
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের পদত্যাগে বড় ধরনের বিপদের মুখে পড়েছে ইসরাইলের প্রযুক্তি খাত। তার নেতৃত্বে দেশটিতে গড়ে ওঠা স্থানীয় গবেষণা ও উন্নয়ন কেন্দ্রগুলো এই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এবং ইসরাইলি অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছিল; তার বিদায়ে এখন এই প্রতিশ্রুতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ইসরাইলি প্রযুক্তির একজন জোরালো সমর্থক হুয়াংয়ের নেতৃত্বে দেশটিতে কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর রাজস্বের প্রধান চালিকাশক্তি হিসেবে এনভিডিয়ার অবস্থান আগামী বছরগুলোতে আরো বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছিল। কারণ চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি দেশটিতে বড় ধরনের সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল।
হুয়াংয়ের প্রস্থান এখন সেই প্রত্যাশাকে প্রশ্নের মুখে ফেলে দিলো।
তিন দশকেরও বেশি সময় দায়িত্ব পালনের পর ৬৩ বছর বয়সী এনভিডিয়ার এই সহ-প্রতিষ্ঠাতা বৃহস্পতিবার পদত্যাগ করেন। বিবাহিত হুয়াংয়ের সাথে একজন চীনা ব্যবসায়ী নারীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে এবং মার্কিন কর্তৃপক্ষ ওই নারীকে বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহ করছে—সাম্প্রতিক দিনগুলোতে এমন প্রতিবেদন প্রকাশের পর থেকে তার ওপর পদত্যাগের চাপ বাড়ছিল। এনভিডিয়া স্থায়ী উত্তরসূরি খুঁজে না পাওয়া পর্যন্ত চিফ ফিন্যান্সিয়াল অফিসার কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
হুয়াংয়ের এই প্রস্থান ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানিটিকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এর ফলে এনভিডিয়ার বিপুল নগদ অর্থ ক্লাউড প্রোভাইডার, সরবরাহকারী এবং ইসরাইলসহ শিল্পখাতের বড় বড় ল্যাবগুলোতে বিনিয়োগের মাধ্যমে তিনি যে এআই ইকোসিস্টেম গড়ে তুলেছিলেন, তা ব্যাহত হওয়ার ঝুঁকিতে পড়েছে।
যুক্তরাষ্ট্রের বাইরে ইসরাইলেই এনভিডিয়ার কার্যক্রম সবচেয়ে বড়। গত তিন বছরের যুদ্ধ সত্ত্বেও, উত্তরের ইয়োকনেয়াম থেকে শুরু করে মধ্যভাগের তেল আবিব, জেরুজালেম ও রা’আনানা এবং দক্ষিণের বিরশেবা পর্যন্ত সাতটি আরঅ্যান্ডডি কেন্দ্রে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে।
গত বছরের ডিসেম্বরে হুয়াং উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত তিভোনে ’কয়েক বিলিয়ন শেকেল’ ব্যয়ে একটি আরঅ্যান্ডডি ক্যাম্পাস গড়ে তোলার উচ্চাভিলাষী পরিকল্পনার নেতৃত্ব দেন। হাইফার বাইরের এই অঞ্চলে একটি টেক হাব তৈরির লক্ষ্যে নেওয়া এই প্রকল্পে প্রায় ১০,০০০ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা ছিল। ১,৬০,০০০ বর্গমিটারের এই টেক ক্যাম্পাসের নির্মাণকাজ ২০২৭ সালে শুরু হয়ে ২০৩১ সালে শেষ হওয়ার কথা রয়েছে, যা হবে দেশটিতে এনভিডিয়ার অষ্টম কেন্দ্র।
