
জাতিসঙ্ঘ পারমাণবিক তদারকি সংস্থা জানিয়েছে, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যের বাইরে পারমাণবিক উপাদান সরিয়ে নেয়নি—এই মর্মে তারা কোনো নিশ্চয়তা দিতে পারছে না। শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যমগুলোর হাতে আসা ইরান-বিষয়ক এক গোপনীয়প্রতিবেদনে এই তথ্য উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অসহযোগিতার কারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ‘এই সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না যে, ইরানের ঘোষিত পারমাণবিক উপাদানগুলো শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়নি।’
আইএইএ জানিয়েছে, গত বছর ইরান ইসফাহানে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কথা ঘোষণা করলেও এখন পর্যন্ত সংস্থাটিকে সেখানে পরিদর্শনের অনুমতি দেয়নি। এ নিয়ে সংস্থাটি ’ক্রমবর্ধমানভাবে উদ্বিগ্ন’।
২০২৫ সালের জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের এক সামরিক অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত অন্যান্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ধ্বংস বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে বোমাবর্ষণের শিকার কোনো পারমাণবিক স্থাপনাতেই আইএইএ পরিদর্শকদের ফিরতে দেয়নি ইরান।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সাম্প্রতিক যুদ্ধেও পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে এবং আইএইএ বারবার সেখানে প্রবেশের অনুমতি চেয়েছে।
প্রতিবেদনে সংস্থাটি বলেছে, ‘কোনো বিলম্ব ছাড়াই ইরানে যাচাইকরণ কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত জরুরি।’
প্রতিবেদনে আরো বলা হয়, ‘মহাপরিচালক ইরানকে এমন কারিগরি ও ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন, যার মাধ্যমে সংস্থার পরিদর্শকদের ইরানে ফিরে যাওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়।’
আইএইএ ‘স্বীকার করেছে যে ইরানের পারমাণবিক স্থাপনা ও কেন্দ্রগুলোতে সামরিক হামলা এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি করেছে।’ তবুও সংস্থাটি বলেছে, এই অসহযোগিতা ‘পারমাণবিক অস্ত্র বিস্তারের গুরুতর উদ্বেগ’ তৈরি করেছে, যা ‘সর্বোচ্চ জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজন।’
পারমাণবিক সংক্রান্ত তথ্য প্রদানের বাধ্যবাধকতা মেনে চলতে ব্যর্থ হওয়ায় গত সেপ্টেম্বরে আইএইএ বোর্ড ইরানের বিষয়টি জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে পাঠায়। গত ২০ বছরের মধ্যে এই প্রথম ইরানকে জাতিসঙ্ঘের সর্বোচ্চ এই সংস্থায় পাঠানো হলো।
২০২৫ সালের জুনের হামলার আগে আইএইএ হিসাব করে দেখেছিল যে, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে। এই মাত্রা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশের কাছাকাছি এবং বর্তমানে অকার্যকর হয়ে পড়া ২০১৫ সালের চুক্তিতে নির্ধারিত ৩.৬৭ শতাংশ সীমার চেয়ে অনেক বেশি।
২০২৫ সালের জুনের পর থেকে ইরানের এই পারমাণবিক মজুদের ভাগ্য অনিশ্চিত হয়ে আছে। ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক বোমা তৈরির চেষ্টার কথা অস্বীকার করে আসছে। তবে এত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো শান্তিপূর্ণ ব্যবহার নেই।
আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি গত জুনে বলেছিলেন, ‘ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে’ যে ২০২৫ সালের জুনের আগে মজুতটি যেখানে ছিল—অর্থাৎ ইসফাহান ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টের (আইএফইপি) কাছেই—এখনো সেখানেই রয়েছে।
২০২৫ সালের ১৩ জুন আইএইএ ওই স্থাপনাটি পরিদর্শনের পরিকল্পনা করেছিল, কিন্তু সেদিনই বোমাবর্ষণ শুরু হওয়ায় তা অসম্ভব হয়ে পড়ে।
স্থাপনাটি সম্পর্কে তথ্য ও প্রবেশাধিকারের অভাবে উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি বলেছে, ‘আইএফইপি-র সঠিক অবস্থান, সুরক্ষার (সেফগার্ডস) দিক থেকে এর বর্তমান অবস্থা কিংবা সেখানে কোনো পারমাণবিক উপাদান আছে কি না, তা সংস্থাটি জানে না।’
প্রতিবেদনে আইএফইপি-র বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হলেও, এতে ইরানের সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর অবস্থা এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত (যার মধ্যে অস্ত্র তৈরির উপযোগী মাত্রার কাছাকাছি উপাদানও রয়েছে) সম্পর্কে আইএইএ-কে জানানোর কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি বোমাবর্ষণের শিকার স্থানগুলোতে পরিদর্শকদের ফিরতে দেয়া এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের হিসাব দেয়ার আহ্বান জানানো হয়েছে।
আইএইএ পরিদর্শকরা গত সেপ্টেম্বরে ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্র পরিদর্শন করতে পারলেও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশের কোনো অনুমতি পাননি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আইএইএ এবং ইরানের মধ্যে হওয়া চিঠিপত্র আদান-প্রদানের বিস্তারিত তথ্যও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান আইএইএ-কে জানিয়েছে যে, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে, বিশেষ করে এর পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে আরো সশস্ত্র আগ্রাসন চালানোর ধারাবাহিক, স্পষ্ট ও প্রকাশ্য হুমকির’ মুখে দেশে আবার পরিদর্শন শুরু করার বিষয়ে আলোচনা চলতে পারে না।
প্রতিবেদনে আরো যোগ করা হয়েছে, ইরান বলেছে যে ‘বর্তমান পরিস্থিতির মূল কারণগুলোর সমাধান না হওয়া পর্যন্ত এবং স্বাভাবিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নের অপরিহার্য শর্তগুলো পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত’ এই পরিস্থিতির সমাধান হবে না।
তা সত্ত্বেও ইরান পুনর্ব্যক্ত করেছে যে, ‘সংশ্লিষ্ট আইনি ও বাস্তব পরিস্থিতি অনুকূলে আসার সাথে সাথেই তার সুরক্ষা বাধ্যবাধকতাগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন শুরু করার বিষয়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ।’
এছাড়া ইরান আইএইএ-কে লেখা এক চিঠিতে তার পারমাণবিক কর্মসূচির তথ্যের বিনিময়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ঘোষিত সর্বোচ্চ ২ কোটি (২০ মিলিয়ন) ডলার পুরস্কারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তেহরান আইএইএ-র কার্যক্রমের ‘গোপনীয়তা’ বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য যাতে ’প্রকাশ, অপব্যবহার বা কাজে লাগানো’ না হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
তেহরান তাদের পারমাণবিক কর্মসূচির তথ্যের জন্য যুক্তরাষ্ট্রের এই ২ কোটি ডলার পুরস্কারের বিষয়টি সংস্থাটিকে জানানোর পর, বৃহস্পতিবার আইএইএ এক চিঠিতে ইরানকে জানিয়েছে যে তারা ‘সব গোপনীয় তথ্য.... সুরক্ষিত রাখবে।’
এর আগে গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনীর ঘোষিত এই পুরস্কারের তীব্র সমালোচনা করে বুধবার ইরান আইএইএ এবং জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছিল।
সূত্র : টাইমস অব ইসরাইল
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








