
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন ড. উসমা খান ও নরিন নিয়াজিকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। তবে তার আরেক বোন আলিমা খান এখনো কারাগারেই রয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পিটিআই-এর আইনি পরামর্শদাতা রানা মুদাসসার উমের এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, দীর্ঘায়িত আটকের আদেশ প্রত্যাহার করে নেয়ার পর তাদের মুক্তি দেয়া হয়েছে। গত সেপ্টেম্বর মাসে পাঞ্জাব ‘মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার’ (এমপিও) অধ্যাদেশের আওতায় তাদের বোন আলিমা খানের সাথে আটক হয়েছিলেন তারা।
নরিনের ছেলে ওয়ালি তাদের মুক্তির বিষয় নিশ্চিত করেছেন।
পিটিআই-এর আইনজীবী তৈমুর মালিক বলেন, ‘বেআইনি এমপিও আটকের আদেশ’ প্রত্যাহার করার পর এই দুই নারীকে মুক্তি দেয়া হয়েছে। এই এমপিও আদেশের আওতায় আটক হওয়া সবাইকে মুক্তি দেয়া উচিত।
এর আগে পিটিআই যখন ইসলামাবাদের দিকে প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল, তখন লাহোরের ডেপুটি কমিশনারের (ডিসি) আদেশে ইমরানের তিন বোন কারাবন্দী হন। শুরুতে তাদের ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেয়া হয়েছিল।
গত মাসে সেই ৩০ দিনের মেয়াদ শেষ হওয়ার পর, তাদের আটকের বিষয়টি লাহোর হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়। এরপর পাঞ্জাব সরকার আদালতকে জানায় যে, তাদের আটকের মেয়াদ আরো ৩০ দিন বাড়ানো হয়েছে।
সূত্র : ডন
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








