উজিরপুরে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
ads

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
বরিশালের উজিরপুরে মাছের ঘের থেকে মহসিন মল্লিক বাবু (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন ধরে নিখোঁজ ছিল সে। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ কুড়ালিয়া এলাকায় সড়কসংলগ্ন একটি মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাবু উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিতালুক গ্রামের নয়ন মল্লিকের ছেলে। সে বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৪ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হয় বাবু। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। বৃহস্পতিবার রাতে তার মামা শাহিন মল্লিক ঘেরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।