জনাকীর্ণ তেল আবিব অঞ্চলের (যা বর্তমানে দেশটির প্রধান হাই-টেক কেন্দ্র) বাইরে আরো বেশি প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টির অনুঘটক হিসেবে কিরিয়াত তিভোনে এনভিডিয়ার এই আরঅ্যান্ডডি কেন্দ্র স্থাপনকে দেখছিল ইসরাইল।
নেতৃত্ব এখন দোদুল্যমান অবস্থায় থাকায়, এনভিডিয়া সেই সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়ন করবে কি না এবং কর রাজস্বে বড় অবদান রাখা অব্যাহত রাখবে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। গত মাসে ব্যাংক অব ইসরাইল ২০২৬ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস জুলাইয়ের ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৬ শতাংশ করেছে। এই প্রবৃদ্ধির পেছনে এনভিডিয়ার নেতৃত্বাধীন উন্নত প্রযুক্তি পণ্য বিক্রি থেকে আসা বিপুল রাজস্বকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই প্রভাব বাদ দিলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৪ শতাংশ হতে পারে বলে প্রাক্কলন করা হয়েছে।
বিডিও কনসালটিং ফার্মের এআই ল্যাবের প্রধান তাল অ্যাস্পির বলেন, ‘নেতৃত্বের অনিশ্চয়তা স্বল্পমেয়াদে কিছুটা অস্থিরতা তৈরি করলেও ইসরাইলের সাথে এনভিডিয়ার মূল সম্পর্ক কাঠামোগতভাবে বেশ মজবুত। কারণ এখানকার স্থানীয় আরঅ্যান্ডডি কেন্দ্রগুলো কোম্পানিটির নেটওয়ার্কিং আর্কিটেকচারের অপরিহার্য ইঞ্জিনিয়ারিং মেরুদণ্ড হিসেবে কাজ করে, ফলে ভবিষ্যতের কোনো নেতৃত্বই এই ইঞ্জিনটিকে ব্যাহত করতে চাইবে না। স্বল্পমেয়াদে আসল ঝুঁকি হলো শেয়ার বাজারের অস্থিরতা, যা কর্মীদের ইক্যুইটি এবং রাষ্ট্রীয় কর আদায়ে প্রভাব ফেলবে; পাশাপাশি সিলিকন ভ্যালিতে ইসরাইলের অন্যতম সোচ্চার সমর্থককে হারানোও একটি বড় ক্ষতি।’
অ্যাস্পির আরো বলেন, ‘কিরিয়াত তিভোন ক্যাম্পাসের সময়সূচি ঠিক থাকে কি না সেটিই হবে প্রধান সূচক, তাই ইসরাইলের প্রযুক্তি খাতের উচিত বিষয়টি নিবিড়ভাবে লক্ষ্য রাখা।’
ইসরাইলকে এনভিডিয়ার "দ্বিতীয় ঘর" হিসেবে অভিহিত করা হুয়াং বছরের পর বছর ধরে কথা ও কাজের মাধ্যমে দেশটির প্রকৌশলীদের প্রতি তার প্রশংসা ও সমর্থন দেখিয়েছেন।
২০২৫ সালের অক্টোবরে এনভিডিয়ার কর্মী এবং হামাসের হাতে জিম্মি থাকা আভিনাতান ওরের মুক্তিকে স্বাগত জানিয়ে হুয়াং কোম্পানির কর্মীদের কাছে একটি আবেগঘন ইমেইল পাঠিয়েছিলেন। ওই বছরের শেষের দিকে তিনি ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় এনভিডিয়ার মার্কিন সদর দপ্তরে ওর এবং তার তৎকালীন প্রেমিকা উদ্ধারকৃত জিম্মি নোয়া আরগামানির সাথে সাক্ষাৎও করেন।
২০১৯ সালে ৭ বিলিয়ন ডলারে ইসরাইলি চিপ নির্মাতা কোম্পানি মেলানক্স টেকনোলজিস অধিগ্রহণে নেতৃত্ব দিয়েছিলেন হুয়াং। এ পদক্ষেপটি এআই মডেল পরিচালনার জন্য প্রয়োজনীয় উচ্চ-ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সিস্টেম সরবরাহের ক্ষেত্রে মার্কিন প্রতিষ্ঠানটিকে প্রতিযোগীদের চেয়ে এগিয়ে দিয়েছে।
