
দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ছয় হাজার কোটি টাকা ইকুইটি বিনিয়োগ চেয়েছে সরকার বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কাছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা সরকারের হাতে চলে যেতে পারে। এর ফলে ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনায় কার্যত রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে ক্ষমতাসীন সরকারের ব্যাংকটি সরাসরি নিয়ন্ত্রণে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে।
ব্যাংকটি নতুন করে ৬০০ কোটি সাধারণ শেয়ার ইস্যুর যে প্রস্তাব করেছে তাতে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হিসাবে এর মাধ্যমে ছয় হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এতে ব্যাংকটির পরিশোধিত মূলধন বর্তমান এক হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকা থেকে বেড়ে সাত হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকায় দাঁড়াবে। গত ৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দেয়া ‘ক্যাপিটাল রেস্টোরেশন প্ল্যান ২০২৭-২০৩৩’-এ মূলধন পুনর্গঠন ও আর্থিক অবস্থার উন্নয়নে এ প্রস্তাব তুলে ধরে ইসলামী ব্যাংক।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) গত ৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে একটি চিঠি পাঠায়। এতে বলা হয়, ইসলামী ব্যাংক ৬০০ কোটি অতিরিক্ত সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াতে চায় এবং সরকার বা সরকারি প্রতিষ্ঠানের কাছে ইকুইটি বিনিয়োগ চেয়েছে। তবে কোনো ব্যাংকের মূলধনে সরকারের কৌশলগত অংশগ্রহণের সিদ্ধান্ত সরকারের এখতিয়ারভুক্ত হওয়ায় এ বিষয়ে সরকারের সম্মতি জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ইসলামী ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সাবেক মালিকপক্ষ যাতে নতুন শেয়ার কিনে আবার ব্যাংকটির ওপর প্রভাব বিস্তার করতে না পারে, সে লক্ষ্যেই সরকারের কাছে বিনিয়োগ চাওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, নতুন শেয়ার বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হলে সাবেক মালিকপক্ষ সেগুলো কিনে নেয়ার সুযোগ পাবে। সরকারের বিনিয়োগে ব্যাংকের মূলধন ঘাটতি কমবে এবং নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত মূলধন সংরক্ষণের শর্ত পূরণে সহায়তা হবে। একই সাথে নতুন শেয়ার ইস্যুর ফলে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মালিকানার অনুপাত আরো কমে আসবে। তিনি আরো বলেন, ভবিষ্যতে ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি এবং পুনরুদ্ধার কার্যক্রম সফল হলে সরকার এসব শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে পারবে।
অন্যদিকে ব্যাংকটির একজন শীর্ষস্থানীয় সাবেক নির্বাহী বলেছেন, নতুন প্রস্তাব বাস্তবায়ন করা হলে ব্যাংকটির দীর্ঘমেয়াদি উন্নয়ন ঘটবে না। কারণ এতে ব্যাংকটির সাবেক লুটেরা মালিকদের হাতে যে পুঞ্জীভূত খেলাপি ঋণ রয়েছে তা ব্যাংকের তহবিলে ফিরে আসবে না। ফলে ব্যাংকটির খেলাপি ও অকার্যকর তহবিল পরিস্থিতির কোনো উন্নতি হবে না। এর পরিবর্তে এস আলমের অবরুদ্ধ শেয়ার বেসরকারি খাতে বিক্রি করে সে অর্থ খেলাপি ঋণের সাথে সমন্বয় করে ব্যাংককে দেয়া হলে একদিকে খেলাপি ঋণের হার কমবে অন্যদিকে লাভ-ক্ষতির ব্যালান্সশিটে উন্নয়ন ঘটবে। এটি গ্রাহকদের আস্থা তৈরিতে সহায়তা করবে। ব্যাংকের জন্য এটি নতুন প্রস্তাবের চেয়ে বেশি ফলপ্রসূ হতে পারে।
