জেনসেন হুয়াং,  পরকীয়া, ফেঁসেছেন, ৪ কোটি ডলার, পদ,
হোয়াইট হাউসে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দুনিয়ায় সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন জেনসেন হুয়াং। তার নেতৃত্বেই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। কিন্তু এবার নিজের প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর পদই হারানোর শঙ্কায় পড়েছেন তিনি। দুই নারীর সাথে পরকীয়ায় জড়ানোর অভিযোগ ঘিরে তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। ওই দুই নারীর একজন চীনের সন্দেহভাজন গোয়েন্দা এজেন্ট।  অন্যজন খোদ এনভিডিয়ারই এক কর্মকর্তা। বিষয়টি শুধু ব্যক্তিগত সম্পর্কের বিতর্কে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নও এর সাথে জড়িয়ে পড়েছে।

Advertisement

ওয়াল স্ট্রিটের বরাত দিয়ে বিবিসি বৃহস্পতিবার (১২ নভেম্বর) জানায়, প্রথমে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে এক নারীর সাথে হুয়াংয়ের সম্পর্ক নিয়ে তদন্ত শুরু করে এনভিডিয়া। এর কয়েক দিনের মধ্যে দ্বিতীয় এক নারীর সাথে তার সম্পর্কের খবর প্রকাশিত হলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। বুধবার মার্কিন সংবাদমাধ্যমে দ্বিতীয় অভিযোগ প্রকাশের পর এনভিডিয়ার শেয়ারের দরও বড় ধরনের পতনের মুখে পড়ে। এর আগে স্ত্রী ও সন্তানদের কষ্ট দেয়ার জন্য দুঃখ প্রকাশ করে নিজের ‘বিশ্বস্ততা ভঙ্গের’ কথা স্বীকার করেছিলেন হুয়াং।

পদে থাকবেন, নাকি সরে যেতে হবে

বুধবার সন্ধ্যায় এনভিডিয়ার পরিচালনা পর্ষদের বৈঠকে হুয়াংকে প্রধান নির্বাহীর পদে রাখা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। বিবিসি এ বিষয়ে মন্তব্য জানতে এনভিডিয়ার প্রতিনিধি ও পরিচালকদের সাথে যোগাযোগ করলেও কেউ সাড়া দেননি।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এনভিডিয়ার পরিচালনা পর্ষদে ১১ জন সদস্য রয়েছেন। তাদের মধ্যে হুয়াং নিজেও একজন। পরিচালকদের সংখ্যাগরিষ্ঠ ভোটে তাকে কোনো কারণ দেখিয়ে বা কারণ ছাড়াই পদ থেকে সরিয়ে দেয়া সম্ভব। চাইলে তাকে সাময়িক ছুটিতেও পাঠানো যেতে পারে। তবে এমন পরিস্থিতি তৈরি হলে কে তার জায়গায় দায়িত্ব নেবেন, এমনকি অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবেও কাকে বেছে নেয়া হবে, তাও এখনো পরিষ্কার নয়।

সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ক্রিস মালাখোস্কি। হুয়াংয়ের সাথে একই সময়ে প্রতিষ্ঠানটিতে কাজ শুরু করেছিলেন তিনি। দীর্ঘদিন এনভিডিয়ার পণ্য প্রকৌশল বিভাগের নেতৃত্বও দিয়েছেন। ফলে প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে তার অভিজ্ঞতা রয়েছে।

হুয়াংয়ের দুই সন্তান স্পেন্সার ও ম্যাডিসন এবং জামাতা নিকো ক্যাপরেজও এনভিডিয়ায় জ্যেষ্ঠ পদে কাজ করছেন। তবে তাদের বয়স তুলনামূলক কম এবং অভিজ্ঞতাও সীমিত। ফলে এই মুহূর্তে প্রতিষ্ঠানটির শীর্ষ দায়িত্ব নেয়ার মতো অবস্থানে তারা আছেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

আরেকটি সম্ভাব্য নাম এনভিডিয়ার অর্থ বিভাগের প্রধান কোলেৎ ক্রেস। বিশ্লেষকদের ধারণা, হুয়াংকে সরিয়ে দেয়া হলে অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পেতে পারেন তিনি। এনভিডিয়ার শেয়ার রয়েছে মিনোটর ক্যাপিটালের হাতে। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা আরমিনা রোজেন রয়টার্সকে বলেন, ক্রেসই এ দায়িত্বের জন্য স্বাভাবিক পছন্দ হতে পারেন।

পরকীয়া নিয়ে কী জানা গেছে

বিতর্কের সূত্রপাত গত সপ্তাহান্তে প্রকাশিত নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন থেকে। এতে বলা হয়, চীনা ব্যবসায়ী নারী অ্যালিস হুয়াংয়ের সাথে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, অ্যালিসকে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির কাজে নিয়োগ করা হয়েছিল। বিভিন্ন অনুষ্ঠানে জেনসেন ও অ্যালিসকে একসাথে দেখা গেছে, এমন ছবিও আগে প্রকাশিত হয়েছিল।