ইসরাইলে এনভিডিয়ার আরঅ্যান্ডডি কেন্দ্রগুলোর প্রকৌশলীরা সেমিকন্ডাক্টর জায়ান্টটির পরবর্তী প্রজন্মের কম্পিউটিং প্ল্যাটফর্মের জন্য গুরুত্বপূর্ণ চিপ তৈরি করছেন, যার মধ্যে একটি এআই সুপারকম্পিউটারও রয়েছে যা চলতি বছরের শুরুর দিকে চালু হয়েছে।
এই সপ্তাহের শুরুর দিকে এক সম্মেলনে বক্তৃতাকালে এনভিডিয়ার চিফ টেকনোলজি অফিসার মাইকেল কাগ্যান এআই-তে প্রযুক্তিগত সক্ষমতা এবং স্টার্টআপগুলোর উর্বর স্থানীয় ইকোসিস্টেমের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র ও চীনের পর একটি প্রধান টেক হাব হিসেবে ইসরাইলের অবস্থানের প্রশংসা করেন।
ইসরাইলি নাগরিক কাগ্যান, যিনি পূর্বে মেলানক্স প্রতিষ্ঠা করেছিলেন, তিনি হুয়াংয়ের সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় রয়েছেন। এ ছাড়া অ্যাপলের হার্ডওয়্যার টেকনোলজিস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ইসরাইলি বংশোদ্ভূত জনি স্রোজিও এনভিডিয়ার হাল ধরার আরেকজন সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছেন।
কাগ্যান বলেন, ‘ইসরাইলে এমন সব কোম্পানি রয়েছে যারা অত্যন্ত জটিল চিপ ডিজাইনে বিশ্বের শীর্ষস্থানীয় এবং এআই নিরাপত্তা ও প্রয়োগের ক্ষেত্রে সক্রিয়। এনভিডিয়ার চিপগুলো হয় পুরোপুরিভাবে ইসরাইলে ডিজাইন করা হয়, নতুবা সেগুলোর উন্নয়নে ইসরাইলি দলগুলো যুক্ত থাকে।’
বৃহত্তম এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দেয়ার জন্য অপরিহার্য এনভিডিয়ার অনেক হাই-এন্ড প্রসেসর এবং নেটওয়ার্কিং চিপ ইসরাইলের আরঅ্যান্ডডি কেন্দ্রগুলোতে তৈরি করা হয়।
আরঅ্যান্ডডি কার্যক্রমের পাশাপাশি, গত এক দশকে এনভিডিয়া ইসরাইলে বেশ কয়েকটি বড় অধিগ্রহণ চুক্তি সম্পন্ন করেছে। ২০২৪ সালের ডিসেম্বরে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি আনুমানিক ৭০০ মিলিয়ন ডলারে ইসরাইলি এআই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট স্টার্টআপ 'রান:এআই' (Run:ai) কিনে নেয়।
কলেজ অব ম্যানেজমেন্ট অ্যাকাডেমিক স্টাডিজের স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিভাগের প্রধান গালি ইংবার বলেন, ’ইসরাইলি হাই-টেক খাত এবং স্থানীয় পুঁজিবাজারে এনভিডিয়ার বিশাল প্রভাব রয়েছে। যেহেতু ইসরাইলে এনভিডিয়ার আরঅ্যান্ডডি কার্যক্রম এবং অধিগ্রহণগুলো (যেমন মেলানক্স) স্থানীয় প্রযুক্তি শিল্পের স্থিতিশীলতা এবং মূলধন সংগ্রহের প্রধান স্তম্ভ হিসেবে কাজ করে, তাই প্রতিষ্ঠানটির মার্কিন নেতৃত্বে যেকোনো নির্বাহী ধাক্কা বা কৌশলগত পরিবর্তন তাৎক্ষণিকভাবে স্থানীয় বিনিয়োগকারীদের মনোভাব এবং এই চিপ জায়ান্টের ভ্যালু চেইনের সাথে সরাসরি যুক্ত কোম্পানিগুলোর পরিকল্পনার ওপর প্রভাব ফেলে।’
সূত্র : টাইমস অব ইসরাইল
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