সরকারি মালিকানার প্রস্তাবে আহসান এইচ মনসুরের আপত্তি
ইসলামী ব্যাংকে সরকারের সংখ্যাগরিষ্ঠ মালিকানা প্রতিষ্ঠার প্রস্তাবের সমালোচনা করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। তার মতে, ব্যাংকটির সঙ্কট সমাধানে সরকারি মালিকানা বাড়ানো সঠিক পথ নয়। তিনি বলেন, বিশ্বে বিভিন্ন দেশের সরকার ব্যাংক খাত থেকে নিজেদের মালিকানা প্রত্যাহার করছে। অথচ বাংলাদেশ যাচ্ছে উল্টো পথে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বর্তমান অবস্থা থেকেই সরকারি মালিকানার অদক্ষতা স্পষ্ট। তিনি বলেন, কোনো ব্যাংক সরকার অধিগ্রহণ করলেই তার অবস্থার উন্নতি হয় না। ইসলামী ব্যাংকের সংখ্যাগরিষ্ঠ মালিকানা সরকারের হাতে গেলে প্রতিষ্ঠানটির যে সুনাম এখনো অবশিষ্ট রয়েছে সেটিও ক্ষতিগ্রস্ত হতে পারে। আহসান এইচ মনসুর আশঙ্কা প্রকাশ করেন, ছয় হাজার কোটি টাকার সরকারি বিনিয়োগ কয়েক বছরের মধ্যেই অপচয় হয়ে যেতে পারে। এরপর ব্যাংকটিকে টিকিয়ে রাখতে সরকারকে আবারো অর্থ দিতে হতে পারে।
বিকল্প হিসেবে তিনি ব্যাংকটির সাবেক বিদেশী শেয়ারহোল্ডারদের বিনিয়োগ ফিরিয়ে আনা কিংবা নতুন বিদেশী বিনিয়োগকারী আকৃষ্ট করার পরামর্শ দিয়েছেন। অতীতে ইসলামী ব্যাংকের বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি), দুবাই ইসলামিক ব্যাংক এবং কুয়েত ফাইন্যান্স হাউজ ছিল। পাশাপাশি দেশীয় বেসরকারি খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও বিনিয়োগ সংগ্রহের পরামর্শ দিয়েছেন তিনি। তবে এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার কঠোর তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সাবেক এই গভর্নর।
অন্যদিকে, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. ফাহমিদা খাতুন মনে করেন, প্রস্তাবটি অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করা দরকার। তিনি বলেন, বিনিয়োগের আগে ব্যাংকটির প্রকৃত মূলধন পরিস্থিতি ও সম্পদের গুণগত মান (অ্যাসেট কোয়ালিটি) যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। একই সাথে ব্যাংকটির আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার এবং তা ধরে রাখতে বাংলাদেশ ব্যাংককে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
মালিকানা নিয়ে রাজনৈতিক পালাবদল ও আদালতের নিষেধাজ্ঞা
ইসলামী ব্যাংকের মালিকানা ও পরিচালনা পর্ষদে গত দুই দশকে একাধিকবার পরিবর্তন এসেছে। প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটির উদ্যোগ ও পরিচালনায় জামায়াতে ইসলামীর সমর্থকদের প্রভাব ছিল। তখন ব্যাংকটির বিকাশ ও পরিচালনায় পেশাদারিত্বের প্রতিফলন ছিল বলে মনে করা হয়। পরে আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাবেক মালিকদের শেয়ার হস্তান্তরে বাধ্য করে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। তখন থেকে ব্যাংকটির পরিচালনা, জনবল নিয়োগ-পদোন্নতি ও ঋণ মঞ্জুর ব্যবস্থাপনায় স্বেচ্ছাচারিতার সৃষ্টি হয়। আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ ও এর সাথে সংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠান ব্যাংকটির ১৩১ কোটি ৩৫ লাখ থেকে ১৩১ কোটি ৮৯ লাখ শেয়ার অধিগ্রহণ করে। ব্যাংকটির মোট শেয়ারের ৮১ দশমিক ৫৯ থেকে ৮১ দশমিক ৯২ শতাংশ ছিল এসব প্রতিষ্ঠানের মালিকানায়। আদালতের আদেশে বর্তমানে এসব শেয়ার জব্দ রয়েছে। অবশিষ্ট ১৮ দশমিক ০৮ থেকে ১৮ দশমিক ৪১ শতাংশ শেয়ার সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
বিগত অন্তর্বর্তী সরকারের সময় জামায়াত-সংশ্লিষ্ট সাবেক উদ্যোক্তাদের প্রভাব আবারো ব্যাংকটির পরিচালনা পর্ষদে ফিরে আসে। তবে ফেব্রুয়ারির নির্বাচনের পর ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগে বাধ্য হন। বর্তমানে বাংলাদেশ ব্যাংক নিয়োজিত প্রশাসক পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করছেন।
লোকসান, খেলাপি ঋণ ও বিপুল প্রভিশন ঘাটতি
ইসলামী ব্যাংকের আর্থিক সঙ্কট ক্রমেই গভীর হচ্ছে। লোকসান, খেলাপি ঋণ এবং বিপুল অঙ্কের প্রভিশন ঘাটতির মধ্যেই সরকারের কাছে ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ চাইল ব্যাংকটি। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে তিন হাজার ৩০৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটি ৭৯ কোটি টাকা মুনাফা করেছিল। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকেই লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৯৭৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য উদ্ধৃত করে ইসলামী ব্যাংকের প্রস্তাবে বলা হয়েছে, গত সেপ্টেম্বর শেষে ব্যাংকটির মোট ঋণের পরিমাণ ছিল এক লাখ ৮১ হাজার ৮৬০ কোটি টাকা। এর মধ্যে এক লাখ ৬০০ কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে। একই সময়ে ব্যাংকটির প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৮৫ হাজার ৮৮৬ কোটি টাকা।
এ পরিস্থিতিতে ছয় হাজার কোটি টাকার সরকারি বিনিয়োগ ব্যাংকটির মূলধন পরিস্থিতিতে কতটা পরিবর্তন আনতে পারবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, বিপুল খেলাপি ঋণ, আদায়-অযোগ্য সম্পদ ও প্রভিশন ঘাটতির বিপরীতে প্রস্তাবিত অর্থের পরিমাণ তুলনামূলকভাবে সীমিত। ফলে ইসলামী ব্যাংকের পুনর্গঠনে সরকারের মালিকানা বাড়ানোই সমাধান, নাকি বিদেশী ও দেশীয় বেসরকারি বিনিয়োগ, ঋণ পুনরুদ্ধার, দায় নির্ধারণ এবং সুশাসন প্রতিষ্ঠার সমন্বিত উদ্যোগ প্রয়োজন— সেই প্রশ্নই এখন সামনে এসেছে।
এর আগে ব্যাংকটি থেকে নামে বেনামে ঋণের নামে তহবিল লুটের জন্য দায়ী হিসাবে চিহ্নিত এস আলম গ্রুপের শেয়ার তাদের খেলাপি ঋণের বিপরীতে সমন্বয় করে ব্যাংকে প্রদানের মাধ্যমে তারল্য সঙ্কট দূর করার দাবি উঠলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এতে ব্যাংকটির তারল্য সঙ্কট ও লাভ-ক্ষতি পরিস্থিতি ক্রমেই নাজুক হয়ে পড়ছে। বিকল্প হিসাবে কেউ কেউ এস আলমের শেয়ার সাবেক মালিক যাদের কাছ থেকে জোর করে শেয়ার নিয়ে নেয়া হয়েছে তাদের অগ্রাধিকার দিয়ে বেসরকারি খাতে এসব শেয়ার ছেড়ে দেয়া উচিত বলে মতও ব্যক্ত করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