একটি অনুষ্ঠানে জেনসেন হুয়াং (বাঁয়ে) ও অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত

অ্যালিস হুয়াংয়ের সাথে জেনসেন হুয়াংয়ের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। তিনি হুয়াং লে নামেও পরিচিত। ২০২৩ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত সিঙ্গাপুরভিত্তিক তথ্যকেন্দ্র প্রতিষ্ঠান মেগাস্পিডের একজন শীর্ষ কর্মকর্তা ছিলেন তিনি। ব্লুমবার্গ নিউজের খবর অনুযায়ী, বর্তমানে তিনি চীনে বসবাস করছেন।

মেগাস্পিডের বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি এনভিডিয়ার তৈরি চিপ চীনে পাচারে সহায়তা করেছে। তবে এনভিডিয়া বলেছে, এ অভিযোগ নিয়ে তদন্ত করা হয়েছে এবং এর সত্যতা পাওয়া যায়নি। যদিও বিষয়টি সেখানেই শেষ হয়নি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন চিপ রফতানির অভিযোগে মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে সিঙ্গাপুর সরকার। এ বিষয়ে মন্তব্য জানতে বিবিসি প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করেছে।

অ্যালিস হুয়াং চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে থাকলে কী ধরনের তথ্য সংগ্রহ করেছিলেন এবং সেসব তথ্য বেইজিংয়ের কাছে পাঠিয়েছিলেন কি না, তা এখনো অজানা। এ বিষয়ে এনভিডিয়ার কাছে জানতে চেয়েছিল বিবিসি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যালিসের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতার অভিযোগ সম্পর্কে তারা আগে থেকে অবগত ছিল না। চীনও অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বেইজিংয়ের ভাষায়, গুপ্তচরবৃত্তির এই অভিযোগ ‘পুরোই ভিত্তিহীন’।

প্রথম অভিযোগ প্রকাশের পর রোববার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্বাধীনভাবে তদন্তের সিদ্ধান্ত নেয়। এ জন্য বাইরের একটি আইনজীবী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়। তবে এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, অ্যালিসের সাথে হুয়াংয়ের যোগাযোগ বা মেলামেশা ‘অস্বাভাবিক কিংবা অপ্রত্যাশিত’ কিছু ছিল না।

এর মধ্যেই বুধবার নিউইয়র্ক টাইমস আরেকটি সম্পর্কের খবর প্রকাশ করে। পত্রিকাটি জানায়, এনভিডিয়ার একজন নারী কর্মকর্তার সাথেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন হুয়াং। ওই নারী সরাসরি তার অধীনে কাজ করেন। এ বিষয়ে জানতে বিবিসি তার সাথে যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করেননি। দ্বিতীয় অভিযোগ প্রকাশের পরই এনভিডিয়ার শেয়ারের দর পড়ে যায়।

 ব্যক্তিগত সম্পর্ক থেকে জাতীয় নিরাপত্তার প্রশ্ন

এনভিডিয়ার প্রধানকে ঘিরে এই বিতর্ক যুক্তরাষ্ট্রে এতটা গুরুত্ব পাওয়ার একটি বড় কারণ হলো, চীন ও যুক্তরাষ্ট্রের এআই প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির অবস্থান। ওয়াশিংটনের দৃষ্টিতে, এই প্রতিযোগিতায় এগিয়ে থাকার বিষয়টি শুধু ব্যবসা বা প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রশ্ন নয়; সামরিক সক্ষমতা ও রাষ্ট্রীয় নিরাপত্তার সাথেও তা সরাসরি জড়িত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এআইয়ে যে জিতবে, সেই জিতবে।’ যুক্তরাষ্ট্রের আশঙ্কা, এআই প্রযুক্তিতে চীন এগিয়ে গেলে দেশটির সামরিক শক্তি ও নজরদারির সক্ষমতা অনেক বেড়ে যাবে। ফলে এ খাতে চীনের অগ্রগতি ঠেকাতে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে নানা পদক্ষেপ নিচ্ছে।

এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের বড় শক্তি এনভিডিয়ার মতো চিপ নির্মাতা প্রতিষ্ঠান। তাদের তৈরি চিপের ওপর নির্ভর করছে এআই প্রযুক্তির বিকাশ। এ ক্ষেত্রে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) ভূমিকাও গুরুত্বপূর্ণ। বিশ্বের সবচেয়ে উন্নত চিপের ৯০ শতাংশের বেশি তৈরি করে  তাইওয়ানি এ প্রতিষ্ঠান।

