়িতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। গাড়ির মালিক পর্যটক গাইড ইমরান বলেন, দুর্ঘটনা বা রাতে ঘুমানো কারো কারণে ঘটলে আগেই ঘটত; তার ধারণা, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেন। কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা।

পুলিশ বক্সে ককটেল বিস্ফোরণ
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড সংলগ্ন আল মুসলিম গার্মেন্টস লিমিটেডের সামনে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশ বক্স লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেল আরোহী হেলমেট পরা অজ্ঞাতনামা ব্যক্তি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা সম্ভব হয়নি। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। সাভার (ঢাকা) সংবাদদাতা।

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দাদার সাথে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোস্তাফিজুর (৪) ও আলিফ (৩) নামে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে এবং আলিফ সিঙ্গাপুর প্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে দাদা হালিম দেওয়ান দুই নাতিকে নিয়ে মূল বাড়ির দক্ষিণে পুরাতন বাড়িতে বেড়াতে যান। সেখানে পরিবারের অন্য সদস্যদের সাথে কথাবার্তায় ব্যস্ত থাকার সময় শিশু দু’টি সবার অগোচরে পুকুরপাড়ে গিয়ে পানিতে পড়ে যায়। পরে খাওয়ানোর জন্য ডাকতে এসে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।

ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
রাজশাহীর দুর্গাপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের উজানখলসী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে অর্থোপেডিক্স, মেডিসিন, চর্ম ও যৌন, সার্জারি, ডেন্টাল, গাইনি ও ফিজিওথেরাপি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা দেন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। উদ্যোক্তা ও কিসমত গনকৈড় ইউনিয়নের জামায়াতের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউপি নায়েবে আমির ইয়াছিন আলী প্রামাণিক বলেন, প্রান্তিক ও অসহায় মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই এ আয়োজন। যুব বিভাগের সভাপতি জুবায়ের হোসেনের ব্যবস্থাপনায় ক্যাম্পে উপজেলা সূরা সদস্য অধ্যাপক জাবের আলী, ইউপি আমীর আব্দুল গাফ্ফার, অধ্যাপক আইয়ুব আলী, পানানগর ইউপির আমীর ইসহাক আলী ও মাহাফুজুর রহমান ঈমনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা।

জমি বিরোধে কৃষক খুন
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের গফুর মোল্যার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাচাতো ভাই দাউদ মোল্যা ও তার লোকজনের সাথে দীর্ঘদিন ধরে ফরহাদের জমি নিয়ে বিরোধ চলছিল; বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। সকালে ফরহাদ জমিতে ধান কাটতে গেলে পাশের বাগানে ওৎ পেতে থাকা দাউদ মোল্যা ও তার লোকজন লাঠি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। তবে দাউদ মোল্যা পক্ষের দাবি, স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়েছে এবং তাকে কোনো আঘাত করা হয়নি। লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই জুয়েল রানা জানান, আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা।