
কিশোরগঞ্জের কটিয়াদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। নিহতের মাথা থ্যাঁতলানো ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঁঠালতলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাঁঠালতলা গ্রামে প্রদীপ বাবুর বাড়ির পাশের জঙ্গলে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি দ্রুত কটিয়াদী মডেল থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও মাথা থ্যাঁতলানো ছিল। প্রাথমিকভাবে নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