এনভিডিয়ায় জেনসেন হুয়াংয়ের উত্তরসূরি কে হবেন, সে কথাটি এখনো জানা যায়নি

২০২২ সাল থেকে উন্নত প্রযুক্তির চিপ চীনে রফতানি সীমিত করতে একের পর এক নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের যুক্তি, এতে এআই ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক সুবিধা বজায় থাকবে এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষিত হবে।

এর সরাসরি প্রভাব পড়েছে এনভিডিয়ার ব্যবসায়। একসময় চীনের বাজারে প্রতিষ্ঠানটির অংশীদারত্ব ছিল প্রায় ৯৫ শতাংশ। কিন্তু মার্কিন রফতানি নিয়ন্ত্রণের কারণে সেই বাজার থেকে কার্যত ছিটকে পড়েছে কোম্পানিটি। হুয়াং নিজেই একবার বলেছিলেন, চীনের বাজারে এনভিডিয়ার অংশীদারত্ব প্রায় ৯৫ শতাংশ থেকে কার্যত শূন্যে নেমে এসেছে।

এই পরিস্থিতি বদলাতে গত কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে আসছেন হুয়াং। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে যোগাযোগ ও আলোচনা চালিয়ে চীনের বাজারে আবার প্রবেশের পথ খুঁজেছেন তিনি। এ প্রক্রিয়ায় চীন সম্পর্কে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণেও প্রভাব রাখার চেষ্টা করেছেন। এনভিডিয়ার জন্য সবচেয়ে বড় সাফল্য হতে পারত ট্রাম্প প্রশাসনের কাছ থেকে চীনে উন্নততম চিপ ছাড়া বাকি সব ধরনের চিপ বিক্রির অনুমতি পাওয়া। কিন্তু সাম্প্রতিক অভিযোগের কারণে সেই অনুমোদন আদায়ের প্রচেষ্টা আরো কঠিন হয়ে উঠতে পারে।

প্রযুক্তির জগতে জেনসেন হুয়াংয়ের উত্থান

১৯৬৩ সালে তাইওয়ানে জন্ম জেনসেন হুয়াংয়ের। তার বয়স যখন নয় বছর, তখন পরিবারের সাথে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে চলে যান। ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি নেন। পরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পেশাজীবন শুরু করেন মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এএমডিতে। পরে তড়িৎ প্রকৌশলে প্রশিক্ষিত দুই সহকর্মী ক্রিস মালাখোস্কি ও কার্টিস প্রিয়েমকে নিয়ে ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করেন এনভিডিয়া। শুরুতে প্রতিষ্ঠানটির পরিচিতি ছিল কম্পিউটার গেমের গ্রাফিকস প্রক্রিয়াকরণের জন্য চিপ তৈরির কারণে। সময়ের সাথে সাথে ব্যবসার লক্ষ্য বদলে এআই প্রযুক্তির দিকে মনোযোগ দেয় কোম্পানিটি। বর্তমানে এই খাতে এনভিডিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত।

হুয়াংয়ের নেতৃত্বে এনভিডিয়া একাধিকবার দেউলিয়া হওয়ার ঝুঁকি কাটিয়ে উঠেছে। অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই নিয়ে বড় পরিসরে কাজ শুরু করার অনেক আগেই তিনি এ খাতে বিনিয়োগের ঝুঁকি নিয়েছিলেন। এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় অবকাঠামোও প্রায় গোড়া থেকে গড়ে তোলার উদ্যোগ নেন। হুয়াংয়ের জীবনীগ্রন্থ ‘থিংকিং মেশিন’-এর লেখক স্টিফেন উইট বিবিসিকে বলেন, ‘তিনি এমন সব জিনিস তৈরি করছিলেন, যেগুলোর তখন কোনো ক্রেতাই ছিল না।’ পরে সেই প্রযুক্তিরই ব্যাপক চাহিদা তৈরি হয়।

এখন অ্যামাজন, গুগল ও মাইক্রোসফটের মতো বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআইয়ের বিভিন্ন সরঞ্জাম ও অবকাঠামো তৈরিতে এনভিডিয়ার চিপ ব্যবহার করছে। প্রতিষ্ঠানটির বর্তমান বাজারমূল্য প্রায় চার ট্রিলিয়ন ডলার। বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি এটি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচক অনুযায়ী, হুয়াংয়ের ব্যক্তিগত সম্পদের পরিমাণ আনুমানিক ১৫৫ বিলিয়ন ডলার, যা ব্রিটিশ মুদ্রায় প্রায় ১১৫ বিলিয়ন পাউন্ড। এনভিডিয়ার ২০২৬ অর্থবছরের হিসাব অনুযায়ী, জেনসেন হুয়াংয়ের মূল বার্ষিক বেতন প্রায় ১৫ লাখ ডলার। তবে শেয়ার বাবদ পারিশ্রমিক, বোনাস ও অন্যান্য সুবিধা মিলিয়ে ওই অর্থবছরে তার মোট পারিশ্রমিক দাঁড়ায় প্রায় ৩ কোটি ৬৩ লাখ ডলার।

