নবাবগঞ্জে ভূমি সেবায় ঘুষ বাণিজ্য, দালালের দৌরাত্ম্য
ads

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ভূমি অফিসে নামজারি-খারিজ ও জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন সেবায় সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি এবং দালালের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী শাকিল হোসেন এবং মারুফ নামে এক বহিরাগত ব্যক্তি নামজারি ও মৌজা পোস্টিংসহ বিভিন্ন কাজের কথা বলে সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা নেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাগ্রহীতা জানান, নামজারির জন্য শাকিল হোসেনকে তিন হাজার ৫০০ টাকা দিয়েও দীর্ঘদিনে কাজ পাননি।
ভুক্তভোগী মনোয়ারা বেগম অভিযোগ করেন, শাকিল হোসেন ও মারুফসহ কয়েকজন তার কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দেয়ায় প্রতিপক্ষের কাছ থেকে গোপনে অর্থ নিয়ে তাকে না জানিয়ে একতরফা শুনানি করা হয়েছে বলে দাবি তার। এ ছাড়া নামজারির জন্য নেয়া পাঁচ হাজার টাকা কাজ না হওয়ায় পরে মারুফের মাধ্যমে ফেরত দেয়া হয় বলেও জানান তিনি। অপর ভুক্তভোগী আবদুল আলিম জানান, এসএ খতিয়ান পোস্টিংয়ের আবেদন জমা দিতে গেলে মারুফ তাকে কর্মকর্তার কাছে নিয়ে যান এবং পরে অফিসের বাইরে এক হাজার টাকা নেন।
সার্টিফিকেট সহকারী শাকিল হোসেন বলেন, এই অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা, আপনারা তদন্ত করে আমার কাছে তাদের নিয়ে আসেন। অন্য দিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সিট থেকে পালিয়ে যাওয়ায় মারুফের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন বলেন, ডকুমেন্টস ছাড়া কোনো বক্তব্য দেবো না। তবে অফিসে বহিরাগতদের দাফতরিক কাজ করার বিষয়ে তিনি জানান, কিছু ডেটা এন্ট্রির কাজের জন্য কানুনগো বাইরের লোক দিয়ে কাজ করিয়ে নেন এবং এ বিষয়ে অনুমতি রয়েছে।