
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ও বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। গত ২০ অক্টোবর দাখিল করা এ অভিযোগপত্রে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার পরিকল্পনা থেকে অপ্রতিমকে হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের মধ্যে দুজন কিশোর।
গতকাল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান। তিনি জানান, তদন্তে চারজনের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিশু আইন অনুযায়ী, দুই কিশোরকে শিশু হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা বর্তমানে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছে।
পুলিশের তদন্ত অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে অপ্রতিমকে সাথে নিয়ে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার নির্জন বনে যায় সাইফুল ইসলাম ওরফে তুহিন। সেখানে অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে অপ্রতিমের মৃত্যু হয় বলে তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় তুহিনসহ তিনজনের বিরুদ্ধে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অপর একজনের বিরুদ্ধে হত্যার পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অদূরে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অপ্রতিমের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করে পুলিশ।
মামলার বাদি অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘গতকাল রাত সাড়ে ১২টার দিকে তদন্তকারী কর্মকর্তা কল করে জানান, আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন। ছেলেকে ঘিরেই বাঁচার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন খুনিরা কেড়ে নিয়েছে। খুনিদের দ্রুত বিচার চাই। আদালতে দ্রুত সময়ের মধ্যে খুনিদের সর্বোচ্চ সাজা হবে সেই আশা করছি। বয়সের ব্যবধানে যেন আসামিরা বেরিয়ে যেতে না পারে।’
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকায় আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