তাইওয়ানে তাকে ‘ড্যাডি হুয়াং’ নামে ডাকা হয়। প্রযুক্তি জগতের ‘টেইলর সুইফট’ বলেও একসময় অভিহিত করা হয়েছিল তাকে। কর্মীদের কাছে তিনি কঠোর পরিশ্রমী এবং কাজের মানের ব্যাপারে অত্যন্ত উচ্চ প্রত্যাশাসম্পন্ন একজন প্রধান নির্বাহী হিসেবে পরিচিত।

তদন্তের পরিধি বাড়ছে

প্রথম অভিযোগ সামনে আসার পর এনভিডিয়া নিউইয়র্কের প্রভাবশালী আইনজীবী প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজকে তদন্তের দায়িত্ব দেয়। তদন্তটি পরিচালনা করছেন জুন কিম। তিনি আগে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি ছিলেন। বর্তমানে ওই আইনজীবী প্রতিষ্ঠানে মামলা পরিচালনাবিষয়ক অংশীদার হিসেবে কাজ করছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এফবিআইও বিষয়টি তদন্ত করছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, হুয়াং তাকে বলেছেন, যে নারীর সাথে তার সম্পর্কের অভিযোগ উঠেছে, তিনি যে চীনের গুপ্তচর—এ বিষয়ে হুয়াং কিছুই জানতেন না।

এ ছাড়া আগামী ১৮ নভেম্বর কংগ্রেসের কয়েকটি কমিটির যৌথ রুদ্ধদ্বার শুনানিতে হাজির হওয়ার জন্য হুয়াংকে বলা হয়েছে। তবে তিনি সেখানে উপস্থিত হতে সম্মত হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি।

স্ত্রী ও পরিবারের সাথে সম্পর্কের প্রশ্ন

আশির দশকের শুরুর দিকে ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে তড়িৎ প্রকৌশল পড়ার সময় লরি মিলসের সাথে পরিচয় হয় হুয়াংয়ের। বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে দুজন একই সঙ্গে কাজ করতেন। সেই পরিচয় থেকে ঘনিষ্ঠতা, পরে বিয়ে। ১৯৮৫ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান ম্যাডিসন ও স্পেন্সার।

২০০৭ সালে হুয়াং দম্পতি গড়ে তোলেন জেন-হসুন অ্যান্ড লরি হুয়াং ফাউন্ডেশন। এটি একটি দাতব্য প্রতিষ্ঠান। সাম্প্রতিক বছরগুলোতে এনভিডিয়ার শেয়ারের মূল্য বেড়ে যাওয়ায় ফাউন্ডেশনটির সম্পদের পরিমাণও দ্রুত বেড়েছে। বর্তমানে এর সম্পদের মূল্য ৯ বিলিয়ন ডলারের বেশি বলে ধারণা করা হয়। ওরেগন স্টেট ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার বিভিন্ন কর্মসূচিতে প্রতিষ্ঠানটি কোটি কোটি ডলার অনুদান দিয়েছে।

হুয়াংয়ের জীবনীগ্রন্থের লেখক স্টিফেন উইটের মতে, নিজেকে একজন পরিবারকেন্দ্রিক মানুষ হিসেবে তুলে ধরতে হুয়াং অনেক চেষ্টা করেছেন। স্ত্রীকে নিয়ে তিনি প্রায়ই প্রশংসাসূচক কথা বলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে পরিবারের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেন। উইট বলেন, ‘তিনি স্ত্রীকে প্রশংসা করেন, তার সম্পর্কে অত্যন্ত ভালো ভালো কথা বলেন। এই ঘটনার প্রভাব যে কারো পরিবারের জন্যই বড় আকারে দেখা দিতো।’

এদিকে হুয়াংয়ের ক্ষেত্রে বিষয়টি আরো গুরুতর বলে মনে করেন উইট। কারণ, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে একজন পারিবারিক মানুষ হিসেবে তুলে ধরেছেন এবং সন্তানদেরও নিজের জীবনের খুব কাছাকাছি রেখেছেন।

এত বড় একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীর ব্যক্তিগত জীবন নিয়ে ওঠা অভিযোগ এখন আর কেবল পারিবারিক বা ব্যক্তিগত বিতর্কে আটকে নেই। এনভিডিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব, যুক্তরাষ্ট্রের এআই কৌশল, চীনের সাথে প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং জাতীয় নিরাপত্তা—সবকিছুই এসে মিলেছে এই ঘটনায়। তবে অভিযোগগুলোর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগের সত্যতা চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এমন বলার সুযোগ নেই। আপাতত নজর এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে।

সূত্র : বিবিসি